০৭:২৪ পি.এম
অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে পরাজিত করেছে নিকিল চৌধারির অলরাউন্ড নৈপুণ্য এবং শেষ মুহূর্তে জ্যাক এডওয়ার্ডসের দুর্দান্ত ক্যামিওর মাধ্যমে। ম্যাচের এক বল বাকি থাকতে রোমাঞ্চকর এই জয়টি অর্জিত হয়েছে।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকরা ১৮৮ রানের লক্ষ্যে তিন উইকেটের ব্যবধানে জয়লাভ করে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়া করে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
আরও পড়ুন: কুঁচকির চোটে মুশফিকের দক্ষিণ আফ্রিকা সফর শেষ
এই জয়ের মাধ্যমে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর হতাশা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের ঝড়ো ব্যাটিংয়ে সফরকারীরা ঘুরে দাঁড়ায়। মাত্র ২৮ বল খেলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন ব্রুক, যা টম ব্যান্টনের সঙ্গে দ্রুতগতির জুটি গড়ে ইংল্যান্ডকে ৯ উইকেটে ১৮৭ রানে পৌঁছে দেয়।
ইংল্যান্ডের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের প্রথম বলেই ফিল সল্টকে ফেরান জোয়েল ডেভিস। এরপর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের আঘাতে ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে ইংল্যান্ড।
স্বাগতিকদের বাজে ফিল্ডিং সেই চাপ কমিয়ে দেয়। একাধিকবার জীবন পেয়ে ব্রুক নির্মমভাবে শাস্তি দেন অস্ট্রেলিয়াকে। তার ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। অন্যদিকে, দুইবার জীবন পাওয়া ব্যান্টন ২২ বলে ৩৯ রান করেন, যার মধ্যে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।
আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ সালের কোপা আমেরিকার আসর
তৃতীয় উইকেটে মাত্র ৪১ বলে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন ব্রুক ও ব্যান্টন। তাদের ব্যাটে ইংল্যান্ডের ২০০ রানের আশা উজ্জ্বল হয়ে ওঠে।
তবে ওই জুটি ভাঙার পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায়। এরপর ইংল্যান্ডের আর কোনো জুটি ৩০ রানের বেশি যোগ করতে পারেনি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে বড় সংগ্রহের পথ রুদ্ধ করে দেয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার হয়ে নিকিল চৌধারি ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নেন। বাকি বোলাররা প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও অস্ট্রেলিয়া সহজ পথ পায়নি। জেক ফ্রেজার-ম্যাকগার্ক মাত্র ১ রান করে আউট হন। মিচেল মার্শ ৩২ বলে ৩৭ রান করলেও ইনিংস গড়ার দায়িত্ব অন্যদের ওপর পড়ে।
আরও পড়ুন: মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো
উইকেটরক্ষক-ব্যাটার স্যাম হারপার ৩২ রান করেন। এরপর ম্যাচের হাল ধরেন নিকিল চৌধারি। তিনি ৩৮ বলে দুর্দান্ত ৬৬ রান করে দলকে জয়লাভের পথে রাখেন। টিম ডেভিডও গুরুত্বপূর্ণ ২০ রান যোগ করেন।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ ওভারে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ রান, তখন ম্যাচের শেষের আগের বলে স্যাম কারানের বল অফ সাইড দিয়ে চার মেরে দলকে জয় এনে দেন জ্যাক এডওয়ার্ডস। তিনি মাত্র ১১ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এই জয় অস্ট্রেলিয়ার জন্য বাড়তি স্বস্তি এনে দিয়েছে। কারণ ২০১৮ সালের বল বিকৃতি (স্যান্ডপেপার) কেলেঙ্কারির নতুন করে আলোচনায় ফেরার মধ্যেই মাঠে ইতিবাচক ফল পেল দলটি।
এদিকে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার মাহলি বিয়ার্ডম্যান ও জাভিয়ের বার্টলেট। তারা যোগ দিয়েছেন চোটে থাকা নাথান এলিসের সঙ্গে। অন্যদিকে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বিশ্রামে রাখা হয়েছে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে।
আরও পড়ুন: এক মাস পর দলে ফিরছেন এভারটনের ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৮৭/৯ (সল্ট ০, ডোনাল্ড ১০, ব্রুক ৬৫, ব্যান্টন ৩৯, কারান ২১, জ্যাকস ৩, কক্স ২৭, ডসন ১৭, ওভারটন ২, রাশিদ ০*; ডেভিস ৩-০-২২-১, মেরেডিথ ৪-০-৪৯-১, এডওয়ার্ডস ৩-০-২৭-২, ডোয়ার্শিস ২-০-২৩-১, জ্যাম্পা ৪-০-৪৩-১, নিখিল ৪-০-২১-২)
অস্ট্রেলিয়া: ১৯.৫ ওভারে ১৯১/৭ (মার্শ ৩৭, ফ্রেজার-ম্যাকগার্ক ১, হার্পার ৩২, নিখিল ৬৬, ডেভিড ২০, শ ৫, দেভিস ১, এডওয়ার্স ২৫*, ডোয়ার্শিস ১*; ডসন ৪-০-৩০-১, ক্রোকম্বে ২.২-০-২০-১, ওভারটন ৩-০-৪৪-১, কারান ৩.৫-০-৩৭-১, জ্যাকস ২.৪-০-২৯-২, রাশিদ ৪-০-৩০-১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
আরও পড়ুন: বার্সেলোনাকে হুংকার দিয়ে রাখলেন সাবাহ কোচ ডাম্ব্রাউস্কাস
ম্যান অব দা ম্যাচ: নিখিল চৌধুরি
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন