ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুশনার: নেতানিয়াহুর গাজা নীতিতে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে


কুশনার: নেতানিয়াহুর গাজা নীতিতে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জ্যারেড কুশনার মন্তব্য করেছেন যে, গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনীহার কারণে দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কুশনারের মতে, ইসরাইলের সামনে দুটি পথ রয়েছে—আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্পৃক্ত হওয়া অথবা বর্তমান অবস্থান ধরে রেখে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।

রোববার নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ইসরাইল আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত হতে পারে। তবে যদি তারা বর্তমান পথেই এগোতে থাকে, তাহলে ক্রমেই বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়বে।

সাক্ষাৎকারে কুশনার আরও জানান, গাজা যুদ্ধের অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ সফল হবে বলে নেতানিয়াহু বিশ্বাস করতেন না। কুশনার নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে বলেন, ‘বিবি (নেতানিয়াহু) মনে করেননি, আমরা এটা করতে পারব।’

আরও পড়ুন: কঙ্গোতে ইবোলায় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: রয়টার্স

কুশনার জানান, গত কয়েক মাস ধরে তিনি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা পুনর্গঠন পরিকল্পনা এগিয়ে নিতে রাজি করানোর চেষ্টা করেছেন। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রীর অনীহার কারণে পুরো প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে।

গাজা পুনর্গঠনের সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে। গাজা পুনর্গঠন নিয়ে ইসরাইলের অবস্থানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রিনবাম। তিনি গত সপ্তাহে সাংবাদিক নাদাভ আইয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহুর সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার কারণে পুনর্গঠন পরিকল্পনায় অগ্রগতি হচ্ছে না।

গ্রিনবাম মন্তব্য করেন, ‘নেতানিয়াহু সরকারের রাজনৈতিক ব্যক্তিদের কারণে আমরা অচলাবস্থায় রয়েছি।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের যে সমঝোতা হয়েছে, দেশটির কাছে শুধু সেই প্রতিশ্রুতিগুলোই রক্ষা করার প্রত্যাশা করা হচ্ছে। ট্রাম্পকে ইসরাইলের জন্য হোয়াইট হাউসের সবচেয়ে শক্তিশালী অংশীদারদের একজন বলেও উল্লেখ করেন তিনি।

গ্রিনবামের ভাষায়, ‘সুযোগের এই জানালা প্রতিদিনই আক্ষরিক অর্থে বন্ধ হয়ে আসছে।’ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ ক্রমেই কমে আসছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু তাজিকিস্তানের

গ্রিনবাম দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা ইসরাইলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে না। গাজা পুনর্গঠনের পরিকল্পনাটি হামাসের ওপর আস্থার ভিত্তিতে তৈরি হয়নি। বরং ফিলিস্তিনিদের কার্যক্রম এবং নির্দিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর এর সফলতা নির্ভর করছে।

এদিকে শীত ঘনিয়ে আসায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন গ্রিনবাম। তিনি বলেন, ‘গাজার দিকে একটি বিপর্যয়কর শীত এগিয়ে আসছে।’ এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিতে ইসরাইলের প্রতি অনুরোধ জানান তিনি।

৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে গ্রিনবাম বলেন, গোষ্ঠীটি পাইপ, কংক্রিট ও ভূগর্ভস্থ স্থাপনার মতো অবকাঠামো এবং সম্পদ বেসামরিক কাজে ব্যবহার না করে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তবে গাজার মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হামাস ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গ্রিনবামের মতে, গাজায় পণ্য ও সহায়তা প্রবেশের ওপর নিয়ন্ত্রণ থাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইসরাইলেরও দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ইসরাইল বিষয়টি পছন্দ করুক বা না করুক, ভূখণ্ডটিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে তাদের দায়িত্ব রয়েছে।

আরও পড়ুন: চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহে মৃত্যু ৫,২৫৮ জন

হামাসের সঙ্গে চুক্তি যেভাবে হয়েছিল

গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নিজেদের ভূমিকার কথাও তুলে ধরেছেন কুশনার। তিনি জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মিলে তাঁরা মিসরের শারম আল-শেখে হামাসের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। যদিও ইসরাইল এ উদ্যোগের বিরোধিতা করেছিল।

কুশনার বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি তুলেছিলেন তিনি। কিন্তু তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে উপহাসের মুখে পড়তে হয়েছিল।

আলোচনার সময় উইটকফ হামাসের একজন প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। ওই প্রতিনিধির তিন ছেলে ইসরাইলি হামলায় নিহত হয়েছিলেন। উইটকফ নিজেও মাদক সেবনের অতিমাত্রার কারণে তার ছেলেকে হারিয়েছিলেন। সন্তান হারানোর অভিজ্ঞতার মিল থেকেই তিনি হামাস প্রতিনিধির সঙ্গে আলোচনার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক তৈরির চেষ্টা করেন বলে জানান কুশনার।

আরও পড়ুন: জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশি দল ইউজিসি পরিচালিত বিডিরেন

শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়, যাতে হামাস সম্মত হয় এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি হয়।

ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে ট্রাম্পের প্রথম মেয়াদে সম্পাদিত আব্রাহাম চুক্তি নিয়েও কথা বলেন কুশনার। তার দাবি, এই চুক্তির কারণে ফিলিস্তিনিদের বিষয়টি আড়ালে পড়ে যায়নি। বরং অর্থনৈতিকভাবে ফিলিস্তিনিদের লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল।

কুশনার বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এমন সুযোগ তৈরি হতে পারে, যা সংঘাতের মধ্য দিয়ে সম্ভব নয়। তার ভাষায়, ‘অর্থনীতি এমন একটি ক্ষেত্র, যেখানে সবাই লাভবান হতে পারে। অন্যদিকে যুদ্ধের পরিণতি সবার জন্যই ক্ষতিকর।’

গাজা শান্তি পরিকল্পনা তৈরির সময় হোয়াইট হাউসে ট্রাম্প, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং নেতানিয়াহুর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথাও স্মরণ করেন কুশনার। তার দাবি, ওই বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ‘ফিলিস্তিনিরা যথেষ্ট ভুগেছে।’

আরও পড়ুন: তাজিকিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে

অর্থনৈতিক উন্নয়নকেন্দ্রিক গাজা পুনর্গঠন পরিকল্পনা গাজা পুনর্গঠন নিয়ে কুশনারের পরিকল্পনাটি শুরু থেকেই আলোচনায় ছিল। প্রচলিত কূটনৈতিক পরিকল্পনার পরিবর্তে এতে অনেকটা আবাসন ও পর্যটনকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পের ধারণা তুলে ধরা হয়।

পরিকল্পনায় গাজার ভূমধ্যসাগরীয় উপকূলকে পর্যটন ও আবাসনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এর আওতায় শরণার্থীশিবির ও ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর জায়গায় হোটেল, আবাসিক ভবন এবং পর্যটনকেন্দ্র নির্মাণের ধারণা রয়েছে।

কুশনার ও টনি ব্লেয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত বোর্ড অব পিস জরুরি পুনর্গঠনের জন্য ২৪৫ কোটি ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ অর্থ দিয়ে হাসপাতাল পুনর্বাসন, ধ্বংসস্তূপ অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বোর্ডটির আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প। বোর্ডের সদস্য হওয়ার জন্য এক বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে। এসব দেশের সার্বভৌম সম্পদ তহবিল কুশনারের ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠানেও অর্থ বিনিয়োগ করেছে। এ কারণে তার কূটনৈতিক দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

তবে কুশনার বরাবরই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হয়ে তার কাজের সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কোনো সম্পর্ক নেই।

ইরানের সঙ্গে যুদ্ধের আগের আলোচনায়ও ভূমিকা ছিল কুশনারের। সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগের আলোচনায় নিজের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন কুশনার।

তিনি বলেন, জেনেভায় অনুষ্ঠিত আলোচনার শেষ পর্বে তিনি ও উইটকফ অংশ নিয়েছিলেন। তাদের মূল্যায়ন ছিল, ইরানের পারমাণবিক প্রস্তাবে এমন কিছু ফাঁক রয়েছে, যার মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ ধরে রাখতে পারবে।

কুশনার বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন, ‘দেখুন, তারা কৌশল করছে।’ উইটকফও একই ধরনের মূল্যায়ন করেছিলেন বলে জানান তিনি।

এর কিছুদিন পরই ট্রাম্প সামরিক হামলার নির্দেশ দেন। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তে তিনি নিজে সমর্থন দিয়েছিলেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি কুশনার।

তিনি বলেন, অতীতে কী ঘটেছে, তা নতুন করে পরিবর্তন করা সম্ভব নয়। বরং সেখান থেকে শিক্ষা নিতে হবে। তার মতে, বেশ কিছু অর্জন হয়েছে এবং প্রেসিডেন্টের জন্য সর্বোত্তম চুক্তি প্রতিষ্ঠার চেষ্টা করাই তাদের দায়িত্ব।

সাবেক মার্কিন প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় কঠোর অবস্থান নেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তাদের দাবি, ইরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিয়ে কোনো চুক্তি করার পরিবর্তে সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল ইসরাইল। পরবর্তী সময়ে ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও অবস্থান নেয় দেশটি।

এদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রশাসনের মধ্যে হতাশা থাকলেও ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন কুশনার।

আলোচনায় ইরানের পুনর্গঠনের জন্য ৩০ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। উপসাগরীয় দেশগুলো এবং বেসরকারি বিনিয়োগকারীদের অর্থায়নে এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে।

ইরানের নেতৃত্ব এমন কোনো সমঝোতায় আগ্রহী কি না, যাতে উভয় পক্ষই লাভবান হতে পারে—এমন প্রশ্নের জবাবে কুশনার বলেন, ‘কিছুটা।’

সরকারি পদ না থাকলেও বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে কুশনার বলেন, উইটকফের মতো তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ বা কর্মী বাহিনী নেই। কুশনারের ভাষায়, ‘স্টিভ আনুষ্ঠানিকভাবে সরকারের কর্মচারী। তার নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। আর আমার কাছে মূলত একটি মুঠোফোন।’

তবে সরকারি দায়িত্ব পালনের জন্য আইনসম্মত নিয়োগ না থাকলেও তিনি সরকারের কাজ করছেন—এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্রাম্পের প্রতি নিজের আনুগত্যের কথাও তুলে ধরেন কুশনার। তিনি বলেন, প্রকাশ্যে কখনো ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। প্রয়োজনে এ জন্য ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতেও রাজি আছেন।

ট্রাম্পকে বিশেষ ধরনের রাজনীতিবিদ, নেতা, বস এবং শ্বশুর হিসেবে বর্ণনা করেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে একটি বৈঠকের অভিজ্ঞতাও তুলে ধরেন কুশনার। তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। পুতিন তাকে দাদাকে নিয়ে সংরক্ষিত কিছু পুরোনো নথি উপহার দেন।

কুশনারের মতে, এর মাধ্যমে পুতিন সূক্ষ্মভাবে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে কাজ করেছিল।

কুশনারের ব্যবসায় বিনিয়োগ নিয়ে প্রশ্ন

কুশনারের কূটনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার ব্যক্তিগত বিনিয়োগ ব্যবসা নিয়েও প্রশ্ন উঠেছে।

তার প্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স প্রায় ৬০০ কোটি ডলারের সম্পদ পরিচালনা করে। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল, যারা দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের বিনিয়োগকারীরাও এতে যুক্ত রয়েছেন।

প্রতিষ্ঠানটি ইসরাইলের একটি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। ওই প্রতিষ্ঠান আবার ইসরাইলি সামরিক বাহিনীকে গোলাবারুদ, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহকারী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থবিষয়ক কমিটির আগের এক তদন্তে বলা হয়েছিল, অ্যাফিনিটি পার্টনার্স ব্যবস্থাপনা ফি হিসেবে ১৫ কোটি ৭০ লাখ ডলার সংগ্রহ করেছে। তবে এ হিসাব নিয়ে আপত্তি জানিয়েছেন কুশনার।

সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে ইসরাইলের গোপন হিসাব এবং উপসাগরীয় শাসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। এসব কর্মকাণ্ডে নেতানিয়াহু উৎসাহ দিয়েছিলেন বলেও বইটিতে দাবি করা হয়েছে। তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন কুশনার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে নিজের ব্যক্তিগত আর্থিক স্বার্থ কখনো মেলাননি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কুশনারের সম্পর্কও কেবল কূটনৈতিক ও বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষাৎকার অনুযায়ী, তারা হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ করেন এবং অনলাইন গেম ‘লিগ অব লিজেন্ডস’ও একসঙ্গে খেলেছেন।

সৌদি আরব একদিকে কুশনারের প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ায় তাদের ব্যক্তিগত সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে।

কুশনারের ভূমিকা তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। দলটির জ্যেষ্ঠ নেতারা কুশনারের ব্যবসায়িক সম্পর্ক এবং ট্রাম্প প্রশাসনে তার ক্ষমতা ও প্রভাব নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সম্ভাব্য চেয়ারম্যান জেমি রাসকিন প্রশ্ন তুলেছেন, কুশনারের কূটনৈতিক কর্মকাণ্ড আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, নাকি ট্রাম্প পরিবারের আর্থিক স্বার্থকে এগিয়ে নিচ্ছে।

রাসকিন বলেন, ‘হয় তার বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হচ্ছে, নয়তো তিনি ট্রাম্প পরিবারের জন্য বিলিয়ন ডলারের অর্থ সংগ্রহকারী।’

কুশনারের বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ, তার বিনিয়োগ প্রতিষ্ঠানের অর্থায়ন এবং সরকারি পদে না থেকেও কূটনৈতিক দায়িত্ব পালনের আইনি ভিত্তি—এসব বিষয় তদন্তের আওতায় আসতে পারে।

তবে নৈতিকতা ও স্বার্থের সংঘাতসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কুশনার। তিনি বলেন, আইন ও নিয়ম সম্পর্কে তিনি জানেন এবং সেগুলো লঙ্ঘনের কাছাকাছিও যান না।

নেতানিয়াহুর সঙ্গে কুশনার পরিবারের পুরোনো সম্পর্ক। ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক বহু পুরোনো। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।

কুশনারের বাবা চার্লস কুশনার একজন আবাসন ব্যবসায়ী এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু। তিনি ইসরাইলপন্থী বিভিন্ন উদ্যোগেও বড় অঙ্কের অনুদান দিয়েছেন।

নিউ জার্সির লিভিংস্টনে শৈশব কাটানোর সময় থেকেই নেতানিয়াহুকে পরিবারের পরিচিত অতিথি হিসেবে দেখেছেন কুশনার। একবার যুক্তরাষ্ট্র সফরে এসে নেতানিয়াহু কুশনার পরিবারের বাড়িতে রাত কাটিয়েছিলেন। সে সময় নেতানিয়াহুকে নিজের শোবার ঘর ছেড়ে দিয়ে কুশনারকে বেসমেন্টে ঘুমাতে হয়েছিল।

বর্তমানে মায়ামির কাছে ইন্ডিয়ান ক্রিক নামের একটি অভিজাত দ্বীপ এলাকায় বসবাস করেন কুশনার। স্থানটি ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত। স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প ও তাদের তিন সন্তানকে নিয়ে ২৪ মিলিয়ন ডলারে কেনা একটি বাড়িতে থাকেন তিনি। তাদের প্রতিবেশীদের মধ্যে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

বাড়ির বাগানে ইহুদি ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন হিসেবে একটি সুক্কাহ রয়েছে। কুশনারের কার্যালয়ে ইসরাইলের একটি মানচিত্রও টাঙানো আছে। সেখানে ট্রাম্পের হাতে লেখা বার্তা রয়েছে—‘জ্যারেড, দারুণ কাজ।’

দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের সূত্র ধরে নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলেও এখন গাজা পুনর্গঠন ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে রাজি করানো কুশনারের জন্য কঠিন হয়ে উঠেছে।

গাজা পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এগিয়ে নিতে চান কুশনার। তবে নেতানিয়াহুর অনীহা এবং ইসরাইলের বর্তমান অবস্থান নিয়ে তার সতর্কবার্তা ওয়াশিংটনের পরিকল্পনা ও ইসরাইল সরকারের অবস্থানের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের বিষয়টি সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি ফুটবলে পরিবর্তনের পরিকল্পনা, রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সৌদি ফুটবলে পরিবর্তনের পরিকল্পনা, রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত

সৌদি প্রো লিগের দল গঠনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। নতুন এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে ঘরোয়া ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক তারকাদের আকৃষ্ট করা।

যদি প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হয়, তবে ক্লাবগুলোর বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা সৃষ্টি হবে। তবে এই পরিকল্পনার মধ্যে আল-নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০২৭-২৮ মৌসুম থেকে স্কোয়াড নিবন্ধনের নিয়মে পরিবর্তন আনার বিষয়টি সৌদি প্রো লিগ বিবেচনা করছে। দেশটির সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের সূত্রে জানা গেছে, বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সীমা বাড়ানোর বিষয়ে সৌদি ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে।

বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিটি ক্লাবের বিদেশি খেলোয়াড় নিবন্ধনের নির্দিষ্ট সীমা রয়েছে। নতুন প্রস্তাবে সেই সংখ্যা ১৪, ১৬ কিংবা ১৮ জনে উন্নীত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সর্বোচ্চ সীমা পুরোপুরি তুলে দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

তবে শেষের প্রস্তাবটি বাস্তবায়িত হলে ক্লাবগুলোর ওপর আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও কঠোর করা হতে পারে। এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবগুলোর মতামতও জানতে চাইছে ফেডারেশন।

বর্তমানে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের নিয়ম কী? ২০২৬-২৭ মৌসুমের নিয়ম অনুযায়ী, সৌদি প্রো লিগের ক্লাবগুলো ২৫ সদস্যের মূল স্কোয়াডে সর্বোচ্চ ১০ জন বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারে। তাদের মধ্যে আটজন সিনিয়র বিদেশি পেশাদার এবং দুজন অনূর্ধ্ব-২১ বয়সি খেলোয়াড়। এছাড়া সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন পেশাদার ফুটবলার নিবন্ধনের অতিরিক্ত সুযোগ রয়েছে।

ম্যাচের দিন লিগের নিয়মিত প্রতিযোগিতায় নিবন্ধিত বিদেশিদের মধ্যে সর্বোচ্চ আটজনকে স্কোয়াডে রাখার অনুমতি দেওয়া হয়। তবে কিংস কাপ ও সৌদি সুপার কাপে কিছুটা ভিন্ন নিয়ম কার্যকর। এসব প্রতিযোগিতায় নিবন্ধিত ১০ জন বিদেশি খেলোয়াড়কেই একাদশে রাখার সুযোগ রয়েছে।

নতুন প্রস্তাব কার্যকর হলে এই কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। এমনকি ক্লাবগুলো ভবিষ্যতে একাদশ সাজানোর ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়ের ওপর আরও বেশি নির্ভর করার সুযোগ পাবে।

বিদেশি খেলোয়াড়ের কোটা বাড়ানো হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে আল-নাসরের মতো বড় ক্লাবগুলো। আন্তর্জাতিক বাজার থেকে আরও বেশি তারকা ফুটবলার দলে নেওয়ার সুযোগ তৈরি হবে তাদের সামনে।

এতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে শক্তিশালী দল গঠনের পাশাপাশি জোয়াও ফেলিক্স ও সাদিও মানের মতো তারকাদের সঙ্গে আরও মানসম্পন্ন বিদেশি ফুটবলার যুক্ত করার পথ খুলতে পারে। তবে নতুন নিয়মের সঙ্গে কী ধরনের আর্থিক বিধিনিষেধ যুক্ত হবে, তার ওপরই নির্ভর করবে ক্লাবগুলো কতটা স্বাধীনভাবে দল সাজাতে পারবে।

সৌদি তরুণদের সুযোগ কমার শঙ্কা

বিদেশি ফুটবলার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়ে ভিন্নমতও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেলে সৌদি তরুণ ফুটবলারদের নিয়মিত খেলার সুযোগ সংকুচিত হতে পারে।

তবে দেশটির ফুটবল কর্তৃপক্ষ একাডেমির উন্নয়ন এবং স্থানীয় খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক তারকাদের আগমনের পাশাপাশি সৌদি ফুটবলের নিজস্ব প্রতিভা বিকাশের পথ খোলা রাখতে চায় তারা।

২০২৭ সালের পর কী হবে রোনালদোর?

সৌদি ফুটবলে সম্ভাব্য এই পরিবর্তন কার্যকর হতে পারে ২০২৭-২৮ মৌসুম থেকে। তবে সেই সময় পর্যন্ত আল-নাসরে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে রোনালদোর।

পর্তুগিজ মহাতারকার সঙ্গে আল-নাসরের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। ফলে চুক্তি অনুযায়ী তিনি ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারেন। কিন্তু এরপর তার ক্যারিয়ার কোন দিকে মোড় নেবে, তা এখনো নিশ্চিত নয়।

দীর্ঘদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা রোনালদোর অবসরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। ফলে সৌদি প্রো লিগ যখন নতুন কাঠামোয় নিজেদের এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সেই পরিবর্তনের পর্বে রোনালদো মাঠে থাকবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

বিদেশি খেলোয়াড় নিবন্ধনের নিয়মে সম্ভাব্য পরিবর্তন সৌদি ফুটবলের ভবিষ্যৎ দলবদল ও প্রতিযোগিতার চিত্র বদলে দিতে পারে। তবে নতুন নিয়মের বাস্তবায়ন এবং রোনালদোর ভবিষ্যৎ—দুটি বিষয়েই এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবিদ্বারে যুবদলের মশাল মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


দেবিদ্বারে যুবদলের মশাল মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

কুমিল্লার দেবিদ্বারে যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত এই মশাল মিছিলটি নিউমার্কেট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল। তিনি উল্লেখ করেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছি। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা যুবদল রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’

তিনি আরও বলেন, ‘দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’ বক্তারা সারাদেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

কর্মসূচিতে উপজেলা যুবদল নেতা আবুল বাশার, আসলাম সরকার, আতিকুর রহমান, বিল্লাল মেম্বার, যুবদল নেতা রেজাউল করিম সুমন, শরিফুল ইসলাম, মো. রুবেল, ফেরদৌস আহম্মেদ, রুস্তম সরকার, শাজু চৌধুরীসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারকদের সরকারি গাড়ি পূর্বানুমতি ছাড়া কর্মস্থলের বাইরে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বিচারকদের সরকারি গাড়ি পূর্বানুমতি ছাড়া কর্মস্থলের বাইরে নেওয়ার নির্দেশ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সরকার জেলা পর্যায়ের বিচারকদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া তাদের কর্মস্থল জেলার বাইরে নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান দ্বারা স্বাক্ষরিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, জেলা পর্যায়ের বিচারকদের বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সিলেটে মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।

গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে সম্প্রতি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মামুন ওই উপজেলার বাসিন্দা। তিনি গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নম্বর-০৪ (তারিখ: ২৯ আগস্ট ২০২৬)-এর মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘ সময় ধরে তিনি ওই মামলায় পলাতক ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুড়ল জানিয়েছেন, মানব পাচারের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%