ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার


বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার

২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, নাশকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগের কারণে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে চাকুরি থেকে বরখাস্তের নির্দেশ প্রদান করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও ৬ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

প্রলয় কুমার জোয়ারদারের বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা প্রদান করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে, তাকে কর্মস্থলে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি কোনো নোটিশের জবাব দেননি।

তার বিরুদ্ধে সরকারি চাকুরির শৃঙ্খলাজনিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ১৩ জুলাই তদন্ত কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। সর্বশেষ বিধি অনুযায়ী, তাকে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চাকুরি থেকে বরখাস্ত করার নির্দেশে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা

তিনি পূর্বে যশোরের পুলিশ সুপার (এসপি) ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, চোরাচালান এবং অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায়।

এছাড়া, তার স্ত্রী বিপ্লবী রানীর নামেও ৩ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। চাঁদাবাজি ও চোরাচালানে সম্পৃক্ততা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ পাচারের অভিযোগও রয়েছে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের হয়রানি করেছেন। শৃঙ্খলাভঙ্গ ও পলায়নের কারণে ২০২৫ সালের আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকও প্রত্যাহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচন সামনে রেখে মিথ্যা অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ইউপি নির্বাচন সামনে রেখে মিথ্যা অপপ্রচারের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল মিয়া অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তবে, তার রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কিত কিছু নথিতে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুটি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে উজ্জ্বল মিয়া তার অবস্থান তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, "আমি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা রাখি না।" তিনি দীর্ঘ সময় ধরে কুটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়া জানান, আসন্ন কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল তাকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা তথ্য ও এআই দ্বারা সম্পাদিত ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, "এসব ছবি ও প্রচারণার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।" তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

তবে যুগান্তরের অনুসন্ধানে একটি মামলার নথিতে দেখা যায়, ২০২৪ সালের ১৭ নভেম্বর কসবা থানায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ১নং আসামি এবং মো. উজ্জ্বল মিয়াকে ৩১নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটির বাদী বর্তমান ছাত্রদল সভাপতি সিরাজুল হক ইমু।

এছাড়া ২০১৯ সালের একটি নথিতে দেখা গেছে, ব্যক্তিগত কারণে কুটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন উজ্জ্বল মিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


সিলেট সীমান্তে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের জন্য টহল কার্যক্রমকে জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিক আটক করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে এই বিষয়ে ব্রিফিং প্রদান করেন ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উদ্দিন আহমেদ।

বিজিবির অধিনায়ক সীমান্তে ফোর্স ও নজরদারি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অনুপ্রবেশ রোধে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সীমান্তের নজরদারি বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে। দৈনন্দিন টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত টহলও জোরদার করা হয়েছে। এদিকে ১১ নভেম্বর বেলা দেড়টায় মিনাটিলা বিওপির ১২৮২ পিলারের ৯ ও ১০ এস পিলারের মধ্য দিয়ে অস্ত্রসহ ২ ভারতীয় খাসিয়া নাগরিক বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।

আটক হওয়া খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভিতরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে, সাথে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা, এবং ২টি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির অধিনায়ক আরও জানান, জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত সুরক্ষায় কাজ করা হচ্ছে। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০টি অস্ত্র, ৫৭ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে এবং ১৭৩টি পুশইন ঠেকানো সম্ভব হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার ভারত থেকে এসে সভা করার বিষয়ে তিনি বলেন, "সভা করার জন্য রঞ্জিত সরকার ভারত থেকে যে এসেছেন এর কোন সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।"

এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সচেতনতামূলক ব্রিফিং প্রদান করেন এবং সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে তাদের সহযোগিতা চান।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, ৬ লাখ মানুষের সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, ৬ লাখ মানুষের সুবিধা

আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল, কিন্তু এবার ট্রাকের সংখ্যা ৭০টি বৃদ্ধি পাচ্ছে। ফলে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। এর মানে হলো, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

রমজানে পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে জানিয়েছেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রমজানে পণ্য আমদানির বড় প্রস্তুতি

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি। চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের। রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের। এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন। টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির এ চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


কুষ্টিয়ায় এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা শাঁখা ও এর সকল অঙ্গসংগঠন এবং ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম। এ সময়, সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর তীব্র নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%