১০:০৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তে গুজব ছড়িয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহ্বান জানিয়েছে। সীমান্তের স্পর্শকাতর পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য, ভিডিও বা ফেসবুক লাইভ প্রচার থেকে বিরত থাকার জন্যও বাহিনীটি অনুরোধ করেছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এই আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সিংগারবিল ইউনিয়নের কয়েকজন যুবক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। তবে স্থানীয়দের দাবি, ঐ পোস্টে উল্লেখিত ঘটনাগুলোর কোনো বাস্তবতা নেই। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
এই প্রসঙ্গে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নোয়াবাদী, নলগরিয়া, কাশিনগর ও কাসিমপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি প্রতিদিনের মতোই সতর্ক অবস্থায় রয়েছে। তবে কিছু অতিউৎসাহী টিকটকার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, সীমান্তে লাঠি-দা নিয়ে জড়ো হওয়া, ভিডিও ধারণ করা বা ফেসবুক লাইভ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে, বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা নজরে আসে, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন