ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি


গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ সুদানে মার্চ মাসে সংঘটিত দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার পূর্বাভাস পাওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দেশটির সরকার এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

দক্ষিণ সুদান, যা বিশ্বের নবীনতম দেশ, ২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে গৃহযুদ্ধ, দারিদ্র্য, দুর্নীতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহিংসতার শিকার হয়ে আসছে।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

আরও পড়ুন: তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

গত ১ মার্চ, সুদানের সীমান্তবর্তী আবিয়েমনম কাউন্টিতে নুয়ের জাতিগোষ্ঠীর অন্তত এক হাজার সশস্ত্র ব্যক্তি চার ঘণ্টাব্যাপী হামলা চালায়। এই হামলায় শিশুসহ ২০০ জনের বেশি মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক টিগেরে চাগুতাহ মন্তব্য করেন, ‘এটি ২০২০ সালের পর থেকে দক্ষিণ সুদানে নথিভুক্ত সবচেয়ে বড় গণহত্যার ঘটনাগুলোর একটি।’

মানবাধিকার সংস্থাটির তদন্তে উঠে এসেছে যে, দক্ষিণ সুদানের কর্তৃপক্ষ এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস) হামলার অন্তত দুই সপ্তাহ আগে এ বিষয়ে সতর্কবার্তা পেয়েছিল। তাদের জানানো হয়েছিল যে, কাছের একটি সম্প্রদায়ের লোকজন আগের হামলার প্রতিশোধ নিতে অস্ত্র ও যোদ্ধা জড়ো করছে।

অ্যামনেস্টি জানায়, ইউএনএমআইএসএস স্বীকার করেছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। হামলার ৪৮ ঘণ্টা আগে আবিয়েমনমের উপকণ্ঠে তাদের অস্থায়ী ঘাঁটিতে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।

আরও পড়ুন: নতুন পে স্কেলে আরো যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

চাগুতাহ বলেন, ‘সরকার ও ইউএনএমআইএসএস—উভয়ের কাছে আরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট তথ্য ও সময় ছিল। কিন্তু তারা আরও জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মূল্য দিতে হয়েছে মানুষের জীবন দিয়ে।’

ইউএনএমআইএসএস ঘাঁটির পেছনের ফটকের বাইরেও সাতজন নিহত হয়। হামলা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা সেখানে আশ্রয় নিতে গিয়েছিলেন।

স্থানীয় একজন জনপ্রতিনিধি অ্যামনেস্টিকে জানান, ‘সকালে শহরের বাসিন্দারা ইউএনএমআইএসএসের ঘাঁটিতে আশ্রয় নিতে যাওয়ার চেষ্টা করলে সেখানে নুয়ের গোষ্ঠীর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।’

অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি-

আরও পড়ুন: প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

অ্যামনেস্টিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মানুষের বাড়িঘর ও আঙিনায় গুলি চালায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করা এবং আশ্রয় নেওয়া লোকজনের ওপরও হামলা চালানো হয়। কয়েকজনকে আটক করার পর কিংবা আহত অবস্থায় কাছ থেকে গুলি করা হয়।

হামলা থেকে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘তারা আমার চাচাতো ভাইকে বিছানার নিচ থেকে টেনে বের করে মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়িঘর ও বাজারে আগুন ধরিয়ে দেয়। লুটপাটের পাশাপাশি স্থানীয় হাসপাতালের একাংশ তছনছ করে চিকিৎসা সামগ্রী ও বিছানাপত্র চুরি করে নিয়ে যায়।

নিহতদের অধিকাংশের মরদেহ শহরের উপকণ্ঠে দুটি গণকবরে দাফন করা হয়।

আরও পড়ুন: রিয়াদ অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

অ্যামনেস্টির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আগুনে ২৩০টির বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়েছে।

এ গণহত্যার কারণে আবিয়েমনমের পুরো জনসংখ্যাকে শহর ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

অ্যামনেস্টি বলেছে, এ হামলার তদন্ত শুরু করতে হবে দক্ষিণ সুদান সরকার ও ইউএনএমআইএসএসকে। একই সঙ্গে দায়ীদের অপরাধের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

চাগুতাহ বলেন, ‘আবিয়েমনমের বেঁচে যাওয়া মানুষগুলোর সত্য জানা, ন্যায়বিচার পাওয়া এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা আর কখনো ঘটবে না—এমন নিশ্চয়তা পাওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুন: ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে ট্রাম্পের বক্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোসাইরহাটে সেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


গোসাইরহাটে সেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার গ্রাহক

শরীয়তপুরের গোসাইরহাট নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক সেবা প্রত্যাশী ভূমি কর্মকর্তা আহসানুল হকের দ্বারা দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত তথ্য জানার জন্য গেলে, ওই সেবা প্রত্যাশীকে তথ্য না দিয়ে বরং তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুধু তাই নয়, এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের মুখে উল্টো ক্যামেরা চালু করে ওই কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" একপর্যায়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তার বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। তার অভিযোগ, প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাকে উপজেলার রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন ভূমি কর্মকর্তা আহসানুল হক। একপর্যায়ে তার উপর চড়াও হয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ সেবা প্রত্যাশীর। এ ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা ভূমি কর্মকর্তার কাছে যান। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনি আমাকে প্রশ্ন করার কে?" এ সময় সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের ক্যামেরাও চালু করেন তিনি। পরে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়, ভূমি কর্মকর্তা আহসানুল হক একই কর্মস্থলে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার প্রভাব দেখিয়ে চলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী মাসুদ আলম বলেন, "আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলার রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তার কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।"

স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, "ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।"

বিষয়টি নিয়ে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, "আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


তিস্তার পাথর লুটে বিপর্যস্ত নদী, ব্যারাজ ও জনপদ হুমকিতে

প্রশাসনের অভিযান, মামলা কিংবা গ্রেপ্তার—কোনো কিছুতেই থামছে না তিস্তা নদীর পাথর লুট। দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত শত শত নৌকায় ড্রেজার বসিয়ে নদীর তলদেশ খুঁড়ে অবাধে তোলা হচ্ছে পাথর। নদীর বুকজুড়ে চলছে লুটপাটের মহোৎসব। এর প্রভাবে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ, বাড়ছে ভাঙন। তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফসলি জমি ও বিস্তীর্ণ জনপদ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটাসহ গ্রামের পর গ্রাম। উদ্বাস্তু হয়েছেন কয়েক হাজার মানুষ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার উপস্থিতিতেই চলছে এই কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, পাথর উত্তোলনকারীদের সঙ্গে অসাধু কিছু ব্যক্তির যোগসাজশ থাকায় অভিযান শুরুর আগেই ফাঁস হয়ে যায় খবর। ফলে প্রশাসনের অভিযান অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। এমনকি পাথর উত্তোলনের নৌকা থেকে মাসোহারা আদায়ের অভিযোগও উঠেছে নৌ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাতীরবর্তী আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় নদীর বুকজুড়ে চলছে পাথর উত্তোলন। চার শতাধিক নৌকায় ড্রেজার মেশিন বসিয়ে লোহার তৈরি ছেনির সাহায্যে নদীর তলদেশ খুঁড়ে পাথর তোলা হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নীলফামারী ও লালমনিরহাট অংশের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এ কর্মকাণ্ড। উত্তোলিত পাথর নৌকায় বোঝাই করে নদীর তীরে স্তূপ করে রাখা হচ্ছে।

অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে একাধিক সরু চ্যানেল। আশপাশের অন্তত ২০টি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। এতে তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী জনবসতি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

চর গ্রামের অন্তত ১০ জন বাসিন্দা জানান, পাথর উত্তোলনের কারণে গত দুই বছরে তাঁদের গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার মানুষ বসতভিটা হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রাস্তার পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তাঁদের অভিযোগ, গত দুই বছর ধরে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নদী থেকে পাথর তোলা হচ্ছে। পরে ট্রাকে করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে এসব পাথর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। পাথর উত্তোলনকারীরা নদীতে প্রবেশের বিভিন্ন সড়কে লোক বসিয়ে নজরদারি করেন। প্রশাসনের কোনো গাড়ি দেখলেই মোবাইল ফোনে খবর পৌঁছে দেওয়া হয়। ফলে অভিযান শুরুর আগেই শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সুযোগ পান সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে প্রায় ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর পরিবহন করা হয়। এসব পাথর প্রতি ট্রাক ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। দেশের বিভিন্ন জেলার নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে এই পাথর।

প্রতিদিন চার শতাধিক নৌকায় পাথর উত্তোলন করা হচ্ছে। অথচ এলাকায় বিজিবি ক্যাম্প ও নৌ পুলিশ রয়েছে। তাঁর অভিযোগ, নৌ পুলিশের কিছু সদস্য পাথর উত্তোলনকারীদের সঙ্গে যোগসাজশ করে অভিযানের আগাম তথ্য ফাঁস করেন। বিনিময়ে তাঁদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়।

এদিকে গোপন ক্যামেরায় ধারণ করা বক্তব্যে ডালিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই স্বপন ও শামীম পাথর উত্তোলনের নৌকাপ্রতি মাসোহারা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, চাঁদা না দিলে পাথর বহনকারী ট্রাক আটক করা হয়।

শুধু নদী ধ্বংস নয়, অবৈধ পাথর বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় সংঘাত, সংঘর্ষ ও দেশীয় অস্ত্রের মহড়ার অভিযোগও রয়েছে। প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের লোকজনও। এ ঘটনায় ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছেন তিনি। তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন এবং মামলা চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে ২০-৩০ জনের একটি চক্র জড়িত।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অবৈধ পাথর কারবারিদের বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। ফলে বারবার অভিযান চালিয়েও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর তলদেশ কেটে পাথর উত্তোলন করা হলে নদীর গভীরতা ও স্বাভাবিক গঠন নষ্ট হয়। এতে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, শুধু অভিযান চালিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারা পাথর উত্তোলন করছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কোথায় এসব পাথর যাচ্ছে এবং কারা কিনছে—পুরো চক্র চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তথ্য পেলেই প্রশাসন অভিযান চালায়। যন্ত্রপাতি জব্দ, মামলা এবং হাতেনাতে কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় অভিযান শেষ হওয়ার পরপরই আবারও অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করে তারা।

অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই প্রতিবেদককে বলেন, “এই অপকর্মের সঙ্গে জড়িত যে-ই হোক, যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনতে দুই জেলার প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হবে।”

তিস্তার বুক চিরে পাথর লুটের এই মহোৎসব বন্ধ না হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী জনপদের অস্তিত্ব আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিচ্ছিন্ন অভিযান নয়, পাথর লুটের নেপথ্যের মদদদাতা, অর্থের জোগানদাতা, পরিবহনকারী ও ক্রেতাদের চিহ্নিত করে সমন্বিত অভিযান চালাতে হবে। অন্যথায় একদিন তিস্তার ভাঙনে শুধু বসতভিটা নয়, হুমকির মুখে পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ তিস্তা ব্যারাজ ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%