০৫:১৯ পি.এম
ইসলামিক ফাউন্ডেশন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জ্ঞাপন করেছে।
আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাম ব্যবহার করে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নজরে আসে এবং এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে তারা জানায়। এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়।
এতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে একটি শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: টানা ৫মবার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন