ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা


প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ১২ বছর বয়সী শিশু নিশা। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত রুটিন চেকআপ ও ফলোআপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। চিকিৎসার পরবর্তী সময়ে শিশুটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি রুটিন পরীক্ষার খরচ বহন করে মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন স্মরণে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্যান্সার আক্রান্ত শিশু নিশার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার উদ্যোগে নিশার জীবনরক্ষাকারী চিকিৎসা শুরু হয়েছিল। ২০২৫ সালের ২৩ নভেম্বর নিশার চিকিৎসা ও এই মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নিশার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন টেস্টের প্রয়োজন হয়। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেই পরীক্ষার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। খবরটি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পরীক্ষার যাবতীয় খরচ বহনের ব্যবস্থা করেন।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রবিবার (৮ নভেম্বর) প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম।

সাহায্য পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে নিশার বাবা শ্রী নেপাল কুমার শীল বলেন, "অভাবের কারণে মেয়ের টেস্টগুলো করাতে পারছিলাম না। খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সকল খরচের ব্যবস্থা করে দেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।"

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলি এলাকার দরিদ্র নাপিত শ্রী নেপাল কুমার শীল ও তৃষ্ণা রাণী শীলের মেয়ে কুমারী নিশা রানী শীল। চার বছর বয়স থেকেই সে এই মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হয়। চরম অর্থনৈতিক অবস্থান মাঝেও মেয়ের জীবন বাঁচাতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার বাবা, যিনি নাপিতের কাজ করে কোনোরকম সংসার চালান। ১২ বছর বয়সী নিশা বর্তমানে কিচক নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান বলেন, "জাতীয় নির্বাচনের আগে নিশার চিকিৎসার সব ব্যয় বহন করেছিলেন প্রতিমন্ত্রী। বর্তমানে সে অনেকটাই সুস্থ। নিয়মিত চেকআপের জন্য অর্থ ও হাসপাতালের সিরিয়াল পেতে সমস্যার কথা জানালে প্রতিমন্ত্রী পরীক্ষার খরচ দেন এবং পিজি হাসপাতালে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা করেন।"

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের আগে নেওয়া সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় চিকিৎসা-পরবর্তী এমন সংকটকালেও শিশুটির পাশে প্রতিমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন সহায়তা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পরিচয়পত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পেশ করেছেন। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে সাক্ষাৎকালে তিনি পরিচয়পত্র পেশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবিনে লাউবারকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গণতন্ত্রকে শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা সরকারের অগ্রাধিকার। তিনি আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও মতবিনিময় করেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবিনে লাউবারকে বাংলাদেশের সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি সাবিনে লাউবারকে বাংলাদেশে দায়িত্ব পালনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

জবাবে সাবিনে লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি মানবাধিকার সুরক্ষা ও প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথা জানান। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরেন। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে সংস্থাটির মিশন প্রতিষ্ঠিত হয়। সাবিনে ম্যাগডালেনা লাউবার এই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ দুই নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বুড়িচং থানার পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল আহম্মেদ (৪৮)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন হলেন—বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে মো. জামাল খান (৪৬)। তিনি বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামি তোফাজ্জল আহমেদ ও জামাল হোসেনকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ৮ নভেম্বর রোববার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কুলিয়ারচর এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের যৌথ নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা ভেটেনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, বিআরডিবির চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. আজাহার উদ্দিন লিটন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার ও ফারজানা আক্তার সহ উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবি সমবায় সমিতি লি., শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.,আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শাপলা বহুমুখী সমবায় সমিতি লি., কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি., পল্লীবন্ধন শ্রমজীবি সমবায় সমিতি লি., কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি., অগ্রণী শ্রমজীবি সমবায় সমিতি লি. ও গ্রামীন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি সম্পাদকবৃন্দ। এসময় নারী সাংবাদিক ও উদ্যোক্তা ফারজানা আক্তারের হাতে সরকারের রাজস্ব পরিশোধিত শ্রেষ্ঠ সমিতির মধ্যে 'বস্ত্র উৎপাদনমূখী সমিতি'র সভাপতি হিসেবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ খুলছে পেপে চাষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ খুলছে পেপে চাষ

আব্দুর রাজ্জাক

কুষ্টিয়া, ৮ নভেম্বর, ২০২৬ : দেশের তামাকপ্রবণ এলাকা, বিশেষ করে উত্তরাঞ্চলসহ (রংপুর, লালমনিরহাট) পার্বত্য বান্দরবান, ঝিনাইদহ ও কুষ্টিয়ার তামাক চাষিদের সচেতন করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশবান্ধব ফসল চাষে উৎসাহিত করতে কৃষকদের কৃষি ঋণ এবং মোবাইল সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। কিছু কিছু অঞ্চলে তামাক চাষ বাদ দিয়ে লাভজনক মৌচাষের সফল উদাহরণও তৈরি হচ্ছে।

এই প্রেক্ষাপটে, বিষাক্ত তামাকের মায়াজাল থেকে বেরিয়ে লাভজনক পেঁপে চাষে সোনালী জীবনের সন্ধান পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাষিরা।

‘জীবন শেষ হয়ে যায় তামাক চাষ করতে গেলে’ জামিরুলের এই আফসোস এখন আর কুষ্টিয়ার কোনো চাষির মুখে শোনা যায় না। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় তামাকের উর্বর ভূমি আজ বিকল্প ফসলের সবুজ সমারোহে সজ্জিত হয়ে উঠেছে।

প্রতি বছর বোরো মৌসুমে দেশের উদ্ধৃত্ত খাদ্যসশ্য উৎপাদনের জন্য অত্যন্ত উর্বর ৩ ফসলি জমির জেলা কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর কৃষি জমিকে গ্রাস করে বিষবৃক্ষ তামাক চাষ। ফলে এ মৌসুমে প্রায় ২ লাখ মে.টন খাদ্যসশ্য উৎপাদন ব্যহত হয়, পাশাপাশি পরিবেশ, মাটি ও জনস্বাস্থ্য দুষণের যে আর্থিক ক্ষতি হয়, তা এ খাত থেকে প্রাপ্ত সরকারের রাজস্বের তুলনায় শতগুণ বেশি।

বিএটি’সহ ৬টি তামাক কোম্পানি নানা কায়দা কানুন করে প্রলোভনের জালে আটকে জেলার প্রায় ২৫ হাজার চাষিকে তামাক চাষে বাধ্য করে থাকে। ৬ দশক ধরে কোম্পানিগুলো তামাক চাষকে নগদে অধিক লাভের প্রলোভন দেখিয়ে চাষিদের মজ্জায় ঢুকিয়ে আচ্ছন্ন করে রেখেছে। অথচ তামাক চাষকে অলাভজনক, মাটি দুষণ ও স্বাস্থ্যহানির কারণ জেনেও চাষিরা আটকে আছে প্রলোভনের বৃত্তে। এই কারণে তামাক চাষের ঘূর্ণিপাক থেকে চাষিদের মুক্ত করে বিকল্প ও অধিক লাভের ফসল আবাদে সরকারের কৃষি বিভাগ নানা উদ্যোগের বাস্তবায়ন করে যাচ্ছে।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শসহ প্রয়োজনীয় আনুষাঙ্গিক প্রণোদনার মাধ্যমে উচ্চমূল্যের বিকল্প ফসল উৎপাদনে আগ্রহী করে তুলছে চাষিদের। এরই একটি সফল উদাহরণ সৃষ্টি করেছেন মিরপুর উপজেলার পেপে চাষি জামিরুল ইসলাম।

কৃষি বিভাগের হিসেব অনুযায়ী, পেপে, আদা চাষ, ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন পিঁয়াজ, তরমুজ ও ড্রাগনসহ নানা জাতের উচ্চমূল্যের বিকল্প ফসল উৎপাদন করে চাষিরা এক বিঘা জমিতে তামাক চাষ থেকে যে টাকা আয় করবেন, তার চেয়ে নূন্যতম চারগুণ বেশি নগদে আর্থিক লাভের উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন চাষিরা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের চাষি জামিরুল ইসলাম বাসসকে বলেন, ‘প্রায় ৬ মাস ধরে বাড়ির বউ ছাওয়াল পাল মিলে লাগাতার খাটাখাটনি কইরি, ৪০ তেকে ৫০ হাজার টাকা খরচ কইরি যে তামাক হয়, তা বেচি (বিক্রি) ৮০ হাজার থেকে ১ লাখ টেকা পাই। পরিবারের সবাই মিলে রাইত দিন তামাক পুড়াতি যাইয়ি ঘুম হয়না, তামাকের গ্যাসে রোগ বালাই লাগিই আছে, ওই সময় স্কুল কলেজে পড়া ছেলি মেয়েদের পড়ালেখা বাদ দিয়ে কাজ করতি হয়। জীবন শ্যাষ হয়ে যায় তামাক চাষ করতি গেলি।

তিনি আরও বলেন, কৃষি বিভাগের অফিসাররা আমাক বুল্লি টেলিং (ট্রেইনিং) লিতি। সেখান থেকি হাতে কলমে টেলিং লিয়ে উনাদের পরামর্শে পেপের বেছন (বীজ) লিয়ে এক বিঘি ভুঁইয়ে প্রায় সাড়ে ৪শ’ চারা লাগায়ছিলাম গত জানুয়ারি মাসে। এতে খরচ হয় ৬০ হাজার টাকা। নভেম্বরের ১ তারিখে (রোববার) প্রথম চালানে পেপে ভাঙিচি, প্রতি কেজি ১৫ টাকা কইরি এক লাখ ৭ হাজার টাকা বেচিছি। ব্যাপারীরা আমার বাগানে আইনি লিয়ে গেছে, আমার কোন খরচ নেই।

উপজেলার বলিদাপড়া গ্রামের অপর কৃষক মহিদুল ইসলাম জানান, ‘জীবন ভর আমরা চাষিরা যা করতি যায় তাতেই ঠকি, না জানার কারণে বুঝতে পারিনা কোনটা সঠিক। ক্ষতিকর, লোকসান এবং স্বাস্থ্যহানি জেনেও শুধুমাত্র একসাথে নগদ টাকা পাওয়া যায়, সে কারণে চাষিরা আটকে আছে তামাক চাষে। অথচ এই যে দ্যাখেন আমার ২৫ কাঠা জমিতে পেঁপে চাষ করেছি, ৬ মাসের মধ্যে আমার গাছের ফলনের দিকে তাকালে মন ভরি যায়। প্রতিটা গাছে এগুলি পেপে না, টাকা ধরে আছে। এখানে লুকোচুরির কিছু নেই ওপেন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কি পরিমাণ পেপে ধরেছে। এখন শুধু বলবো পেপে বেচার কথা।

তিনি বলেন, ব্যাপারীরা মাঠে এসে নিয়ে যাবে। অথচ গত বছর পর্যন্তও আমি নগদ টাকার জন্য তামাক চাষ করিছি যা একবারই টাকা পেয়েছি, কিন্তু আমার মাঠের এই পেপে বেচপো (বিক্রি) দুই বছর পর্যন্ত। এ সময় যে টাকার পেপে বেচপো তা তামাকের চেয়ে ৪ গুণ টাকা পাবো।

কুষ্টিয়া শহরের নিশান মোড়ের সবজি বিক্রেতা নিত্যরঞ্জন বলেন, ‘যত দিন যাচ্ছে মানুষের প্যাটের গ্যাষ্ট্রিকসহ নানা রোগ বেড়ে গেছে বলে পেপের চাহিদাও বেড়ে গেছে’। আমার দোকানেই প্রতিদিন প্রায় একমণ পেপে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করি।

মিরপুর উপজেলার মাঠকর্মী উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুল ইসলাম বাসসকে জানান, ‘উচ্চমূল্যের বিকল্প ফসল পেপে চাষের মধ্য দিয়ে অর্জিত অধিক মুনাফার সাফল্য দেখে ইতোমধ্যে অন্যান্য তামাক চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন পেপে চাষে। প্রশিক্ষণ ও নানাবিধ সরকারি প্রণোদনা এবং পরামর্শ দেয়ার পাশাপশি পেপেসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল আবাদে আগ্রহী করে তোলার মাধ্যমে বিষবৃক্ষ তামাক চাষ থেকে চাষিদের রক্ষা করা সম্ভব হবে’।

প্রকল্প পরিচালক রবিউল ইসলাম বাসসকে বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নানা কর্মযজ্ঞ হাতে নিয়েছে। সেগুলি মাঠ পর্যায়ে বাস্তবায়নে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%