ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২


মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : গতকাল রোববার মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সংঘটিত একটি ট্রেন দুর্ঘটনায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সাতজন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ান শহরগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়, যার ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত ১১২ জনকে গিজা এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন আঘাত ও ক্ষত রয়েছে। কিছু আহতের হাত-পা এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এছাড়া, কেউ কেউ মাথায় এবং বুকে আঘাত পেয়েছেন।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে দণ্ডিত সার্ভেয়ার ফের ভোলার এলএ শাখায়, জনমনে ক্ষোভ

মন্ত্রণালয় আরও জানায়, চিকিৎসা শেষে ৪৫ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আরও সাতজনকে পরে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হতে পারে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

৩১ বছর বয়সী আবদেল ওয়াহেদ মোহাম্মদ জানান, আসওয়ানগামী ট্রেনটি আগে থেকেই থেমে ছিল। এ সময় ফাইয়ুমগামী ট্রেনটি পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, ‘দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি উল্টে যায়। ছয়টি বগি উল্টে পড়েছিল।’ হতাহতদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিরাও ছিলেন, যাদের মাথায় আঘাত এবং হাত-পা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল।

আরও পড়ুন: সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

২৫ বছর বয়সী আহমেদ মুসা জানান, উদ্ধারকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য উল্টে যাওয়া একটি বগির নিচের অংশ খুঁড়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তিনি বলেন, ‘বগির ভেতরে মানুষ একে অপরের ওপর স্তূপ হয়ে পড়ে ছিলেন।’ নিহতদের মধ্যে দুজন নারীকে দেখেছেন বলেও জানান তিনি।

৪৩ বছর বয়সী তাহা আবদেল তাওয়াব বলেন, ‘আমি এক তরুণকে ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখেছি। তার কোলে ছিল মৃত বাবার মরদেহ।’

এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে রেললাইনের ওপর এবং আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি যাত্রীবাহী বগি দেখতে পান। একটি বগি রেললাইনের পাশের উঁচু বাঁধের কাছে কাত হয়ে পড়ে ছিল। অন্য একটি বগি সংঘর্ষের প্রচণ্ড আঘাতে দুমড়েমুচড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে বগির ভেতরের বাঁকানো লোহার অংশ, ভাঙা আসন এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।

ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ

আরও পড়ুন: জার্মান কোম্পানির বিরুদ্ধে পাকিস্তানি কৃষকদের বন্যার ক্ষতিপূরণ আদায়ে দীর্ঘ লড়াই

উদ্ধারকর্মীরা ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উল্টে যাওয়া বগিগুলো সোজা করার চেষ্টা করেন। অন্যদিকে, অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল ঘিরে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা জড়ো হন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলতে থাকায় তারা সেখানে ভিড় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রেদা কামেল লাবিব জানান, নিহত ব্যক্তিদের একজন পাশের গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়েছে।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় পথচারীরা মিলে মরদেহ বহনের কালো রঙের একটি ব্যাগে এক ব্যক্তির মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, আল-আয়াত এলাকা মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার জন্যও পরিচিত। ২০০২ সালে কায়রোর দক্ষিণে ছুটিতে ভ্রমণকারীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। ২০০৯ সালেও একই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

মিসরের প্রায় ১১ কোটি মানুষের যাতায়াতের ক্ষেত্রে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকার অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেশটির রেলব্যবস্থায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

গত এক দশকে মিসর সরকার পরিবহন অবকাঠামোর উন্নয়নে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে নতুন মহাসড়ক নির্মাণ এবং দ্রুতগতির রেলপথ চালুর উদ্যোগও রয়েছে। তবে দেশটির পুরোনো রেল নেটওয়ার্কের বড় একটি অংশ এখনো আধুনিকায়নের আওতায় আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ক্যাসিনো সম্রাট রুবেল মিয়ার বিপুল সম্পদের তথ্য প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে শরীয়তপুর জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে মিজানুর-রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


চবিতে শরীয়তপুর জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে মিজানুর-রাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পদ্মা)’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনের ১ নম্বর গ্যালারিতে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। নতুন কমিটি ঘোষণা করার পাশাপাশি অনুষ্ঠানে নবীনবরণ, শিক্ষার্থী সংবর্ধনা, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এ সময় শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন কুমিল্লা পল্লী বিদ্যৎ সমিতি-১-এর জুনিয়র অফিসার (হিসাব) জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মো. নিলয় তালুকদার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লার চান্দিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ও শনিবার (৬ ও ৭ নভেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন রেদোয়ান (৪২), মাইজখার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আলী হোসেন (৪৭), কেরনখাল ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিজুর রহমান (৪৭), চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (৪২), এবং এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য ওমর ফারুক (৫৫)।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলা এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ভারতে টাকায় মিলছে ‘ভাড়াটে’ নাতি-নাতনি

ভারতে বয়স্ক মানুষের একাকীত্ব দূর করার উদ্দেশ্যে নতুন ধরনের ব্যবসার উদ্ভব ঘটছে। প্রবীণদের জন্য সময় ব্যয় করা, গল্প করা, হাসপাতাল নিয়ে যাওয়া কিংবা মন্দির ও পার্কে ঘুরতে যাওয়ার জন্য ভাড়াটে নাতি-নাতনি পাওয়া যাচ্ছে অর্থের বিনিময়ে। দেশের বিভিন্ন শহরে এই ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু মানুষ এই কর্মীদের ‘ভাড়াটে সন্তান’ হিসেবে অভিহিত করছেন, আবার কেউ ‘ভাড়াটে নাতি-নাতনি’ বলছেন। যেসব প্রবীণ একাকিত্বের শিকার, তাদের সঙ্গ দেওয়া এই প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য।

ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গুরুগ্রামের বাসিন্দা এস বুধিরাজার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ফলে, স্ত্রীকে নিয়ে বাজারে কিংবা বাইরে যেতে হলে ২৬ বছর বয়সী রনি রাজু তার পাশে থাকেন। বুধিরাজা দম্পতির কাছে তিনি ভাড়াটে নাতির মতো।

সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী রাজু একটি প্রতিষ্ঠানের হয়ে গত কয়েক মাস ধরে তাদের দেখাশোনা করছেন। বুধিরাজা জানান, প্রথম সাক্ষাতেই রাজুর সঙ্গে তার স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল। তিনি রাজুকে একজন এমন ব্যক্তি হিসেবে দেখেন যে তার মনের কথা বোঝেন।

রাজুও বুধিরাজা দম্পতিকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করেন। তার ভাষায়, তারা তাকে শুধু সেবাদানকারী হিসেবে নয়, বরং নিজেদের সন্তানের মতো দেখেন।

সময় যতো গড়িয়েছে, সম্পর্কটি ততোই গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজা হাসপাতালে ভর্তি হলে রাজু চিকিৎসক ও ওষুধের খোঁজখবর রেখেছেন। কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

রাজুর নিয়োগকর্তা গৌরব মিত্তাল জানান, অনেক গ্রাহক তাদের কর্মীদের নিজেদের নাতি-নাতনির মতো আপন করে নেন। তার প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সেবা নিতে ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার প্যাকেজে ঘণ্টাপ্রতি ৪০০ রুপি দিতে হয়। অব্যবহৃত সময় পরের মাসে ব্যবহারের সুযোগও রয়েছে।

ভারতে মাথাপিছু গড় বার্ষিক আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি। সেই তুলনায়, এই সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ।

মিত্তাল জানান, নিজের পরিবার থেকেই এই ব্যবসার ধারণা পেয়েছিলেন তিনি। চার বছর আগে বাবার মৃত্যুর পর তার মাকে নিজের কাছে নিয়ে আসতে হয়েছিল। মা সামাজিকভাবে মিশুক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হলেও কোথাও যেতে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো। সেখান থেকেই প্রবীণদের সঙ্গ দেওয়ার প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা আসে তার।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ভারত বার্ধক্যবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশটির মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশ ৬০ বছরের বেশি বয়সী ছিলেন। ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে। তখন ভারতে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় ৩৪ কোটি ৭০ লাখ হতে পারে।

ভারত সরকার দেশটির প্রবীণদের সেবাসংশ্লিষ্ট বাজারের আকার প্রায় ৭ বিলিয়ন ডলার বলে অনুমান করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন নতুন প্রতিষ্ঠান এগিয়ে আসছে।

২০১৭ সালের এক প্রতিবেদনে প্রবীণদের সঙ্গ দেওয়ার সেবা চালু করা অন্তত পাঁচটি নতুন প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছিল। ২০২২ সালে প্রয়াত রতন টাটাও মুম্বাইভিত্তিক এমন একটি নতুন প্রতিষ্ঠানের প্রচারে যুক্ত হয়েছিলেন।

এসব প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া কর্মীদের কাজে যোগ দেওয়ার আগে পুলিশের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। এককভাবে দায়িত্ব পালনের আগে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ শেখেন তারা। তাদের অনেকের মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৩ সালের প্রতিবেদন বলছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে শিশুর তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি হবে। এরই মধ্যে দেশটির বিপুলসংখ্যক বয়স্ক মানুষ একাকিত্বে ভুগছেন।

২০২২ সালে ৭২ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত ভারতের এক জাতীয় জরিপে দেখা যায়, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতায় ভুগছেন। আর ১৩ দশমিক ৩ শতাংশের নিঃসঙ্গতা গুরুতর পর্যায়ের। একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৭ শতাংশ নিঃসঙ্গ বোধ করার কথা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। এ সমস্যার সঙ্গে বছরে প্রায় ৮ লাখ ৭১ হাজার মৃত্যুর সম্পর্ক রয়েছে।

হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের স্বজনেরা সাধারণত চিকিৎসা বা বাজারে যাওয়ার মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু বয়স্ক ব্যক্তিদের সবচেয়ে বড় চাহিদা অনেক সময়ই অন্য কিছু— তাদের সঙ্গে কথা বলার মতো একজন মানুষ।

তিনি জানান, অনেক প্রবীণ অসুস্থতার কথা বলে কর্মী ডেকে আনেন। কিন্তু গিয়ে দেখা যায়, শারীরিক কোনো সমস্যা নেই। তারা মূলত কারও সঙ্গে বসে এক ঘণ্টা গল্প করতে চান।

প্রতিষ্ঠানটির কর্মী বিনয় কুমার বলেন, প্রবীণদের সঙ্গে সময় কাটানোই তাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেউ তাদের সঙ্গে তাস বা ঘরোয়া খেলা খেলতে চান, কেউ সিনেমা দেখতে কিংবা মন্দির ও পার্কে যেতে চান।

কখনো কখনো পরিবারের সদস্যদের চেয়ে অপরিচিত কারও কাছে মনের কথা বলা সহজ মনে করেন প্রবীণরা। কারণ, তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশা কিংবা পুরোনো কোনো জটিলতা থাকে না।

কর্মীদের সঙ্গে প্রবীণদের সম্পর্ক অনেক সময় পেশাগত সীমা ছাড়িয়ে যায়। হায়দরাবাদের এক প্রবীণ ব্যক্তি প্রথমদিকে ভাষাগত সমস্যার কারণে বিনয় কুমারকে বাড়িতে ঢুকতে দিতে চাইতেন না। পরে তার গাড়ি চালানো শেখার খরচ দেন এবং পরিচিতদের কাছে তাকে নিজের সৌভাগ্যে পাওয়া ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। ২০২৩ সালে ওই ব্যক্তির মৃত্যু হলে তার ছেলে বিনয়কে বাবার শেষকৃত্যেও অংশ নিতে অনুরোধ করেন।

তবে এ ধরনের কাজে পেশাগত সীমারেখা বজায় রাখার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গীরা প্রবীণদের সহযোগিতা করবেন, কিন্তু চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প হতে পারবেন না।

নয়াদিল্লির কাছাকাছি জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিলপা বন্দ্যোপাধ্যায় মনে করেন, প্রবীণদের জন্য অর্থের বিনিময়ে সঙ্গী নিয়োগ করাকে পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়।

তার মতে, প্রবীণদের প্রয়োজন শুধু খাবার, বাসস্থান, চিকিৎসা কিংবা শারীরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের কথা শোনা, অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং সামাজিকভাবে যুক্ত রাখাও জরুরি।

গুরুগ্রামের বুধিরাজার কাছে ফিরে আসেন রাজু। তাকে প্রশ্ন করা হয়, কোনো দিন রাজু কাজে না এলে তার কেমন লাগবে? উত্তরে বুধিরাজা বলেন, কেন আসেননি তা জেনে তাকে আসার ব্যবস্থা করবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনও বাড়তে থাকে। আর তার এখন রাজুকে প্রয়োজন।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন

দেশের আকাশপথে যাত্রী পরিবহন এবং সুসংহত সেবা বজায় রাখার স্বীকৃতি হিসেবে টানা একাধিক বছরের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স আবারও ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই সম্মাননা প্রদান করেছে ভ্রমণ বিষয়ক দেশের অন্যতম পাক্ষিক সাময়িকী ‘দি বাংলাদেশ মনিটর’।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক সংসদ সদস্য নাসের রহমান ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পদক তুলে দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিমান ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্সের পাশাপাশি ইউএস-বাংলা আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস এবং বেস্ট রিজিয়নাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা।

পুরস্কার প্রাপ্তির সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ অতিথিদের নিকট থেকে এসব পদক গ্রহণ করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, "এ স্বীকৃতি যাত্রীদের অব্যাহত আস্থারই ফল। এই ধরনের অর্জন ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে আরও উন্নত সেবা দিতে অনুপ্রাণিত ও প্রতিজ্ঞাবদ্ধ করবে।"

এটি উল্লেখযোগ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আগে ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%