০১:২১ এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পুলিশ একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে। গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও নারীদের পোশাক থ্রি-পিস।
সোমবার (১ জুন) সকালে উপজেলায় আগানগর এলাকায় ছাই রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়।
আরও পড়ুন: কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত
পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রবিবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড এলাকায় স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে কে বা কারা এই প্রাইভেট কারটি ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং গাড়িটির দরজা খুলে তল্লাশি করে। এসময় গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস।
রমজান আলী মিয়া বলেন, আমি ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে দেখি আমার বাড়ির পেছনে একটি অচেনা প্রাইভেট কার পড়ে রয়েছে। আমি আশপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করি, কিন্তু আমার এলাকাবাসী কেউ বলতে পারলে না। তাই আমি থানা পুলিশকে খবর দিই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি পড়ে রয়েছে। পরে আমি পুলিশ সদস্যদের নিয়ে গাড়ির ভেতরে তল্লাশি করি। এ সময় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান ও একটি থ্রি-পিস।
তিনি জানান, বিআরটিএ অফিসের মাধ্যমে গাড়ির নিবন্ধন নম্বর যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে, যেন কারা গাড়িটি সেখানে ফেলে গেছে তা উদ্ঘাটন করা যায়।
আরও পড়ুন: ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, গাড়িটির বিষয়ে যাচাই-বাছাই এবং তদন্ত চলছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন