ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অভিনয়ের পর প্রযোজনায় বুবলী, প্রথম নির্মাণ ‘ঠিকানা’ ২৫তম ঢাকা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি


অভিনয়ের পর প্রযোজনায় বুবলী, প্রথম নির্মাণ ‘ঠিকানা’ ২৫তম ঢাকা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি

চিত্রনায়িকা শবনম বুবলী এবার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়েছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।

চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে। নতুন এই অর্জনের খবর বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পাশাপাশি, তাঁরা নিজেদের প্রথম কাজের পোস্টারও প্রকাশ করেছেন।

একটি পোস্টে বুবলী জানান, "প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই যাত্রার শুরুতেই এমন স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি অনুপ্রেরণারও।" তিনি আরও বলেন, সামনে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান তাঁরা।

আরও পড়ুন: মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

এ জন্য তিনি সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। বুবলীর প্রত্যাশা, দর্শকদের পাশে পাওয়া গেলে ভবিষ্যতে আরও নতুন ও ভালো কাজ নিয়ে হাজির হতে পারবেন।

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করে আসছেন বুবলী। এবার প্রযোজনায় যুক্ত হওয়ার মাধ্যমে বিনোদনজগতে নিজের কাজের পরিধি আরও বৃদ্ধি পেলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি লিখে দেওয়ার অভিযোগে বাবার দাফনে ৪ সন্তানের বাধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


জমি লিখে দেওয়ার অভিযোগে বাবার দাফনে ৪ সন্তানের বাধা

ঝিনাইদহের মহেশপুরে মাহাবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে, মৃত মাহবুব তরফদারের অপর এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেন। ফলে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে রয়েছে ওই মরদেহ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব তরফদার মারা যান। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার অভিযোগ রয়েছে যে, তারা বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাই-বোনদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন।

মাহবুব তরফদারের তিন মেয়ে অভিযোগ করে জানান, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের বাবার মরদেহ দাফন করতে দেবেন না। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তারা জানান, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক

মা ও ছেলের সম্পর্কের গল্পনির্ভর নির্মিত ব্যবসাসফল সিনেমা প্রয়াত নায়ক মান্নার ‘আম্মাজান’ আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। এখনো সেই ‘আম্মাজান’ গানটি সিনেমাপ্রেমী দর্শকদের মুখে মুখে শোনা যায়। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও কোটি সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। সম্প্রতি জানা গেছে, কিংবদন্তি অভিনেত্রী শাবানা সেই সিনেমা প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে। তিনি সিনেমাটিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা? সে বিষয়টি জানালেন নির্মাতা।

কিছুদিন আগে, কেন শাবানা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন সিনেমার বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। যদিও সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে শাবানা অভিনয় না করলেও আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘আম্মাজান’ মুক্তির পর বক্স অফিসে এটি সুপার হিট হয়। তবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

‘আম্মাজান’ সিনেমার পরিচালক কাজী হায়াৎ বলেন, আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। যখন তাকে গল্পটি শোনালাম, তিনি কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন— আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন। কিন্তু পরদিন যখন পরিচালক শিডিউল নিতে শাবানার কাছে গেলেন, ঠিক তখনই অভিনেত্রী অপারগতা প্রকাশ করলেন। কাজী হায়াৎ শাবানাকে প্রশ্ন করেন— কেন তিনি এ সিনেমায় অভিনয় করবেন না?

এমন প্রশ্নের উত্তরে শাবানা জানান— মূলত তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সবাই সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। কারণ তারা বলেছিলেন— শাবানা যদি মান্নার মা হয়ে যান, তাহলে তো আর তাদের নায়িকা থাকবেন না। এই কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ বর্ষীয়ান অভিনেত্রী।

কাজী হায়াৎ বলেন, শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন— হায়াৎ ভাই, আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য নতুন বিপত্তি সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য নতুন বিপত্তি সৃষ্টি

মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছে, তা ইসরাইলের আইন ও সেনা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও একটি দেশের রায় অন্য দেশের জন্য সরাসরি প্রযোজ্য নয়, তবুও মিয়ানমারের এই মামলায় গঠিত আইনি উদাহরণ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের অভিযানের বিরুদ্ধে উত্থাপিত গণহত্যার অভিযোগে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায়টি প্রকাশ করা হয়। গণহত্যা প্রমাণ করার জন্য দেখাতে হয় যে, সহিংসতা পরিচালনাকারীরা একটি জনগোষ্ঠীকে ‘পুরোপুরি বা আংশিকভাবে’ শেষ করার পরিকল্পনা করেছিল। এতদিন আন্তর্জাতিক আইনজীবীরা বলতেন যে, লিখিত কোনো প্রমাণ ছাড়া এই উদ্দেশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে রায় দেন যে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও বিভিন্ন ধরনের ‘পরিস্থিতিগত প্রমাণ’ দিয়েই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।

রোহিঙ্গা অভিযানে ১.২ শতাংশ মানুষ নিহত হয়েছে এবং ৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এই অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করলেও আদালত তা গ্রহণ করেনি। বরং দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক বক্তব্য, গণহত্যা, ধর্ষণ, শিশুদের নিশানা করা এবং গ্রাম ভেঙে ফেলার মতো ঘটনার সমন্বয়ে আদালত একে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে।

এই রায় ইসরাইলের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই রায়ে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে প্রমাণ হিসেবে গৃহীত করা হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবেই মামলা করেছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত জনগণের একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যা হতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথকে দুর্বল করে দিয়েছে।

আইসিজের এই রায় চূড়ান্ত এবং আপিল অযোগ্য। তবে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয়। এদিকে, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এই ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ইসরাইল ও গাজা মামলার চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫টি সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫টি সমস্যা

ক্রমাগত ক্লান্তি, খিটখিটে মেজাজ অথবা ওজন ও শক্তির মাত্রা বজায় রাখতে প্রতিদিন সংগ্রাম করতে হয় একজন মানুষকে? তাহলে এবার আপনি একটু সাবধান হোন। তা না হলে কম টেস্টোস্টেরনের কারণে এ আচরণ পরিবর্তন হলে খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের দিকে নজর দিতে হবে।

একটু পরিশ্রম করলেই হাঁপ ধরে যাচ্ছে। কথায় কথায় মেজাজ বিগড়ে যাচ্ছে। ওজনকে নিয়ন্ত্রণে রাখা দূরের বিষয়, দিন দিন তা আরও অবাধ্য হয়ে চলেছে। পেশি ক্ষয়ের সমস্যাও রয়েছে। যেসব কাজ করার জন্য আপনি মুখিয়ে থাকতেন, সেগুলো এখন করতে আর ইচ্ছে করে না। তাহলে হয়তো আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করেছে। এটি তারই লক্ষণ। তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন।

এখন প্রশ্ন হচ্ছে— টেস্টোস্টেরন হরমোন কী? এটি একটি যৌন হরমোন, যা যৌন বিকাশ, পেশির ভর ও লোহিত রক্তকোষের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। এটি গোনাড, মূলত অণ্ডকোষে ও নারীর ডিম্বাশয় (সামান্য) থেকে উৎপন্ন হয়। পুরুষের টেস্টোস্টেরন বিপাক হার নারীর তুলনায় ২০ গুণ বেশি।

এ লক্ষণগুলো জানিয়ে দেবে যে, আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেছে—

১. পেটের চর্বি বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি

পুরুষের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কম হলে ওজন বাড়তে শুরু করে। বিশেষ করে পেটের চারপাশের চর্বি অত্যধিক বেড়ে যায়। স্থূলতার কারণে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। ফলে টেস্টোস্টেরনের উৎপাদন কমতে থাকে। চর্বির কোষ টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তর করতে পারে এবং ফলে টেস্টোস্টেরনের মাত্রা আরও কমে যায়।

স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, যেমন শাকসবজি, চর্বিহীন প্রোটিন, বাদাম, জিংক ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খান। চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত শরীরচর্চা যেমন ভারোত্তোলন, সাঁতার, দৌড়-ঝাঁপ চর্বি পুড়িয়ে পেশি তৈরিতে সাহায্য করে এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে।

২. দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং কম শক্তি

কম টেস্টোস্টেরনের কারণে সারারাত ঘুমের পরও শরীর ক্লান্ত থাকে। শরীরে এনার্জি থাকে না। ডায়াবেটিস বা কিডনি রোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা বাড়ার ফলে ক্লান্তি আরও বাড়ে।

এখন টেস্টোস্টেরন পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা উচিত। সে জন্য হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম আবশ্যক। প্রয়োজনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে উচ্চ কর্টিসলের মাত্রা টেস্টোস্টেরনকে দমন করে ফেলে। মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা মাইন্ডফুলনেস মেডিটেশন খুব ভালো কাজ দেয়। নিয়মিত শারীরিক কার্যকলাপ শক্তি বৃদ্ধি করে এবং হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে।

৩. কামশক্তি হ্রাস এবং যৌন অক্ষমতা

যৌন ইচ্ছা ও কার্যকলাপ হ্রাসের সঙ্গে টেস্টোস্টেরন হ্রাস সরাসরি সম্পর্কযুক্ত। এর ফলে অণ্ডকোষের অসাড়তা, বার্ধক্য অথবা পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাসের সঙ্গে সম্পর্কিত হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়।

এটি পুনরুদ্ধারের উপায় হচ্ছে— শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত শরীরচর্চা। তবে দীর্ঘস্থায়ী অসুস্থতা ও হরমোনের ভারসাম্যহীনতা একমাত্র দূর করতে পারে সঠিক চিকিৎসা। খাদ্যতালিকায় রাখুন অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার।

৪. মেজাজ পরিবর্তন ও মানসিক অস্থিরতা

কম টেস্টোস্টেরন মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করে। যার ফলে বিরক্তি, উদ্বেগ— এমনকি বিষণ্ণতাও দেখা দেয়। মানসিক অস্থিরতা বেড়ে যায়। সে কারণে খাদ্যতালিকার ভারসাম্য বজায় রাখুন। পালংশাক, স্যামন ও আখরোটের মতো ম্যাগনেসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। অতিরিক্ত অ্যালকোহল সেবন হরমোনের ভারসাম্য নষ্ট করে ফেলে এবং মেজাজ পরিবর্তন ঘটায়। তাই অ্যালকোহল সেবন যতটা পারবেন কমিয়ে ফেলুন। নিয়মিত শরীরচর্চা এন্ডোরফিন নিঃসরণ করে, মেজাজকে ভালো রাখতে সাহায্য করে।

৫. পেশির ভর ও শক্তি হ্রাস

পেশি তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য টেস্টোস্টেরন অপরিহার্য। এর মাত্রা কমে গেলে পেশির ভর হ্রাস পেতে পারে। ফলে কায়িক পরিশ্রম করতে কষ্ট হয়।

টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করার জন্য স্কোয়াট, ডেডলিফ্ট এবং বেঞ্চপ্রেসের মতো শরীরচর্চায় মনোযোগ দিন। পেশি মেরামত ও বৃদ্ধি করতে খাদ্যতালিকায় চর্বিহীন মাংস, ডিম, ডাল এবং দুগ্ধজাত খাবারের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। দীর্ঘক্ষণ বসে থাকা বা শারীরিক নিষ্ক্রিয়তা বিপাকীয় প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, ফলে পেশী ক্ষয় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%