০৭:২১ পি.এম
গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে, তাতে এ দেশের মানুষের সঙ্গে দলটির আর কোনো সম্পর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘আওয়ামী লীগ একটু শক্তি সঞ্চয় করে গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা করেছে, তা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাদের আচরণেই প্রমাণ হয়েছে, তারা কেমন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। থানা ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটিয়েছে তারা। এ দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা মানুষের হৃদয় থেকে উঠে গেছে।’
আরও পড়ুন: বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে মসজিদের ইমাম, মাদ্রাসার নাবালক শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। ১৭ বছর পর দেশের মানুষ তাদের জবাব দিয়েছে। সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু আবারও শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ একটি ক্ষতিকর শক্তি। এ দেশে তাদের জায়গা দেওয়া ঠিক হবে না।’
সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সহসভাপতি কে. এম. শহীদুল্লাহ, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং জেলা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন।
অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য গঠিত বিপিএইচসিডিএর ২১ সদস্যবিশিষ্ট মাদারীপুর জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোষ্টে আন্তজেলা কুখ্যাত ০৩ জন ডাকাত দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ সহ গ্রেফতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন