মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৯ পি.এম
লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে সাম্প্রতিক হামলার ফলে দেশটির বিভক্ত রাজনৈতিক অঙ্গনের দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২২ নভেম্বর) রাতে বেনগাজি উপকূলে রুশ নৌবাহিনীর কর্ভেট জাহাজ 'মার্কুরি'তে ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও বিভক্তির পর লিবিয়াকে ঐক্যবদ্ধ করার যে নাজুক প্রচেষ্টা চলছে, এই প্রকাশ্য সামরিক হামলা তা বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির উভয় পক্ষের কর্মকর্তারা।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের হাতে ভাগ হয়ে আছে। পশ্চিমাঞ্চলীয় শহর ত্রিপোলিতে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি' (জিএনইউ), যার নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা। অন্যদিকে পূর্বাঞ্চলীয় বেনগাজিতে সক্রিয় রয়েছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন প্রশাসন ও তার অনুগত বাহিনী।
লিবিয়ায় রাশিয়া ও ইউক্রেনের উপস্থিতি : হাফতার দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। অভিযোগ রয়েছে, মস্কো হাফতারের বাহিনীকে অস্ত্র, ভাড়াটে যোদ্ধা ও কূটনৈতিক সহায়তা দিয়ে পূর্বাঞ্চলে তার অবস্থান সুসংহত করতে সাহায্য করেছে। বিনিময়ে লিবিয়ার বন্দর, বিমানবন্দর, রসদ সরবরাহ ও স্থলপথ ব্যবহার করে সাহেল ও মধ্য আফ্রিকায় নিজেদের সামরিক ও কৌশলগত উপস্থিতি ধরে রেখেছে রাশিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ভূমধ্যসাগর ও আফ্রিকায় রাশিয়ার লজিস্টিক হাব হিসেবে পূর্ব লিবিয়ার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল সিকিউরিটির নন-রেসিডেন্ট ফেলো রুসলান ট্রাদ। বর্তমানে লিবিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ 'আফ্রিকা কর্পস'-সহ প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৮০০ রুশ সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
অন্যদিকে, রাশিয়ার প্রভাবের ভারসাম্য রাখতে ত্রিপোলির জিএনইউ প্রশাসন তুরস্কের পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানানো একমাত্র আরব দেশ ছিল লিবিয়া। পরবর্তীতে জিএনইউ বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি তৈরি হয়। যদিও সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে রুশ-সংশ্লিষ্ট জাহাজে একাধিক হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে মস্কো অভিযোগ করে আসছিল, তবে বেনগাজির হামলার দায় স্বীকারের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো এ বিষয়ে সরাসরি অবস্থান স্পষ্ট করেছে।
ঐক্য প্রক্রিয়া ও সামনের শঙ্কা : ২০২৫ সাল থেকে লিবিয়ার বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা যায়। গত এপ্রিলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো লিবিয়ায় অভিন্ন জাতীয় বাজেট পাস হয়। এরপর ৩০ আগস্ট জাতিসংঘের মধ্যস্থতায় একক নির্বাহী কর্তৃপক্ষের অধীনে আগামী ২৪ মাসের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনে সম্মত হয় দুই পক্ষ।
দোহাভিত্তিক সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো স্যামসন মিল্টন মনে করেন, এই কাঠামোটি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সমাধানের সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি করেছে এবং কেবল বেনগাজির হামলাতেই এই আলোচনা ভেস্তে যাবে বলে তিনি মনে করেন না। লিবীয় রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ওসামা কুব্বারও মনে করেন, এটি ইউক্রেনের স্বতন্ত্র পদক্ষেপ হলে পুনরেকত্রীকরণ প্রক্রিয়ায় বড় ধরনের ব্যাঘাত নাও ঘটতে পারে।
তবে বিশ্লেষকদের বড় অংশ সতর্ক করেছেন, এই ঘটনায় রাশিয়া ও হাফতার পরিবার উভয়ই পাল্টা প্রতিক্রিয়া বা প্রতিশোধ নেওয়ার চাপে পড়বে। জাতিসংঘের চুক্তির আওতায় গঠিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য মুসা আল-কোনি এই হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলারসহ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ত্রিপোলি ও বেনগাজি—উভয় প্রশাসনই জানিয়েছেন, তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে লিবিয়ার উপকূলে টেনে আনতে চায় না। ফলে লিবিয়ায় ইউক্রেনের উপস্থিতি ও কর্মকাণ্ডের পরিসর ভবিষ্যতে সংকুচিত হওয়ার চাপ বাড়তে পারে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য চাপ দেয়ার কারণে ১৩ বছর বয়সি এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার প্রেমিক আকিবুলকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে আকিবুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তাগাছা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানা যায়, আকিবুলের সঙ্গে ওই কিশোরীর দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরী আকিবুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যায় আকিবুল। গল্প করতে করতে তারা দুজন বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে যায়। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে কিশোরী জাকিয়া আকিবুলকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। এরপর কিশোরীর ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আকিবুল। হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দিয়ে সে বাড়ি চলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘শুরুতে কিশোরী হত্যার কোনো ক্লু (যোগসূত্র) মিলছিল না। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য আসে। সোমবার আকিবুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মহারাষ্ট্রে রাজ্যের মন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা নিতেশ রানে পবিত্র কোরআন এবং মাদরাসা সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। তার এই মন্তব্যে সামাজিক অস্থিরতা এবং উসকানির আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের আহ্বান জানান।
জানা যায়, সম্প্রতি মহারাষ্ট্রের কুরলা এলাকার একটি পাবলিক পার্কে ১২ থেকে ১৫ বছর বয়সী আট কিশোরের বিরুদ্ধে এক তরুণ-তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুভেনাইল জাস্টিস বোর্ড অভিযুক্ত কিশোরদের আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে বিজেপি নেতা নিতেশ রানে ইসলাম ও মাদরাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে রানে দাবি করেন, মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের কেবল হিন্দুদের ঘৃণা করতে, ধর্মান্তরিত করতে এবং হত্যা করতে শেখানো হয়। তিনি এমনকি দাবি করেন যে, এসব শিক্ষা পবিত্র কোরআন থেকে নেওয়া হয়। রানে বলেন, “সেখানে (মাদরাসায়) কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি হয় না। সেখানে শুধু হিন্দুদের কীভাবে হত্যা ও ধর্মান্তরিত করতে হয়, তা-ই শেখানো হয়। মাদরাসায় কোনো ভালো শিক্ষা দেওয়া হয় না।”
মুসলিমদের ভয়ভীতি দেখিয়ে বিজেপি মন্ত্রী হুমকি দেন যে, মহারাষ্ট্রের ‘হিন্দুত্ববাদী সরকারের’ অধীনে কেউ হিন্দুদের প্রতি অসৎ উদ্দেশ্য পোষণ করলে পুলিশ এমন ব্যবস্থা নেবে যাতে তাদের ‘পা কাঁপতে শুরু করবে’। তিনি হিন্দুদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন কেবল স্বধর্মীদের সাথেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন এবং নিজ সম্প্রদায়ের মধ্যে জমি-সম্পত্তি কেনাবেচা করেন। মুসলিমদের প্রতি অবমাননাকর ও উসকানিমূলক রূপক ব্যবহার করে রানে বলেন, “সাপকে দুধ খাওয়ানোর বদলে আমাদের ‘হিন্দু রাষ্ট্র’ শক্তিশালী করার কাজে মন দিতে হবে... আমরা দুধ খাওয়ানো বন্ধ করলেই ওরা না খেয়ে মরবে।”
এদিকে, বিজেপি মন্ত্রীর সাম্প্রদায়িক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র শচীন সাওয়ান্ত বলেন, বিজেপি বরাবরের মতোই সাধারণ অপরাধকে সাম্প্রদায়িক রূপ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। অপরাধপ্রবণতার কোনো ধর্ম হয় না উল্লেখ করে তিনি অপরাধীদের চিহ্নিত করার ক্ষেত্রে ক্ষমতাসীনদের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেন।
কুরলার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি দাবি করে শচীন সাওয়ান্ত আরও বলেন, বেছে বেছে নির্দিষ্ট কিছু ঘটনাকে ধর্মীয় রং দেওয়া আসলে নোংরা রাজনৈতিক মেরুকরণেরই অংশ। মহারাষ্ট্রের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে তিনি অপরাধীর ধর্মীয় পরিচয় না খুঁজে মূল অপরাধ দমনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয়, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের জন্য এডহক কমিটির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কমিটির বর্তমান মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এ বর্ধিত মেয়াদ কার্যকর থাকবে। বর্ধিত সময়ে এডহক কমিটির সভাপতিরা নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করার সুযোগ পাবেন।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে সই করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শেষ হওয়ার পথে রয়েছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে ছয় মাস বাড়ানো হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া আদেশের অনুলিপি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ ২২ জন সাংবাদিক পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম-এ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নগদ লিমিটেড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এই আয়োজনের ব্যবস্থা করেছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এছাড়া নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিগত এক বছরে প্রকাশিত ও প্রচারিত রিপোর্টের মধ্যে থেকে সেরা ২২টি প্রতিবেদনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেছে দশ সদস্যের জুরিবোর্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউ এবং নগদকে ধন্যবাদ। সাংবাদিকেরা "অনেস্ট ব্রোকার" হিসেবে মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাদের গঠনমূলক ও স্বাধীন ফিডব্যাক নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমি বিশ্বাস করি, নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ আগামী দিনে সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ বর্তমানে কোনো সরকারি সহায়তা ছাড়াই প্রায় ২ কোটি সক্রিয় গ্রাহককে সেবা প্রদান করছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ডিআরইউর সাথে কাজ করার পাশাপাশি সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নগদ সবসময় পাশে থাকবে।
এবারের প্রিন্ট ও অনলাইন পত্রিকা থেকে বিজয়ী সাংবাদিকদের মধ্যে রয়েছেন- ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।
আমন্ত্রিত অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী, জুরিবোর্ডের চেয়ারম্যান দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ লিমিটেড। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও কাজের স্বীকৃতি প্রদানে প্রতিষ্ঠানটি বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ