ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে ট্রাম্পের বক্তব্য


ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে ট্রাম্পের বক্তব্য

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ভেটেরান্স ডে বা প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন।

এদিকে, অনুষ্ঠানে শিষ্টাচারবহির্ভূত আচরণের জন্য প্রকাশ্যে তিরস্কারের মুখে পড়েছেন তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ট্রাম্প ওয়াশিংটনের উপকণ্ঠে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে দেওয়া ভাষণে বলেন, ‘আমাদের অসাধারণ মার্কিন যোদ্ধাদের সাহস ও দক্ষতা সত্যিই অবিশ্বাস্য।’

আরও পড়ুন: গণহত্যার সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ: অ্যামনেস্টি

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প আরও বলেন, ‘এই সংঘাতের অবসান হলে, আর তা শিগগিরই হবে, গোটা বিশ্ব আরও নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ জায়গায় পরিণত হবে। এমন বিপদের আশঙ্কাও থাকবে না, যার মুখে আমাদের পড়তে হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েকশ সেনা আহত হয়েছেন।

ট্রাম্প বুধবারের ভাষণে উল্লেখ করেন, এ যুদ্ধ ওয়াশিংটন শুরু করেনি, বরং তেহরানই এর সূচনা করেছে। তিনি দাবি করেন, ইরান ১৯৭৯ সাল থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করতেই অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: নতুন পে স্কেলে আরো যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

৮০ বছর বয়সী ট্রাম্প সমাধিক্ষেত্রের ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ বা অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন। এই সমাধি যুক্তরাষ্ট্রের যুদ্ধে নিহত ও নিখোঁজ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ট্রাম্প সেনাসদস্য, সাবেক সেনা এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রশংসাও করেন। তিনি বলেন, হেগসেথ ‘অসাধারণ কাজ করেছেন’।

মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ আটকে দেন। একজন বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা এ উদ্যোগ নিয়েছিলেন। তার অভিযোগ ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা এবং পেন্টাগনপ্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন হেগসেথ।

তবে বুধবারের অনুষ্ঠানে নতুন করে বিতর্কে জড়ান হেগসেথ। অজ্ঞাতনামা সৈনিকের সমাধির পাহারায় নিয়োজিত এক সেনাসদস্য তাকে, তার স্ত্রীকে এবং কয়েকজন সহযোগীকে প্রকাশ্যে তিরস্কার করেন। পবিত্র সমাধির সামনে ছবি তোলার পর তাদের কয়েকজনকে হাসতে দেখা গেলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

দলটি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় ওই সেনাসদস্য তার টহল থামিয়ে তাঁদের দিকে মুখ করে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’ এ সময় হেগসেথ ঘুরে ওই প্রহরীর দিকে তাকান।

ভাষণে ট্রাম্প আর্লিংটন সমাধিক্ষেত্রের ঠিক বাইরে ২৫০ ফুট উঁচু একটি বিজয়-তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি জানান, শিগগিরই এটি নির্মাণ করা হবে।

তবে মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবারের সদস্যরা এ তোরণ নির্মাণ বন্ধে আদালতের দ্বারস্থ হন। তাদের যুক্তি, বিশাল এই স্থাপনা আর্লিংটন সমাধিক্ষেত্রে সমাহিত নিহত প্রেসিডেন্ট ও কেনেডি পরিবারের অন্য সদস্যদের কবরের দৃশ্য আড়াল করবে এবং সেখানে ছায়া ফেলবে।

এ প্রকল্পের বিরুদ্ধে একদল সাবেক সেনাসদস্য, ওয়াশিংটন নগর কর্তৃপক্ষ এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যও মামলা করেছে।

আরও পড়ুন: রিয়াদ অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

গত ১১ নভেম্বর, বুধবার ‘ভেটেরানস ডে’ বা প্রাক্তন সৈনিক দিবস পালিত হয় এটি ছিল ২৫০তম বছরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাথে একই সময়ে উদযাপিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগ, ক্যাব নেতার বিরুদ্ধে নতুন চেক ডিজঅনার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ফরিদপুরে একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগ, ক্যাব নেতার বিরুদ্ধে নতুন চেক ডিজঅনার মামলা

ফরিদপুরে আর্থিক লেনদেন, চেক ডিজঅনার ও প্রতারণার একের পর এক অভিযোগে আলোচনায় এসেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ। পূর্বের একাধিক মামলায় সাজা ও অর্থদণ্ডের রায়ের বিষয়টি সামনে আসার মধ্যেই এবার তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে।

নতুন এ মামলার বাদী ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা শেখ ফয়েজ আহমেদ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামি নাজমুল পারভেজের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, পাওনা অর্থ পরিশোধের জন্য সৈয়দ নাজমুল আলম পারভেজ তাঁকে একটি চেক প্রদান করেন। পরবর্তী সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বন্ধ থাকায় তা ডিজঅনার হয়। পাওনা অর্থ আদায়ের অন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেকসংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত প্রায় আটটি মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতের রায় হয়েছে এবং সেসব মামলায় তাঁর সাজা ও অর্থদণ্ডের বিষয় রয়েছে। এসব মামলার সাজা ভোগের কারণে তাঁকে বিভিন্ন মেয়াদে কারাগারেও থাকতে হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে আদালতে সোপর্দ করেছিল বলেও জানা গেছে।

এদিকে ব্যক্তিগত আর্থিক লেনদেনের বাইরেও ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ঋণের অর্থ দীর্ঘদিন পরিশোধ না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগের গুরুত্ব বিবেচনায় মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে, তাঁর মালিকানাধীন ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকার মালিকানা বিক্রির ঘোষণা দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। পরবর্তী সময়ে পত্রিকাটির মালিকানা বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় ভুক্তভোগী এক পক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পত্রিকার মালিকানা হস্তান্তর এবং এ-সংক্রান্ত আর্থিক বিরোধের বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলেও আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা দেশের একটি দায়িত্বশীল সংগঠনের জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মামলা, আদালতের সাজা, সিআইডির তদন্ত এবং পত্রিকার মালিকানা নিয়ে বিরোধের অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ভোক্তা অধিকার রক্ষায় দায়িত্বশীল সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সচেতন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে সৈয়দ নাজমুল আলম পারভেজের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ঠিকানায় পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফলে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার কামাল হোসেন বলেন, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ, আদালতের সাজা ও নতুন মামলা দায়েরের ঘটনা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। একই সঙ্গে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের ফরিদপুর জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


রিয়াদ অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদ অঞ্চলে একটি ড্রোন এবং সৌদি আরবের পূর্বাঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে প্রকাশ করা হয়েছে।

হুতিদের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে কাজ করা জোটটি আরও জানায়, বুধবার রাতে পশ্চিম সৌদি আরবের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি রিয়াদ থেকে এ খবরটি প্রকাশ করেছে।

এছাড়া, বুধবার গভীর রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও পবিত্র নগরী মক্কা-সংলগ্ন এলাকায় আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলা হুতিরা চালিয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সাবুহা গ্রামে পড়েছে।

গত জুলাইয়ে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে সৌদি আরব নিয়মিতভাবে হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। গোষ্ঠীটি দেশটির বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক এলাকায় হামলা চালিয়েছে।

তবে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ হুতিরা বারবার অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপ প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেছে।

বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের প্রতিরক্ষা সদর দপ্তরে দেশের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সামরিক বাহিনীর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনাও গুরুত্ব পায়।

এছাড়া মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তাঁরা। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ এবং গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি জানান, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।

এছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।

তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%