০৯:৩৭ পি.এম
ফুলবাড়ীতে ট্রাকচালক এবং এক ব্যবসায়ীর ছেলের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতির কারণে দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের ঘটনা ঘটে।
শনিবার, দুপুর ১টার দিকে ফুলবাড়ী পৌর এলাকায় ঢাকা মোড়ে ট্রাক শ্রমিকেরা ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ শুরু করেন।
এ কারণে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এরপর বিএনপির নেতাদের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে ট্রাক শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। বিকাল ৪টা নাগাদ অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একটি ট্রাকের মাধ্যমে গো-খাদ্য ও মুরগির খাদ্য নিয়ে ফুলবাড়ী পৌর বাজারে আসেন ট্রাকচালক আল আমিন। এ সময় গুদামের অবস্থান দেখানোর বিষয়ে আল আমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ট্রাক শ্রমিকেরা পৌর শহরের ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি নির্দেশ দেন। পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ অন্যান্য নেতাদের সমন্বয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা হলে পরে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
ট্রাক শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মানিক মণ্ডল বলেন, দুপক্ষের সাথে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা হওয়ায় তিন ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, ঘটনার রাতেই মীমাংসার জন্য থানায় ফোন করা হয়েছিল, কিন্তু যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়নি। যদি আপস না হতো, তাহলে থানায় মামলা নিয়ে আইন অনুযায়ী বিচার হতো। কিন্তু মামলা না করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করা বেআইনি।
আরও পড়ুন: মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ মন্তব্য করেন, বিষয়টি আপস করার প্রতিশ্রুতিতে আলোচনা হয়েছিল। তবে পরে আপস না হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে দুপক্ষের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন