১০:৩৩ এম
মাঠের বাইরের একটি ঘটনায় আবারও আলোচনায় আসলেন মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। উত্তর উপকূলের একটি হোটেলে তাকে নিয়ে নতুন সমস্যা তৈরি হয়। তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম এবং সাবেক স্ত্রী হুবাইদার মধ্যে হাতাহাতির এক ঘটনা ঘটে। বিবাদের জেরে একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হোসাম।
স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মিসরীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, এই ঘটনা ঘটেছে উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে। সেই সময়ে হোসাম তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে হোটেলে অবস্থান করছিলেন। এর আগে তারা মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি পরিবেশনা দেখে সেখানে ফিরেছিলেন।
হোটেলে ফেরার পর দেখেন যে হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা সেখানে উপস্থিত হয়েছেন। তারা হোসামের সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং তাকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলার চেষ্টা করেন। এই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু
প্রত্যক্ষদর্শীদের বরাতে উল্লেখ করা হয়েছে, কিছু সময় পরে ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষের আকার ধারণ করে। পরে সেখানে আরও কয়েকজন জড়িয়ে পড়লে হোটেলের ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
ড্যান অ্যাডামের অভিযোগ, ওই বিবাদের সময় তার দিকে গরম কফি ছোড়া হয়। এরপর থাপ্পড় ও ঘুষি মারা এবং চুল টানার ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেছেন।
এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে হোসাম দুই পক্ষের মধ্যে পড়েন। এক সময় অতিরিক্ত চাপের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরবর্তীতে তিনি স্বেচ্ছায় সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিকে, ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ঘটনার সময় তার সঙ্গে কী হয়েছিল, সেই বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: শেষ মুহূর্তে তপুর চোট, জামাল ভূঁইয়া দলের নতুন অধিনায়ক
এর পূর্বে, আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন হোসাম হাসান। মিসর ম্যাচটি হারার পর তিনি ফিফার সমালোচনা করেন। সেই ঘটনার প্রায় দেড় মাস পর পারিবারিক বিবাদের কারণে আবারও খবরের শিরোনামে এলেন এই কোচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন