বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৩ পি.এম
রাঙামাটি, ১২ নভেম্বর, ২০২৬ : কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়, যা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা হলেন জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার (৭২) এবং ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. বদরুল (৩৪)।
এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শাহিদুল ইসলাম (৩৭), মো. শাহ আলম, মো. তারেক (২১), উজ্জ্বল চাকমা এবং মোহন চাকমা (৩২)।
ওসি জানান, তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পূর্বে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন বাসসকে জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বড়ইতলী পাড়ায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান সদর জোন।
সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : চলমান "ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫" টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ আজ শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। এই প্রতিযোগিতা ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত হচ্ছে।
ডেভিস কাপ নেশনস র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ নম্বর বাছাই দলের বিরুদ্ধে জয় বাংলাদেশের টেনিসের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিনে নেপালের কাছে হারের পর এটি এবারের আসরে বাংলাদেশের প্রথম জয়।
দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন বাহরাইনের আহমেদ আলসায়েদকে ০-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম সেটে পরাজয়ের পর কাব্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট জিতে নেন। এই ম্যাচটি ২ ঘণ্টা ধরে চলে।
দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭-৬(১), ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন। ১ ঘণ্টা ৫৯ মিনিটের এই জয় বাংলাদেশের টাইয়ের জয় নিশ্চিত করে।
দিনের শেষ ম্যাচে দ্বৈতে জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে ৫-৭, ৬-৪, ৪-৬ গেমে পরাজিত হয়। ২ ঘন্টা ২২ মিনিটের এই লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে বাংলাদেশ জুটি ম্যাচে ফিরলেও শেষ সেটে জয় পেতে ব্যর্থ হয়।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন। দলের অন্যান্য সদস্যরা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈদগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা।
২০২৬- ২৭। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা কার্যালয় ১২ নভেম্বর বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আয়োজিত এই প্রতিযোগিতায় কিরাত, ইসলামি গান (হামদ-না'ত), রচনা, আজান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে গ্রুপ ভিত্তিক আজান ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি বিষয়ে ক' গ্রুপে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী এবং 'খ' গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণীর বাছাইকৃত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলার স্কুল ও মাদ্রাসা মিলে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা এবং মেহের ঘোনা হজরত আবু বক্কর সিদ্দিক (রদিয়াল্লাহু তা'আলা আনহু) দাখিল মাদ্রাসা। ইসলামিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলার সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আ ন ম মাসুদ রানা জানান, এতে বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিত্বরা বিচারকের দায়িত্ব পালন করেন।
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম জানান, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ইসলামি সভ্যতা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিচারকের দায়িত্ব পালন করা ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন জানান, শিশু কিশোরদের ইসলামিক প্রতিভা বিকাশে এ প্রতিযোগিতা মাইলফলকের ভূমিকা রাখবে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম জানান, উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগীরা নিজেদের উপস্থাপনের সুযোগ পেয়েছে।
একই মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণির প্রতিযোগী শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ জানায়, সুন্দর পরিবেশে সে ইসলামি গান এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মন্দিরা চৌধুরী জানায়, সে কবি কাজি নজরুল ইসলাম রচিত 'খেয়া পারের তরণি' শীর্ষক কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক সরওয়ার আকবর জানান, শিশুদের প্রতিভা বিকাশ, ইসলামিক কৃষ্টি, তাহজীব ও তমদ্দুন সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি এখনও দেওয়া হয়নি। জানালে আমড়া সংশ্লিষ্টদের জানিয়ে দেব। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমড়া মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় দিয়েছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দল মোট ১০টি পদক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। রানার্স আপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ১০টি পদক পেয়েছে, যার মধ্যে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ রয়েছে। তৃতীয় স্থানে বিজিবি ৯টি পদক অর্জন করেছে, যার মধ্যে ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ অন্তর্ভুক্ত।
মহিলা বিভাগে বাংলাদেশ আনসার দলের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তারা মোট ১০টি পদক অর্জন করেছে, যার মধ্যে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ রয়েছে। রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েরা ৯টি পদক পেয়েছে, যার মধ্যে ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ রয়েছে। তৃতীয় স্থানে বাংলাদেশ পুলিশ দলের মেয়েরা ১টি স্বর্ণ পদক অর্জন করেছে।
রোলার স্কেটিং কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব:) আ স ম রিদওয়ানূর রহমান, সাধারণ সম্পাদক লায়ন এম. আর আলী ফাহিম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আব্দুল মবিন ফাইটার ও কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ