ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘রইদ’ সিনেমার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি


‘রইদ’ সিনেমার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন নাজিফা তুষি

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় তার অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন তিনি। এই সম্মাননা ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে তাকে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পুরস্কার পাওয়ার খবরটি নিজেই জানিয়েছেন তুষি। তিনি এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সিনেমাটির সঙ্গে যুক্ত পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অভিনেত্রী বলেছেন, আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা তার জন্য আনন্দের। এশিয়ার গুরুত্বপূর্ণ ও মৌলিক গল্পগুলোকে হলিউডসহ বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার এই আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত। তার মতে, ‘রইদ’-এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কাজ তুলে ধরার সুযোগ পেয়েছেন তারা।

আরও পড়ুন: মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

এই অর্জনের পেছনে পরিবারের সমর্থন, ভক্তদের ভালোবাসা এবং সিনেমার নির্মাতা ও কলাকুশলীদের অবদানের কথাও উল্লেখ করেছেন তুষি। তিনি পুরস্কারটিকে পুরো ‘রইদ’ দলের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন।

এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘রইদ’ সাফল্য অর্জন করেছিল। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সেখানে সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত বিভাগে মোট তিনটি পুরস্কার জিতেছিল সিনেমাটি।

উল্লেখযোগ্য যে, ‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অন্যান্যরা। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছেও ভালো সাড়া পেয়েছিল।

আরও পড়ুন: শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিকভাবে সামাল দেওয়া হচ্ছে।

শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন। সাংবাদিকদের সঙ্গে আলবানিজ বলেন, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশই চীনে যায়। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশের গন্তব্যও চীন।

তবে চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের বিষয়। এই কারণে আলবানিজ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। পাশাপাশি জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে সি চিনপিং বলেছেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’

বার্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন আলবানিজ।

এছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন তারা। এতে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্বের সবচেয়ে বড় আকরিক লোহা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপের কারণে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত আকরিক লোহা কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন করেছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব বিস্তার এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।

২০২০ সালে রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পরবর্তী সময়ে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থান এবং দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার জন্য আলবানিজের দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, "কৃষি হচ্ছে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি।" তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকরা যাতে সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, কৃষির আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সহযোগিতার মাধ্যমে দেশকে খাদ্যে আরও সমৃদ্ধ করতে হবে। তিনি আশ্বস্ত করেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পেয়ে উপকৃত হবেন উপজেলার ২ হাজার ৫০০ কৃষক। এ উদ্যোগের ফলে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাইপণ্য আটক, ১৫৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাইপণ্য আটক, ১৫৭ জন গ্রেফতার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭ জন আসামিসহ ৮৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ২৪৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে দায়িত্ব পালনরত মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকার মালামাল এবং ১৭ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত, যেখানে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, যশোর রিজিয়নের অভিযানে ৯ দশমিক ৩৫১ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩ হাজার ৫২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৬৮ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার ৫৬০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২২ হাজার ৯০৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

এদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামালসহ ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ, ১৩৮ জন ধুর, এক হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং বিভিন্ন প্রকার ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এছাড়া, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিগত এক বছরের (০১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত) মাদকবিরোধী অভিযানের পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে ৩৯ জন আসামিসহ সর্বমোট ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ১৫৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, এক কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৭৯৮ বোতল মদ, ২৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা মূল্যের ১ হাজার ৬৯২ বোতল ফেনসিডিল, ৫ লাখ ১৬ হাজার ২৫৭ টাকা মূল্যের ১৪৭ দশমিক ৫০২ কেজি গাঁজা, ৫৯ লাখ ৮২ হাজার ৮০০ টাকা মূল্যের ১৪ হাজার ৯৫৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ এবং ১ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪৪ হাজার ৪২৬ পিস ভায়াগ্রা।

বিজিবির সূত্রগুলো জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অপতৎপরতা বা কোনো দুষ্কৃতিকারী যাতে সীমান্ত দিয়ে গান পাউডার বা অবৈধ অস্ত্র আনতে না পারে, সে বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি বিশেষভাবে সজাগ রয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি বাড়িয়েছে।

ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বসানো হয়েছে। দুর্গম ও অন্ধকার এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে থার্মাল ড্রোন, নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, সার্চলাইট, নাইট ভিশন গগলস, সিসি ক্যামেরা, নাইট ভিশন বাইনোকুলার ও ফ্ল্যাশলাইটের মতো আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেফতার করা হবে এবং অবৈধভাবে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি কাজ করছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। বিজিবি বিশ্বাস করে, এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন; তাই সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা জরুরি। প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধ নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শিশু দিবসে নদীপাড়ের শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের আনন্দ পাঠশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বিশ্ব শিশু দিবসে নদীপাড়ের শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের আনন্দ পাঠশালা

চরফ্যাশন, দ্বীপজেলা ভোলা, নদীর ভাঙাগড়ার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা জনপদ। প্রকৃতির নানা প্রতিকূলতার মধ্যেও এখানে অসংখ্য শিশু স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে। তাদের শৈশবে আনন্দের কিছু মুহূর্ত যোগ করতে এবং মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে বিশ্ব শিশু দিবসে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘আনন্দ পাঠশালা’ নামে একটি অনুষ্ঠান।

শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের সঙ্গে গল্প করা, আনন্দ ভাগাভাগি করা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়। পাশাপাশি শিক্ষা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বিষয়ে উৎসাহিত করা হয়। শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি তাদের স্বপ্ন, প্রত্যাশা ও অনুভূতির কথাও গুরুত্বের সঙ্গে শোনা হয়।

ভোলার চরফ্যাশন উপজেলার মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক গভীর। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত এ জনপদের অনেক পরিবারকে নদীভাঙনসহ নানা প্রাকৃতিক ও আর্থসামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বসতভিটা ও জীবিকার অনিশ্চয়তার প্রভাব শিশুদের জীবনেও পড়ে। অনেক সময় তারা স্বাভাবিক শৈশবের আনন্দ ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এমন বাস্তবতায় এসব শিশুর মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করতেই বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ।

বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আয়েশা রিপা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। বিশেষ করে শিশুদের শিক্ষা, অধিকার ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ব শিশু দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে নদীপাড়ের শিশুদের নিয়ে আনন্দ পাঠশালার আয়োজন সেই প্রচেষ্টারই একটি অংশ।’

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘শিশুরা কোনো বৈষম্য ছাড়াই বেড়ে ওঠার সুযোগ পাওয়ার অধিকার রাখে। প্রতিটি শিশুর স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ থাকা জরুরি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষসহ বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শুধু বিশেষ দিবসে নয়, বছরের প্রতিটি দিনই শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

বিশ্ব শিশু দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন শিশুদের অধিকার ও কল্যাণে সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে চরফ্যাশনের নদীপাড়ের শিশুদের নিয়ে এমন উদ্যোগ তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে।

নদীভাঙনে বদলে যেতে পারে মানুষের বসতভিটা, বদলে যেতে পারে জীবনের বাস্তবতা; কিন্তু শিশুদের স্বপ্ন যেন কখনো হারিয়ে না যায়। তাদের শৈশব যেন প্রতিকূলতার কাছে হার না মানে। চরফ্যাশনের নদীপাড়ের শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের আনন্দ পাঠশালা তাই কেবল একটি দিবসকেন্দ্রিক আয়োজন নয়, বরং শিশুদের পাশে থাকার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানোর এক মানবিক প্রয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%