ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জিটিএ ফ্লু’তে আক্রান্ত বিশ্ব, আড়াই কোটি খেলোয়াড়ের সংখ্যা


জিটিএ ফ্লু’তে আক্রান্ত বিশ্ব, আড়াই কোটি খেলোয়াড়ের সংখ্যা

বিশ্বের বিনোদন জগতে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়েছে। ১৯ নভেম্বর স্থানীয় সময় প্রথম প্রহরে বিশ্বব্যাপী আনলক হওয়ার পর ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ৬)’ নিয়ে চলছে নানা ধরনের উন্মাদনা। পশ্চিমা গণমাধ্যম এই উন্মাদনাকে ‘জিটিএ ফ্লু’ নামকরণ করেছে। ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর জিটিএ৬ মুক্তি পাওয়ার প্রথম দিনেই অন্তত আড়াই কোটি মানুষ গেমটি খেলেছেন। আরও অনেকেই গেমটি খেলার জন্য অপেক্ষা করছেন।

জিটিএ৬ এর মুক্তি অর্থনীতিতেও সমুদ্রের ঢেউয়ের মতো আলোড়ন সৃষ্টি করেছে। রকস্টারের ঘরে অর্থের প্রবাহ বাড়লেও, কর্মীরা ছুটি নেওয়ার কারণে অনেক অফিসের আয়ের ঘরে ভাটার টান দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জিটিএ৬ নিয়ে বিশ্বজুড়ে যা ঘটছে, তা নজিরবিহীন।

বাজার বিশ্লেষক সংস্থা সেনসর টাওয়ারের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় গেমটির প্রায় ২ কোটি ৪৬ লাখ কপি বিক্রি হয়েছে। যেহেতু একটি কনসোলে পরিবারের একাধিক সদস্য বা বন্ধুরাও খেলেন, তাই মোট খেলোয়াড়ের সংখ্যা ইতিমধ্যে আড়াই কোটি ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাইভ প্লেয়ার ট্র্যাকার অ্যাক্টিভ প্লেয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেকোনো সময় গড়ে ৭৫ লাখ থেকে ১ কোটি ১০ লাখ মানুষ একসাথে জিটিএ ৬ খেলছেন।

আরও পড়ুন: বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক লালিত মোদী

জিটিএ৬ তৈরিতে ১ থেকে দেড় বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে প্রথম দিনেই গেমটি থেকে প্রায় ২.৩৬ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা বিনোদন জগতের ইতিহাসে যেকোনো সিনেমা, গান বা ভিডিও গেমের প্রথম দিনের আয়ের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও রকস্টারের ঘরে লাভের জোয়ার এসেছে, অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবও কম নয়। বিভিন্ন জরিপ ও বিশ্লেষকদের অনুমান অনুযায়ী, গেমটি খেলার জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ কর্মী ছুটির আবেদন করেছেন বা অসুস্থতার অজুহাতে কাজে অনুপস্থিত থাকছেন। এর ফলে এক দিনে দেশটির উৎপাদনশীলতায় প্রায় ১ বিলিয়ন ডলারের সাময়িক ঘাটতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান গো-হিউম্যানাইজের তথ্যমতে, যুক্তরাজ্যে প্রায় ১৭ লাখ কর্মী প্রথম দুই দিনে অসুস্থতার ছুটি নিতে পারেন, যা দেশটির কর্মঘণ্টায় প্রায় ৩৪৬ মিলিয়ন ডলার (২৬৪ মিলিয়ন পাউন্ড) সমমূল্যের কাজ পিছিয়ে দিতে পারে।

ছুটির হিড়িক যে পড়তে পারে, অনেক প্রতিষ্ঠান আগেই এমন ধারণা করেছিল। কর্মীদের অনুপস্থিতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠান আগেভাগেই ছুটি ঘোষণা করেছে। যেমন, প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক তাদের ৭ হাজার কর্মীকে সবেতন ছুটি দিয়েছে এবং আরো কিছু প্রতিষ্ঠান জিটিএ৬ মুক্তির দিনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।

অর্থনীতিতে জিটিএ৬ এর নেতিবাচক প্রভাব আরও দীর্ঘমেয়াদী হতে পারে বলে কিছু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। কারণ এটি একদিনে খেলার গেম নয়। বিশেষজ্ঞদের মতে, গেমটি সম্পূর্ণ করতে কমপক্ষে ৮০ ঘণ্টা লাগতে পারে। যেহেতু টানা খেলা কারো পক্ষেই সম্ভব নয়, তাই খুব বিশেষজ্ঞ হলেও সপ্তাহ পেরিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে মাসের পর মাস এমনকি বছরও লেগে যেতে পারে।

আরও পড়ুন: মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

তবে বিশেষজ্ঞরা বলছেন, জিটিএ৬ এর যে প্রভাব তা সাময়িক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও সিয়াটল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদরা কর্মঘণ্টার ক্ষতির হিসাবকে ‘সাময়িক স্থানান্তর’ হিসেবে দেখছেন, স্থায়ী ক্ষতি হিসেবে নয়। কারণ কর্মীরা বছরের অন্য কোনো সময়ে যে ছুটি নিতেন, সেই ছুটিই এখন নিচ্ছেন। ফলে সারা বছরের মোট কর্মঘণ্টায় বড় কোনো পরিবর্তন আসছে না। তাছাড়া অফিসের জমে থাকা কাজ কর্মীরা পরের সপ্তাহে অতিরিক্ত সময় দিয়ে পুষিয়ে নেবেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার এতটাই বিশাল যে, ১ বিলিয়ন ডলার দেশটির এক দিনের মোট জিডিপি বা উৎপাদনের মাত্র ১ শতাংশের সমান।

কর্মঘণ্টার সাময়িক ক্ষতি ছাপিয়ে গেমটি অর্থনীতিতে সরাসরি অর্থের প্রবাহ বাড়াচ্ছে। গেমটি খেলার জন্য বিশ্বজুড়ে নতুন গেমিং কনসোল, টিভি, মনিটর এবং ইন্টারনেট ডেটার বিক্রি বহুগুণ বেড়ে গেছে। ঘরে বসে গেম খেলার কারণে অনলাইন ফুড ডেলিভারি এবং স্থানীয় রেস্তোরাঁগুলোর বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের সেলফ্রিজেস-এ জিটিএ ৬-এর একটি পপ-আপ স্টোর খোলা হয়েছে। সেখানে লিমিটেড এডিশন টি-শার্ট ও অন্যান্য জিনিসপত্র কেনার জন্য মানুষ বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। সেখানে গেমের আদলে তৈরি একটি কাস্টম-পেইন্টেড ফেরারি গাড়িও রাখা হয়েছে, যার দাম ধরা হয়েছে ১.৩ মিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ‘ভিসিব্রেইন’-এর তথ্যমতে, জিটিএ৬ গেমটি বাজারে আসার প্রথম ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ লাখেরও বেশি পোস্ট হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেমটি নিয়ে প্রতি মিনিটে প্রায় ১ হাজার ৮৫০টি বার্তা প্রকাশিত হয়েছে, যা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনের সময় হওয়া পোস্টের সংখ্যার চেয়ে ৭ শতাংশ বেশি।

আরও পড়ুন: শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক

জিটিএ৬ নিয়ে এর ভক্তদের নানান পাগলামির খবরও আলোচনার সৃষ্টি করেছে। রেডিটে এক গেমার টিভির সামনে জিটিএ ৬-এর ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন। নির্বিঘ্নে টানা এক সপ্তাহ গেমটি খেলার জন্য তিনি একটি হোটেল রুম ভাড়া করে ফেলেছেন। তিনি মজা করে লিখেছেন, তার এই কাণ্ড দেখে তার স্ত্রী তাকে ‘পাগল অথবা পরকীয়ায় লিপ্ত’ বলে সন্দেহ করছেন।

স্কটল্যান্ডের ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে অঞ্চলের বাসিন্দা ৩৮ বছর বয়সী শন লিটল শান্তিতে জিটিএ৬ খেলার জন্য স্ত্রী ও মেয়ের সাথে ‘হস্তক্ষেপ না করার চুক্তি’ করেছে। চুক্তি অনুযায়ী, লিটলের পরিবার এক সপ্তাহের জন্য তাকে ঘরের যেকোনো কাজ এবং বাবার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিতে বাধ্য থাকবে।

গেমটির নেশায় রাত জাগলে খেলার মাঠে পারফরম্যান্স খারাপ হতে পারে, এই আশঙ্কায় ক্রীড়া বিশেষজ্ঞরা পেশাদার ফুটবলার ও অ্যাথলেটদের এখন থেকেই সতর্ক করছেন। যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসের সোয়ানসির বার্চগ্রোভ কম্প্রিহেনসিভ স্কুল অভিভাবকদের সতর্ক করে বলেছে, জিটিএ ৬ ঘিরে ব্যাপক উত্তেজনা থাকলেও স্কুলের পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। স্কুল কর্তৃপক্ষ জানায়, ‘নতুন কোনো কম্পিউটার গেম বাজারে আসার কারণে শিক্ষার্থীরা স্কুল কামাই করবে, দেরিতে আসবে বা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে—এমনটি হওয়া উচিত নয়।’

তারা আরো জানায়, গেমটির মুক্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক আলোচনা চলছে বলে তারা অবগত, তবে ‘সকল শিক্ষার্থীর স্কুলে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি’।

আরও পড়ুন: অভিনয়ের পর প্রযোজনায় বুবলী, প্রথম নির্মাণ ‘ঠিকানা’ ২৫তম ঢাকা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ শিশু।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই, সিলেট বিভাগে দুই এবং ময়মনসিংহ বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪১ শিশুতে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই তথ্যের ভিত্তিতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ শিশুতে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ শিশু। ফলে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২৫ হাজার ৯৬৬ শিশুতে পৌঁছেছে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার: মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার: মেয়র মামদানি

নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) তিনি এ পরিকল্পনার ঘোষণা দেন। বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ গ্রহণ করেছে তার প্রশাসন, যার মাধ্যমে কারাগারটি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে রাইকার্সে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি অবস্থান করছেন। মামদানির পরিকল্পনা অনুসারে, এ সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে আনা হবে। এর জন্য বিকল্প কর্মসূচি, তত্ত্বাবধানে মুক্তি, আবাসন ও সামাজিক সেবা বৃদ্ধি এবং জামিন পরিশোধের জন্য অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

রাইকার্স কারাগারে দীর্ঘদিন ধরে সহিংসতা এবং অতিরিক্ত বন্দির চাপ নিয়ে সমালোচনা চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একজন ফেডারেল বিচারক সেখানে বাইরের একজন ব্যবস্থাপক নিয়োগ করেছেন। ২০২৭ সালের মধ্যে কারাগারটি বন্ধ করে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না।

পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিনে ২০২৯ সালে এবং ব্রঙ্কস ও কুইন্সে ২০৩১ সালে নতুন কারাগার চালু হবে। ম্যানহাটনের কারাগারটি চালু হওয়ার কথা ২০৩২ সালে। এরপর বন্দিদের এসব নতুন কারাগার এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হবে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান, পরিদর্শন এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ঝালকাঠিতে আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান, পরিদর্শন এমপির

ঝালকাঠির নলছিটিতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে, যার মধ্যে মালামালও অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনা বৃহস্পতিবার রাতে উপজেলার রানাপাশা ইউনিয়নের জহিরুল মার্কেটে ঘটে।

ঘটনার পর ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে স্থানীয় বাপ্পি সরদারের পেট্রল ও ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনটি আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাপ্পি সরদারের দুইটি দোকান, সবুজ মোল্লা, সুচন্দ্র সিকদার, সুমন সরদার ও ফারুক হাওলাদারের একটি করে দোকান পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত একটি পেট্রল ও ডিজেল বিক্রির দোকান থেকে হয়েছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে পাশের মার্কেটের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পায়। তবে, তিনি নিশ্চিত করেন যে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার

এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা বিশ্বজুড়ে সমালোচনার সম্মুখীন হয়েছিল। এবার, একই চিড়িয়াখানায় প্রাণ হারাল সবার প্রিয় জলহস্তী ফিওনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দর্শনার্থীর ফেলে যাওয়া একটি টুপি খেয়ে অসুস্থ হয়ে মারা যায় নয় বছর বয়সী প্রাণীটি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিওনার শরীর থেকে টুপিটি বের করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্তরা শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হারাম্বের সঙ্গে ফিওনার স্বর্গে মিলিত হওয়ার কৃত্রিম ছবি ছড়িয়ে পড়ে।

২০১৬ সালে একটি শিশু হারাম্বের খাঁচায় পড়ে যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে চিড়িয়াখানার কর্মীরা গরিলাটিকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে হারাম্বের খাঁচার নিরাপত্তাব্যবস্থা আরও শক্ত করা হয়।

অন্যদিকে, ফিওনার মৃত্যুর বিষয়ে চিড়িয়াখানার মুখপাত্র জানান, একটি টুপি দুর্ঘটনাক্রমে তার খাঁচায় পড়ে যায়। সেটি ছাদের পাখায় লেগে দর্শনার্থীদের দেখার জায়গার ওপরের ছোট ফাঁক দিয়ে ভেতরে চলে যায়। দুই প্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন অনেকে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%