ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে পানি পড়ছে, দেয়াল থেকে বেরিয়ে এসেছে রড


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে পানি পড়ছে, দেয়াল থেকে বেরিয়ে এসেছে রড

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনটি ৪ একর জমির উপর অবস্থিত। ভবনটির জরাজীর্ণ অবস্থা স্পষ্টভাবে দৃশ্যমান। বাইরের পলেস্তারা খসে পড়ছে, ভেতরে ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ছে এবং মেঝে সবসময় স্যাঁতসেঁতে থাকে। পিলার ও বিমে ফাটল দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও মরিচা ধরা লোহার রড বেরিয়ে এসেছে।

এই হাসপাতালটি বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন এলাকার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ইতোমধ্যে হাসপাতালের অর্ধেকেরও বেশি স্থান পরিত্যক্ত ঘোষণা করেছে। রোগীর চাপ এবং বিকল্প চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা নিচ্ছেন। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। পুরুষ, মহিলা ও গাইনি- তিনটি ওয়ার্ডের কোথাও শুকনো মেঝে নেই। ছাদের পানি ধরার জন্য বালতি রাখা হয়েছে। রোগীর বেডের পাশে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আছে।

আরও পড়ুন: কক্সবাজারে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ও ডাকসুর ভিপির আগমন

গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, "দুই দিন ধরে এখানে ভর্তি আছি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে কখন যেন ছাদ ভেঙে পড়বে।" তার সাথে থাকা নাতি আতঙ্কে রয়েছে।

পাশের বেডে থাকা এক রোগীর স্বজন মন্তব্য করেন, "এটা কি হাসপাতাল না ভূতের বাড়ি? সরকারি হাসপাতাল বলে এসেছি, কিন্তু এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে।"

এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ডিউটি করি। মাথার উপর পানি পড়ছে, দেয়াল থেকে রড বের হয়ে আছে। কখন কি হয় বলা যায় না। আমরা নিজেরাও ঝুঁকিতে আছি।"

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে ৪ একর জমির উপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। শুরু থেকেই চিকিৎসক সংকট ছিল। ১৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও তখন ছিলেন মাত্র ৭ জন।

আরও পড়ুন: জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক এখন বৈদেশিক বাণিজ্যের ‘কাঁচা সোনা’

২০০৬ সালের প্রথম দিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে শয্যা বাড়লেও সেবার মান বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালে ৩৮ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৯ জন। অর্থাৎ ৭৬% চিকিৎসকের পদ শূন্য। নার্স, টেকনিশিয়ান ও কর্মচারী সংকটও প্রকট।

এই ৯ জন ডাক্তার দিয়েই দৈনিক বহির্বিভাগে ২০০-৩০০ রোগী এবং অন্তঃবিভাগে ১২০ থেকে ১৩০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণেরও বেশি রোগী গাদাগাদি করে ভর্তি থাকছেন মেঝেতে, বারান্দায় বা চলাচলের পথে।

মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় ২ লাখ মানুষের জন্য এটি একমাত্র সরকারি হাসপাতাল। মোংলা ছাড়াও সুন্দরবন সংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকেও রোগীরা এখানে চিকিৎসার জন্য আসেন। বন্দর এলাকা হওয়ায় শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসা এই হাসপাতালের উপর নির্ভর করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা খারাপ হতে শুরু করে। লবণাক্ত আবহাওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি দ্রুত নষ্ট হতে থাকে। তিনটি ওয়ার্ড থেকেই পানি পড়া শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ৮ থেকে ১০ বার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল দফতরে লিখিতভাবে জানিয়েছে।

আরও পড়ুন: লাকসামে ট্রাফিক পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল আটক

সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই চিঠি দিয়ে জানালে গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর তারা হাসপাতালের একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেন।

কিন্তু পরিত্যক্ত ঘোষণা করলেই তো সমাধান হয় না। নতুন ভবন না থাকায় এবং রোগীর অত্যাধিক চাপে সেই পরিত্যক্ত ঘোষিত ওয়ার্ডেই বাধ্য হয়ে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

বর্তমানে ডাক্তার, নার্স, রোগী, রোগীর স্বজনসহ পথচারীরা সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। যে কোনো সময় ছাদের বড় একটি অংশ ধসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিন বলেন, "আমরা চরম ঝুঁকির মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা বারবার জানিয়েছি। নতুন ভবন নির্মাণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবনের অনুমোদন প্রয়োজন এবং এর প্রতিকারের প্রত্যাশা করছি।"

আরও পড়ুন: ঘোষণায় প্যাকিং মেশিন, এলো আস্ত সিগারেট কারখানা

এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনা করে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করে নতুন, আধুনিক ও ঝুঁকিমুক্ত ভবন নির্মাণ করা হোক। অন্যথায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হবে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%