০৬:২৭ পি.এম
ব্রিল এমবোলো কী বিপাকে পড়েছিলেন তা সম্ভবত আমাদের সকলের জানা উচিত! রেঁনের এই ফুটবলার সুইসদের মধ্যে বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তা তো হওয়ারই কথা! তিনি দলের পঞ্চম অধিনায়ক। তার ৮৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং স্কোয়াডের মধ্যে তিনি চতুর্থ সর্বোচ্চ অভিজ্ঞ ফুটবলার। আর গোলের ক্ষেত্রেও অবিস্মরণীয়। ২৬ সদস্যের স্কোয়াডে তার নামের পাশে সর্বোচ্চ ২৪টি গোল রয়েছে। অথচ, বিশ্বকাপে তার খেলার বিষয়টি অনিশ্চয়তায় পড়েছিল।
যুক্তরাষ্ট্র এমবোলোর ভিসা দিচ্ছিল না। সুইস বিশ্বকাপ দল গত ২ জুন জুরিখ থেকে লস অ্যাঞ্জেলেসে উড়াল দিলেও এমবোলো যেতে পারেননি। যুক্তরাষ্ট্র তার ভ্রমণ অনুমোদন নথি (ইএসটিএ) পর্যালোচনার অধীনে রেখেছিল। ইএসটিএ (ইলেকট্রোনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন) হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতা নির্ধারণ করে।
এমবোলো এই বিপাকে পড়েন ২০১৮ সালের একটি ঘটনার কারণে। ওই সময় বাসেলে একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি সুইস আদালতের রায় সম্প্রতি চূড়ান্ত হয়েছে। ২০২৩ সালে, তিনি হুমকি দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হন এবং স্থগিত জরিমানার শাস্তি পান, যা আপিলেও বহাল থাকে। সুইস গণমাধ্যম জানায়, তিনি ফেডারেল কোর্টে আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় রায়টি চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
যুক্তরাষ্ট্র এ বিষয়টি পর্যালোচনা করে অবশেষে এমবোলোর ভিসা প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল ফেডারেশন। এমবোলোর শুক্রবার বিকেলে স্যান দিয়েগোয় পৌঁছানোর কথা। সুইজারল্যান্ড এখানে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।
সুইস ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা মাত্রই জানতে পেরেছি যে ব্রিল এমবোলোর ভিসা অনুমোদিত হয়েছে। তার যুক্তরাষ্ট্রে ভ্রমণে আর কোনো বাধা নেই। শুক্রবার সন্ধ্যায় সে দলের সঙ্গে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।’
সুইজারল্যান্ড এবারের বিশ্বকাপে বি গ্রুপে রয়েছে। তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে, ১৯ জুন দ্বিতীয় ম্যাচ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ২৪ জুন তারা শেষ ম্যাচটি খেলবে কানাডার বিপক্ষে।
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন