০৮:১০ পি.এম
মিয়ানমারের বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক দমন-পীড়ন ও গণহত্যার অভিযোগে করা মামলার ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই মামলার রায় নির্ধারণ করবে, ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে কি না।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এই রায় ঘোষণা করা হবে। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়টি পড়ে শোনাবেন। বিচারক এই রায় দিয়ে নির্ধারণ করবেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না। আদালতের এই রায় চূড়ান্ত হবে এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে না।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে। এই মামলায় ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই অভিযানের ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
আরও পড়ুন: জাতিসংঘের আহ্বান: আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার
মামলার সূত্রপাত
২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অভিযান শুরু করে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী, ওই সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েক লাখ রোহিঙ্গা, যারা আগে থেকেই নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।
২০১৮ সালে জাতিসংঘের একটি তদন্ত মিশন জানায়, মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে। দেশটির দাবি, সামরিক অভিযান ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ।
কেন মামলা করল গাম্বিয়া?
আরও পড়ুন: ইরান কেন নির্মাণ করছে শত শত বাঁধ?
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের সমর্থনে মামলাটি দায়ের করা হয়।
গাম্বিয়া ও মিয়ানমার উভয়ই গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ। যদিও গাম্বিয়া ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত, তবে তাদের যুক্তি হলো, এই সনদে স্বাক্ষরকারী সব দেশেরই গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। অপরাধের ঘটনা কোথায় ঘটেছে, তা এ দায়িত্বের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
আইসিজে পরে গাম্বিয়ার মামলাটি করার ক্ষেত্রে অধিকার রয়েছে বলে স্বীকার করে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে, অন্যদিকে আইসিজে রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।
মিয়ানমারের বক্তব্য
আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়
এদিকে শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন বেসামরিক নেত্রী অং সান সু চি নিজেই হেগে আইসিজের সামনে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরেন।
সু চি বলেন, গাম্বিয়া সংঘাতের একটি অসম্পূর্ণ চিত্র আদালতের সামনে তুলে ধরেছে। তবে তিনি স্বীকার করেন, অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়ে থাকতে পারে। কিন্তু গণহত্যার উদ্দেশে হামলা চালানোর অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।
মিয়ানমারের দাবি, নিরাপত্তা বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাব দিচ্ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক কর্তৃপক্ষও মামলায় মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরতে থাকে।
গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার ঘটনা প্রমাণ করে, রোহিঙ্গাদের একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন: আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
আইসিজে এখন পর্যন্ত কী রায় দিয়েছে?
২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে তার সাধ্যের মধ্যে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই অভিযোগে উল্লিখিত অপরাধের প্রমাণ সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
এই অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক ছিল। তবে এতে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ করা হয়নি।
২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে দেন। এতে মামলাটির বিচার করার এখতিয়ার নিশ্চিত হয় এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ খুলে যায়। পরে কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১১টি দেশ গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপনের জন্য মামলায় হস্তক্ষেপ করে।
আরও পড়ুন: আগামীকাল ৬২ বছরে পদার্পণ করছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান
চূড়ান্ত শুনানিতে কী হয়েছিল?
২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মামলার মূল বিষয়গুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। উভয়পক্ষ তাদের আইনি যুক্তি উত্থাপন করবে। আদালত সাক্ষীদের বক্তব্য শোনার পাশাপাশি বিশেষজ্ঞদের দেওয়া প্রমাণ পর্যালোচনা করবে।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে ঘোষণা দেওয়ার আবেদন জানাবে। পাশাপাশি চলমান লঙ্ঘন বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা দেওয়ার দাবি জানাবে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে।
পরবর্তীতে ২৯ জানুয়ারি বিচারকরা রায় প্রস্তুতের জন্য আলোচনা শুরু করবে। পরে ৩ নভেম্বর আদালত রায় ঘোষণার তারিখ জানাবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, সমাবর্তনে আমন্ত্রণ
বিচারকরা কী নির্ধারণ করবেন?
মামলার মূল প্রশ্ন হলো, মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশে গণহত্যা সনদে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড সংঘটিত করেছে কি না।
গণহত্যার অভিযোগ প্রমাণ করতে শুধু ব্যাপক নৃশংসতা সংঘটিত হওয়ার প্রমাণ যথেষ্ট নয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়। এর মধ্যে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের দায়িত্বও বিচারকদের বিবেচনায় আসবে।
মিয়ানমারের বিরুদ্ধে রায় হলে, দেশটির আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। এর ফলে ক্ষতিপূরণসহ বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসতে পারে। আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।
রায়টি কেন এতো গুরুত্বপূর্ণ?
গণহত্যার মামলায় মূল বিচার শেষে আইসিজের এটি হবে মাত্র তৃতীয় রায়। এই রায়টি গণহত্যা সনদের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের বিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এদিকে গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পৃথক গণহত্যা মামলার ক্ষেত্রেও রায়ের প্রভাব পড়তে পারে। ইসরায়েল ওই অভিযোগ অস্বীকার করে আসছে।
হিউম্যান রাইটস ওয়াচ রায়টিকে রোহিঙ্গা বেঁচে থাকা ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি ৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে বললেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।’
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এ রায়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবাসন, ক্ষতিপূরণ কিংবা অপরাধীদের বিচারের নিশ্চয়তা তৈরি হবে না। তবে গাম্বিয়া মামলা করার প্রায় সাত বছর পর এ রায়ের মাধ্যমে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় সম্পর্কে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন