০৩:৪৫ পি.এম
দেশের সকল মহানগর ও গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
সভাকক্ষে যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার জন্য এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলার মাঠ সৃষ্টি ও তা সংরক্ষণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এই সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সকল জেলায় ও উপজেলায় তথ্য-উপাত্ত সম্বলিত খালি মাঠের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। তিনি জানান, আগামী ৩০ জুন তারিখের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এই তালিকা প্রেরণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করেন।
আরও পড়ুন: হুইপ দুলুর দাবি, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান
প্রতিমন্ত্রী বলেন, "আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে খেলার মাঠ প্রস্তুতির কাজ শুরু করব। তরুণ যুবকদের খেলার সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না জড়িয়ে সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।"
আজকের এই সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজররুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এনডিসি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম সভায় অংশ নেন।
সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের জন্য খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহ্বান: ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন