আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি
১১:০৬ এম
গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই দুর্ভোগের সময়ে উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক উদ্যোগ নিয়ে সরাসরি মাঠে নেমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে শুরু করে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেখা গেছে ইউএনও আমজাদ হোসেন কোমরসমান পানিতে নেমে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। দুর্গম উড়িরচর ইউনিয়নের মানুষের জন্যও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইউএনও। এ ধরনের প্রশাসনিক উদ্যোগে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মাঝে। অনেকেই বলেছেন, “আমজাদ হোসেনের মতো মানবিক ইউএনও আগে কখনো দেখিনি।”
ইউএনও আমজাদ হোসেন বলেছেন, “উপজেলার সব ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। শুধু ত্রাণ বিতরণ নয়, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিমের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন আরও জানান, দুর্যোগ পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দায়িত্বশীল ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরাসরি মাঠে কাজ করে মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা করছেন।
এছাড়া দ্রুত সেবা পৌঁছে দিতে ও ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ইউএনও হটলাইন নম্বর চালু করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ।
তিনি আরও জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রতিনিয়ত সন্দ্বীপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। তিনি নিশ্চিত করছেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর যেন কোনো ঘাটতি না থাকে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দেওয়া যায়।
জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ১৫ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আগামী ১ আগস্ট থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।
এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে জারি করা এক নির্দেশনায় সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের পর জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ এবং আন্তঃসংস্থা সমন্বয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে এই টিকা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১৫ মাস বয়সী সব শিশুকে ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ টিসিভি প্রদান করা হবে।
একই সেশনে এমআর-২ (গজ-২) টিকার সঙ্গে এই টিকা একযোগে দেয়া যাবে।
মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত সেশনে টিকাদান নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া শিশুদের ভ্যাক্স : ইপিআই অ্যাপে নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা প্রদানের পর স্মার্ট হেলথ্ বিডি/ই ট্র্যাকার অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
উপজেলা পর্যায়ের সমন্বয় সভার মাধ্যমে জন্মনিবন্ধন সহজীকরণের ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে।
ভ্যাকসিন ব্যবস্থাপনায় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নিয়মিত কর্মসূচিতে ৫ ডোজের ভায়াল ব্যবহার করা হবে এবং ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে।
মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে, যাতে ভ্যাকসিনের অপচয় কমানো সম্ভব হয়।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম জোরদারের মাধ্যমে অভিভাবকদের মধ্যে টাইফয়েড টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ৪১টি মামলা করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য তুলে ধরেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল, ৩৩০ টাকা, এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর কালুখালীর দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন সোমবার (১৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে জানানো হয়।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এই কারণে একই আইনের ৩৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দুই চেয়ারম্যান। রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, মামার মৃত্যুর কারণে তিনি চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। সরকারি তদারকি কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন এবং চাল বিতরণ করেছেন।
তিনি এও জানান, চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগে ৯৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও তাকে দায়ী করা হয়েছে, যা অন্যায়।
আরও জানান, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক, সেদিন পূজার জন্য উপবাসে ছিলেন। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদের কাছে চাল বুঝিয়ে দিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। যদি চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দায়ী।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, চাল বিতরণে অনিয়মের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এর ফলে সোমবার মন্ত্রণালয় দুই চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ জন যুগ্মসচিবকে সরকারের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত এই কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পুনরাদেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (১২ জুলাই) একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই, ২০২৬ তারিখের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত এসব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি দেয়া হয়েছে যতক্ষণ না পুনরাদেশ দেয়া হয়।
সংযুক্তির মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ।
এছাড়া, প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি আবাসন পরিদফতর, সরকারি যানবাহন অধিদফতর, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিস এবং সংশ্লিষ্ট হিসাব ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ