০৮:০৮ পি.এম
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী কঠোরভাবে জানিয়েছেন যে, মাদকের নোংরা টাকায় পুলিশ কখনো হাত দেবে না। তিনি উল্লেখ করেছেন যে, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদকের রুট পুরোপুরি নির্মূল করার জন্য ওয়াদা করানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মীর আশরাফ আলী বলেন, "মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।"
আরও পড়ুন: ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
তিনি মন্তব্য করেন যে, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না এবং পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে বলেও তিনি উল্লেখ করেন। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
ডিআইজি বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন