সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২১ এম
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট সিনেটর জন ওসফ। এই জয় অর্জনের পর ৩৯ বছর বয়সী এই নেতা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। নির্বাচনী তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সুইং স্টেট জর্জিয়ায় বিভিন্ন শ্রেণি ও মতাদর্শের ভোটারদের সমর্থন নিয়ে তিনি একটি শক্তিশালী জোট গড়ে তুলেছেন।
যদিও এসব আলোচনা চলছে, তবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন ওসফ। গত অক্টোবরে অনুষ্ঠিত এক বিতর্কে তিনি উল্লেখ করেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার ‘একেবারেই কোনো আগ্রহ নেই’।
তবে, কয়েকটি প্রাথমিক জনমত জরিপে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে ওসফ এগিয়ে রয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের পর এমারসন কলেজের এক জরিপে ১৭ শতাংশ ভোটার তাকে সমর্থন জানিয়েছেন। এই তালিকায় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের চেয়ে তিনি এগিয়ে আছেন। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
জর্জিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে বড় ব্যবধানে জয়লাভের পাশাপাশি মধ্যপন্থি ও প্রগতিশীল—দুই শিবিরের ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন ওসফ। মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটনে প্রগতিশীলদের এক সমাবেশ ‘ক্রুকড কন’-এ অনুষ্ঠিত অনানুষ্ঠানিক জরিপেও ৩৮ শতাংশ প্রথম পছন্দের ভোট পেয়ে শীর্ষে ছিলেন তিনি। এর পরের অবস্থানে ছিলেন যথাক্রমে ওকাসিও-কর্টেজ এবং বুটিজেজ।
জর্জিয়াভিত্তিক লাতিনো রাজনৈতিক সংগঠন গ্যালিও ইমপ্যাক্ট ফান্ড পিএসির প্রধান জেরি গনজালেজ মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওসফ প্রথম পছন্দ হতে পারেন। তিনি ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে পিছপা হন না এবং একযোগে বাস্তবসম্মত পরিবর্তন আনার চেষ্টা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ