০৭:২২ পি.এম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিবিএ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), আইন ও ফার্মেসি বিভাগের ১৬০ নবীন শিক্ষার্থী নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি জ্ঞান আহরণ, মুক্ত আলোচনা, মতবিনিময় ও নতুন চিন্তার বিকাশের উন্মুক্ত ক্ষেত্র।" তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যে বিষয়ে ভর্তি হয়েছে, সেই বিষয়ের বাইরেও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
তিনি বলেন, "শিক্ষার্থীদের আগামী চার বছর শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন ও পুরোনো জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে।" শিক্ষকেরা নতুন জ্ঞান আহরণ করবেন এবং শিক্ষার্থীদের সামনে তা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে নতুন জ্ঞান সৃষ্টি হবে, যা দেশ, সমাজ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে ইলা একাডেমির ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’
বিশ্ববিদ্যালয়ের স্বাধীন শিক্ষাব্যবস্থা সম্পর্কে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তবে এই স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।" তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম অত্যন্ত কঠোর। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।"
তিনি আরও বলেন, "ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নকলমুক্ত, ধূমপানমুক্ত, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা, সামাজিক কার্যক্রম ও অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হয়।" শিক্ষার্থীদের এসব কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গ্রন্থাগার, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ গ্রহণ করতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।" শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে হবে।
আরও পড়ুন: ড্যাফোডিলের আইএইউপি সম্মেলনে ১৩০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর
বক্তব্যের শেষাংশে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সনদধারী করে তুলতে চায় না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ, জাতি ও পরিবারের সেবা করবে।" ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় ধারণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসকেডি/ আরটিভি
আরও পড়ুন: খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন