শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২১ পি.এম
পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোট ১৭৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়, যাদের মধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা রানী বল।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের সফলতার জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ মো. হৃদয় আহমেদ, যিনি কালা (১৯) নামে পরিচিত, এমন একজন কর্মীকে গ্রেপ্তার করেছে, যিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
আকতার হোসেন ক্যান্টনমেন্ট থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে হৃদয় আহমেদকে গ্রেফতার করে। তিনি ক্যান্টনমেন্ট থানার যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
গ্রেপ্তার হওয়া হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলার এজাহারনামীয় আসামি।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকের চাপায় নিহত হয়েছেন আলম মোল্লা নামে এক যুবদল নেতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের পলাশ ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লা হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের মৃত হাশেম মোল্লার পুত্র ছিলেন। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, গভীর রাতে পলাশ ফিলিং স্টেশনের সামনে একটি বেপরোয়া গতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আলম মোল্লা সিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে তাঁর দেহ ও মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক নাঈমও আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আলম মোল্লা ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সিডস্টোর বাজারের পলাশ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এর ফলে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মোটরসাইকেল চালক নাঈমও আহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে চারটি জাহাজে করে এই সকল পর্যটক দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে ৫ নভেম্বর মৌসুমের প্রথম দিনে ৮২৭ জন এবং ৬ নভেম্বর ১ হাজার ৪৫০ জন পর্যটক সেন্টমার্টিনে গিয়েছিলেন।
শুক্রবার প্রথমবারের মতো পর্যটক পরিবহন শুরু করে এমভি মালঞ্চ। এদিন সকালে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফের পাশাপাশি মালঞ্চ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে। রাতে জাহাজগুলো কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজভিত্তিক যাত্রীসংখ্যার হিসাবে, ৮৫০ জন ধারণক্ষমতার এমভি বারো আউলিয়ায় গেছেন ৫৯৩ জন। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন এবং সমান ধারণক্ষমতার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন পর্যটক। অন্যদিকে ৬০০ আসনের এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন। সব মিলিয়ে একদিনে ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন।
এদিকে ৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি আধুনিক জাহাজ পর্যটক পরিবহনের জন্য বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। পাঁচটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ৩ হাজার ২৪৪ জন। যদিও দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াতের অনুমতি রয়েছে।
এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, "প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করে জাহাজটি যাত্রী পরিবহন শুরু করেছে। ইনশাআল্লাহ, মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।" তবে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে আগে টেকনাফ থেকে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাতায়াতের সুযোগ থাকলেও বর্তমানে কক্সবাজার থেকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে বলে জানিয়েছেন পর্যটকেরা।
এক পর্যটক জানান, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের সৌন্দর্য অনেক আগে থেকেই ভিডিওতে দেখেছেন। এবার প্রথমবারের মতো পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। দীর্ঘ সমুদ্র যাত্রা হলেও অভিজ্ঞতাটি তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। আরেক পর্যটক ওসমান আলী বলেন, "ছয়-সাত ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যেতে কিছুটা ক্লান্তি আসবে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফেরার সুযোগ ছিল। এখন সেই সুযোগ নেই, পাশাপাশী জাহাজভাড়াও কিছুটা বেশি। তারপরও ছুটি কাটাতে দ্বীপে যাচ্ছেন।"
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে যাত্রী বাড়ছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, "চলতি মাসে শুক্রবার ও শনিবার মোটামুটি ভালোসংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, আগামী মাসে প্রতিদিনই জাহাজের আসন পূর্ণ থাকবে। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে শুক্রবার চারটি জাহাজ যাত্রী পরিবহন করেছে। অন্য জাহাজটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।"
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুম মাত্র শুরু হওয়ায় এখনো পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। তবে ইতিবাচক দিক হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন।
এদিকে সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি মৌসুমে পর্যটকদের জন্য বেশ কিছু শর্ত ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি দ্বীপে ভ্রমণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় রাতের বেলায় সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ