ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, সমাবর্তনে আমন্ত্রণ


রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, সমাবর্তনে আমন্ত্রণ

রাষ্ট্রপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এই সাক্ষাতের সময়, উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে, উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমানোর জন্য বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রকাশের দাবি এইচআরডিএসের

এছাড়া, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী জ্ঞানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ইসলামী জ্ঞানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক

বর্তমানে ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে এবং ইসলামের বিধান সম্পর্কে জানতে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নিচ্ছেন। তবে যন্ত্রের দেওয়া ধর্মীয় ব্যাখ্যা কতটা নির্ভরযোগ্য এবং কোনো যন্ত্র কি ফতোয়া দিতে পারে—এ নিয়ে মুসলিম বিশ্বে নতুন বিতর্কের সূচনা হয়েছে। সম্প্রতি ‘কাফ’ (Qaf) নামের একটি ইসলামিক এআই অ্যাপকে কেন্দ্র করে এই আলোচনা তীব্র হয়েছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এই বিতর্ক এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

‘কাফ’ অ্যাপটি ইসলাম সম্পর্কে জানা এবং ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যার উদ্বোধনী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অ্যাপটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট বিতর্কের সৃষ্টি করেছে। ওই পোস্টে বলা হয়েছে, কোনো আলেমের দেওয়া ভুল ফতোয়া অনুসরণ করলে সাধারণ মানুষের গুনাহ নাও হতে পারে, কিন্তু এআই-এর দেওয়া ফতোয়া অনুসরণ করলে তার দায় নিজেকেই নিতে হবে।

বিতর্কের প্রেক্ষাপটে অ্যাপটির প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ আব্দেল ফাত্তাহ স্পষ্ট করেছেন যে, অ্যাপটি ফতোয়া দেওয়ার জন্য তৈরি হয়নি; ফতোয়া দেওয়ার দায়িত্ব কেবল যোগ্য আলেমদের। তার মতে, ‘কাফ’ মূলত ইসলাম বিষয়ক গবেষণা ও তথ্য খুঁজে পাওয়ার একটি মাধ্যম।

ধর্মীয় বিষয়ে এআই-এর ব্যবহার নিয়ে আলেম ও বিশেষজ্ঞদের মতামতও এসেছে। মিশরের সাবেক ধর্মবিষয়ক উপমন্ত্রী সালেম আব্দেল গেলিল মনে করেন, যেসব আলেম বা ব্যক্তির আগে থেকেই ধর্মীয় জ্ঞান রয়েছে, তাদের গবেষণার কাজে এআই সহায়ক হতে পারে। তবে সাধারণ মানুষের ধর্মীয় বিধান বা ফতোয়া জানার ক্ষেত্রে এআই-এর ওপর নির্ভর করা উচিত নয়।

একইভাবে, আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবের পক্ষ থেকে মোহাম্মদ আল দুয়াইনি বলেন, যন্ত্রের পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব নয়। তবে তিনি এআই প্রযুক্তির উন্নয়নে ইসলামিক বিশ্বকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘এআই যুদ্ধ’ বা প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে উন্নত চিপ ও প্রযুক্তি রপ্তানিতে নানা বিধিনিষেধ রয়েছে। ফলে আরব ও মুসলিম দেশগুলো নিজস্ব এআই প্রযুক্তি তৈরির উদ্যোগে বাধার সম্মুখীন হচ্ছে।

এছাড়া, এআই-কে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের অভাব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামের রাশওয়ানির মতে, বড় বাণিজ্যিক এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত অনলাইন উপকরণের মধ্যে আরবি ভাষার অংশ অর্ধ শতাংশেরও কম। পাশাপাশি, আরব ও ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও জ্ঞান এখনো ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত না হওয়ায় এআই-এর মাধ্যমে সঠিক ধর্মীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ৬২ বছরে পদার্পণ করছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


আগামীকাল ৬২ বছরে পদার্পণ করছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : আগামীকাল ৬২ বছরে পদার্পণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিনি ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

তারেক রহমানের শৈশব কাটে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে, যেখানে তাঁর পিতার কঠোর শৃঙ্খলাবোধ ছিল প্রধান। তাঁর পরিবারে অনাড়ম্বর জীবনযাপনের মূলমন্ত্র ছিল। স্কুলে যাওয়ার বয়সে তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করা হয়, যা তখন ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল।

তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু করেন। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।

নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন অধ্যয়ন করেন। এসব মহান চিন্তাবিদের দর্শন রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য অনুধাবনে তাঁর জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে।

তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তাঁর মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাঁকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তাঁর মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তাঁর অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।

পরবর্তী সময়ে তিনি এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়।

তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এসব ঘটনা তাঁর মনোবল ভেঙে দিতে পারেনি। তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সব প্রতিবন্ধকতা চিরতরে দূর হবে।

দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন, যা গভীর স্বস্তি ও আনন্দের সৃষ্টি করে।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী।

মহৎ প্রত্যাশা ও আদর্শে সমৃদ্ধ তারেক রহমান এমন একটি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তাঁর বিনয়, সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ, দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না করা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন।

এ ধরনের চর্চা সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেয়। গত নয় মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রগতি অর্জন করেছে।

ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিপুল পরিমাণ ঋণের কারণে অতিরিক্ত পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মানও শক্তিশালী হয়েছে এবং গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষা খাতেও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন।

এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সেবা ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার ফলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যথাক্রমে দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপন করেছেন।

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্ত সরাসরি জিডিপি বৃদ্ধি বা মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা না রাখলেও রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্ক জোরদারে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা আবারও গতিশীল হতে শুরু করেছে। সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারির বিষয়গুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে।

প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ সংসদীয় ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়। এসব অগ্রগতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ এবং সরকারি প্রশাসন পরিচালনায় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

তারেক রহমান এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক তাঁর অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।

তাঁর স্বপ্নের মধ্যে আরও রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় প্রতিষ্ঠিত করা। সামগ্রিকভাবে এসব উদ্যোগ ও প্রত্যাশার মধ্য দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ, গণতান্ত্রিক জবাবদিহি এবং টেকসই জাতীয় উন্নয়নের প্রতি গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

‘গ্রামীণ ব্যাংক’, যা ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান, দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গত ১০ দিনের মধ্যে তাদের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। ওই চিঠিতে বিভিন্ন শাখায় সংঘটিত অগ্নিসংযোগ ও হামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে হামলার ফলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব হামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিল এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এছাড়াও, কয়েকটি অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্য নেই, প্রশ্ন রাশেদ খাঁনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্য নেই, প্রশ্ন রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন, কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নেই।

তিনি উল্লেখ করেন, "কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই।" তিনি বলেন, "তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।"

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন আরও বলেন, "আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না। এজন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই।" তিনি আবারও বলেন, "তলে তলে আপোষ হয়েছে একথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।"

তিনি আশা প্রকাশ করেন যে, জামায়াত এবং এনসিপি কোনো শর্ত না দিয়ে, শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। তিনি সতর্ক করে বলেন, "বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন। আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি।"

রাশেদ খাঁন বলেন, "আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে।"

তিনি দাবি করেন, "বিরোধীদল বা সরকারি দল, কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না।" প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শীর্ষ নেতৃবৃন্দকে এটি বুঝতে হবে এবং তাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। তিনি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান জানান এবং বলেন, "এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না। আপনারা আমাদের ভাই, একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%