০৫:৩৮ পি.এম
‘আমি গুলিবিদ্ধ হয়ে গেছি, আমাকে গুলি করে বাসার ভেতরে তালা মারার পর শুধু রেখে গেছে, দ্রুত বাঁচান!’ এমন একটি ফোন পেয়ে রাজশাহীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার ৩৪/১ নম্বর বাড়ির পাঁচতলায় অবস্থিত একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই ফ্ল্যাট থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, গুলি, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ ২১ ধরনের আলামত জব্দ করা হয়েছে।
গুলিবিদ্ধ ফয়সাল নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার মো. সেলিম শেখের ছেলে।
আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রোববার ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি আর্তস্বরে নিজের নাম ফয়সাল বলে সাহায্যের আবেদন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল সাখাওয়াত এবং ডেসপাচার হিসেবে এএসআই শহিদুল ইসলাম পুরো বিষয়টির মাঠপর্যায়ে সমন্বয় করেন।
খবর পেয়ে শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) মমতাজউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, রাজশাহী নগরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ ৪-৫ জন ব্যক্তি তালাবদ্ধ ওই রুম থেকে গুলিবিদ্ধ ফয়সালকে বের করার চেষ্টা করছেন। পরে উপস্থিত ওই ব্যক্তিদের সহায়তায় পুলিশ ভুক্তভোগী ফয়সালকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
পুলিশের ওই দল ঘরের বিছানার ওপর প্রাথমিকভাবে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়। পরবর্তী সময়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে সিআইডির ফরেনসিক টিমকে তলব করেন।
সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে এসে নিবিড় তল্লাশি চালায় এবং একটি আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা, গানপাউডার, চাকু, হ্যান্ড গ্রেনেড ও বিস্ফোরক তৈরির উপাদানসহ মোট ২১টি আলামত জব্দ করে।
আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা
এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন