ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যালিফোর্নিয়ার কনসার্টে গুলিবর্ষণে ৯ জন আহত, একজনের অবস্থা গুরুতর


ক্যালিফোর্নিয়ার কনসার্টে গুলিবর্ষণে ৯ জন আহত, একজনের অবস্থা গুরুতর

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ার স্ট্র্যাথমোর শহরে একটি কনসার্টে গুলির ঘটনা ঘটে, যার ফলে ৯ জন আহত হন। স্থানীয় শেরিফ দপ্তর রবিবার (২২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কাউন্টি শেরিফের দপ্তরের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ১৫০ জন দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলাকালীন অনির্দিষ্টসংখ্যক সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের ওপর গুলি চালায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শেরিফ বিভাগ জানায়, ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে এবং অস্ত্রোপচারের পর তিনি গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে, এবং বাকি ছয়জনের আঘাত সামান্য।

আরও পড়ুন: নতুন বছরে ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

কর্তৃপক্ষের ধারণা, গুলিবর্ষণের ঘটনাটি গ্যাং-সম্পর্কিত হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় ৩০০০ জনসংখ্যার পার্বত্য শহর স্ট্র্যাথমোরে আয়োজিত ওই অনুষ্ঠানে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন। শেরিফ দপ্তর আরও জানিয়েছে, এলাকায় জনসাধারণের জন্য এখন আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক: ক্রিকেটের আইন কী বলে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক: ক্রিকেটের আইন কী বলে?

ক্রিকেটের ইতিহাসে বহুবারের মতো, এবারও ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে ম্যাচের আগে বা পরে হাত মেলানো বা সৌহার্দ্য বিনিময়ের দৃশ্য দেখা যায়নি। রবিবার (২২ নভেম্বর) দোহায় পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় ভারতীয় এ-রাইজিং স্টার্স দলের খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল নির্লিপ্ততা ও শীতল ভাব।

গত বছরের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকেই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের প্রায় প্রতিটি দলই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলছে, যদিও অন্যান্য খেলায় ভারতীয় দলগুলোর ক্ষেত্রে এমনটি সব সময় দেখা যায় না। তাই তিলক ভার্মার দলও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় না করায় অবাক হওয়ার কিছু ছিল না।

কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি ভুল? এটি কি বেআইনি? ক্রিকেটের চেতনার পরিপন্থী, নাকি বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা হচ্ছে? ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানাচ্ছে, তারা খেলোয়াড়দের হাত মেলানো দেখতে চায়। তবে পরিস্থিতি ভিন্ন হলে, বিশেষ করে ওপর থেকে নির্দেশনা এলে, এ প্রথা পালনে তারা বাধ্য করতে পারে না।

এমসিসির আইনবিষয়ক ব্যবস্থাপক ও ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট বলেন, "হাত মেলানোর বিষয়ে যদি ওপর থেকে কোনো নির্দেশনা আসে, তাহলে সেটি এমসিসির নিয়ন্ত্রণে নেই। আমরা খেলোয়াড়দের হাত মেলাতে দেখতে চাই। তবে আমরা বুঝতে পারি, আরও বড় কিছু বিষয় এখানে জড়িত এবং সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে।"

তিনি আরও বলেন, "কিছু বিষয় ক্রিকেটকে ছাড়িয়ে যায় এবং এমন একটি পর্যায় থেকে আসে, যা নিয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের বাইরে। যেমন ভূরাজনৈতিক পরিস্থিতি। মাঠে কী ঘটে, সেটিই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। খেলোয়াড়রা একে অপরকে সম্মান করেন, আম্পায়ার ও আম্পায়ারের কর্তৃত্বকে সম্মান করেন এবং খেলাটাকেও সম্মান করেন। আমরা শুধু এই বিষয়গুলোই নিয়ন্ত্রণ করতে পারি।"

এমসিসির এই কর্মকর্তা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি২০-এর সঙ্গে রয়েছেন। সেখানে তিনি ক্রিকেটবিশ্বে আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়েও মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দেশটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে ইরানি জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। এই হুমকির প্রেক্ষিতে, ইরানের তেল রফতানিতে ব্যবহৃত একটি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর প্রকাশিত হয়েছে।

এই ঘটনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। ইরান সতর্ক করে বলেছে, যদি তাদের জাহাজে হামলা করা হয়, তাহলে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালানো হতে পারে।

রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজের প্রধান বিদেশবিষয়ক সংবাদদাতা ট্রে ইংস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর এসেছে, সে সম্পর্কে তার কী মতামত।

ট্রাম্প উত্তর দেন, ‘আমি আশা করি, তারা এমনটা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’

ট্রে ইংস্ট জানান, কূটনৈতিক আলোচনায় কোনো সমঝোতা না হলে নতুন বছরের পর ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু করার পক্ষে রয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ইরানি আলোচকদের বিরুদ্ধে অর্থবহ কোনো ছাড় না দিয়ে আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন। তিনি তাদেরকে ‘পেশাদার কথার কারিগর’ বলে কটাক্ষ করেছেন।

ট্রাম্পের এই বক্তব্যগুলো ইঙ্গিত দেয় যে, তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চললেও ওয়াশিংটন সামরিক হামলার পথ খোলা রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ এম


বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে, রাতের সময় কেউ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া, বিনা কারণে রাতের সময়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে।" তিনি উল্লেখ করেন, দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ এম


কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তাঁর বিরুদ্ধে ব্যাপক ঘুষ-বাণিজ্য, শিক্ষক হয়রানি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের ফাইল আটকে তিনি ঘুষ গ্রহণ করেন। উপজেলার ১৭১টি স্কুলের প্রায় এক হাজার শিক্ষক তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন। চাকরি ও প্রশাসনিক হয়রানির ভয়ে কোনো শিক্ষক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলে তাঁকে শোকজের মুখে পড়তে হয়।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিক্ষা কর্মকর্তার এসব নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। শিক্ষকদের অভিযোগ, বেতন পুনর্নির্ধারণ (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা নির্ধারণ ও সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল মঞ্জুর, পেনশন, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ, চিকিৎসা অনুদানের আবেদনে স্বাক্ষর, চিকিৎসা ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি, বদলি, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে তাঁকে ঘুষ দিতে হয়। এ ক্ষেত্রে দপ্তরি কাম প্রহরীদের বেতনের বিপরীতে ঋণ গ্রহণের ক্ষেত্রেও ২ হাজার টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে দিনের পর দিন ঘুরান তিনি।

চাহিদামতো টাকা না দিলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষকদের সারাদিন অফিসে বসিয়ে রেখে সন্ধ্যায় একজন করে ডেকে ঘুষ গ্রহণের বিনিময়ে ফাইল ছাড় করেন শিক্ষা কর্মকর্তা। এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে শিক্ষা কর্মকর্তার শাস্তির মুখে পড়ার ভয়ে কেউ নাম প্রকাশ করতে চান না। তাঁর এ ঘুষ-বাণিজ্যের সহযোগী হিসেবে কাজ করেন কয়েকজন শিক্ষক নেতা।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব শিক্ষকের নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা চাঁদা তোলার নির্দেশ দেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ। গত ১৩ অক্টোবর নিজ বিদ্যালয়ে আয়োজিত সভায় এ নির্দেশ দেন তিনি।

নির্দেশনা অনুযায়ী ৩০০ টাকা করে জমা দেন শিক্ষকরা। এসব টাকা আদায়ের দায়িত্বে ছিলেন শিক্ষক অসিম সাহা, ইব্রাহিম মুন্সী, পলাশ বিশ্বাস, জহুরুল হক, খায়রুল ইসলাম, অমিত, লাবনী খানমসহ বেশ কয়েকজন শিক্ষক। অসিম সাহা ২৩ জন শিক্ষকের কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন। অনলাইনে নিজের ফরম নিজে পূরণ করার নিয়ম থাকলেও শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতারা যোগসাজশ করে এ টাকা আদায় করেছেন।

একাধিক শিক্ষক জানিয়েছেন, তাঁরা নিজেরাই অনলাইনে পে-স্কেল ফিক্সেশনের কাজ সম্পন্ন করেছেন। এরপরও তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকেরা। এ অর্থের একটি অংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের পকেটে গেছে। আর বাকি অংশের ভাগ নিচ্ছেন শিক্ষক নেতা জিহাদুল ইসলাম ও তাঁর সহযোগীরা।

শুধু পে-স্কেল ফিক্সেশন নয়, বেতন সমতাকরণ ও উচ্চতর গ্রেড অনুমোদনেও শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া চলতি অর্থবছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, প্রতিস্থাপন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে উপজেলার রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি, সাতবাড়িয়ার শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পদায়ন করেছেন। এসব পদায়নে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তিনি তাঁর দাপ্তরিক কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন বলে একাধিক শিক্ষক এ প্রতিবেদককে জানিয়েছেন। এর আগে হাতিয়াড়া ক্লাস্টারের এক সহকারী শিক্ষকের নারী কেলেঙ্কারির অডিও প্রকাশ্যে আসার পর ওই শিক্ষককে শোকজ করে শাস্তির ভয় দেখিয়ে তাঁর অপরাধ ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন উত্তম কুমার সরকার।

৪১ নম্বর বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলিনা পারভীনের কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির আবেদনে সুপারিশ করতে অফিস পিয়ন আশিকের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন শিক্ষা অফিসার। এ নিয়ে ওই শিক্ষকের পক্ষে উপজেলা ছাত্রদলের একটি অংশ উত্তম কুমারকে অফিসে অবরুদ্ধ করেন। বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হলে শিক্ষা কর্মকর্তার নানা অনিয়মের খবর প্রকাশ্যে আসতে শুরু করে।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো উপকরণ কেনা হয়নি। টাকা উত্তোলন করে নিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ‘শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার ঘুষ ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করেন না। তিনি নিজেকে সাবেক বিএনপি-ছাত্রদল নেতা পরিচয় দেন এবং তাঁর স্ত্রী জয়ন্ত্রী রুপা রায় ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) বলে তাঁর ক্ষমতার দাপট দেখান। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি উপজেলার হাজারো শিক্ষককে জিম্মি করে বেপরোয়া ঘুষ-বাণিজ্য করছেন। শিক্ষকরা মুখ খুললেই তাঁকে দফায় দফায় শোকজ করা হয়।’

শিক্ষক নেতা জিহাদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেটা বাদ দেওয়া হয়েছে।

এসব অনিয়মের বিষয় শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%