বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০৫ এম
বিশিষ্ট সাহাবি হজরত রাবিয়া ইবনে কাব আসলামি (রা.)-এর বর্ণনা অনুযায়ী, একবার রাসুল (সা.) আবু বকর (রা.) এবং রাবিআহ আল-আসলামি (রা.)-কে একটি খণ্ড জমি প্রদান করেন। কিছুদিন পর, তাঁদের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে আবু বকর (রা.) রাবিআহ (রা.)-কে এমন একটি কথা বলেন, যা অত্যন্ত পীড়াদায়ক ছিল। কিন্তু কথাটি বলার পরপরই আবু বকর (রা.) প্রচণ্ড অনুতপ্তবোধ করেন।
তিনি রাবিআহ (রা.)-কে অনুরোধ করেন, "তুমিও আমাকে একই রকম কিছু বলে প্রতিশোধ নাও।" তবে রাবিআহ (রা.) প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানান। আবু বকর (রা.) বলেন, "তুমি অবশ্যই (আমাকে মন্দ কথা) বলবে নতুবা তোমার বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে নালিশ করব।" তবুও তিনি অস্বীকৃতি জানালেন।
অবশেষে, দুজনেই রাসুলুল্লাহ (সা.)-এর কাছে যান। সবকিছু শুনে রাসুল (সা.) রাবিআহ (রা.)-কে বলেন, "না, তুমি তার কথার জবাবে কটু কথা বলবে না, বরং তুমি বলো, হে আবু বকর! আল্লাহ আপনাকে মাফ করে দিন।" রাসুল (সা.)-এর এই শিক্ষণীয় পরামর্শ শুনে আবু বকর (রা.) কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন। (মুসনাদে আহমাদ, হাদিস : ১৬৬২৭)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে তুরস্কে। এই সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন দেখা গেছে। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের যোগাযোগকে আরও শক্তিশালী করার বিষয়টি আলোচনা করা হয়েছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের অভিমত অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন। এই প্রেক্ষাপটে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ছাত্রদলের কর্মীসহ তিনজনকে মারধর করে আহত করেছে। এই ঘটনা ঘটেছে বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে, কালীগঞ্জ থানার নিকটবর্তী মুরগি হাটে।
আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রদল কর্মী তৌফিক (২৪), আলমগীর হোসেন (৫০) এবং মাহবুর রহমান (৩০)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসাদুলসহ ২০ থেকে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হঠাৎ করেই হামলা চালিয়ে ছাত্রদলের কর্মীসহ তিনজনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, ‘ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার জন্য এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করার লক্ষ্যে ভারত ব্যাপক পরিবর্তন করেছে বিদ্যমান ব্যবস্থায়। নতুন কাঠামোয় ভিসার প্রধান শ্রেণির সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৯টিতে নামানো হয়েছে। একইসাথে উপশ্রেণির সংখ্যা ৪৯ থেকে ২৩টিতে হ্রাস করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ভারত সফরের জন্য আগ্রহীদের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার ধরন পুনর্গঠনের পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হলো।
নতুন নিয়মের অধীনে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। এর আওতায় সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হয়েছে।
এই ভিসার দুটি ধরন হলো ভি-১ ও ভি-২। প্রথমটির মেয়াদ ৩০ দিন, যার মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে, দ্বিতীয়টির মেয়াদ যোগ্যতা অনুসারে এক, পাঁচ কিংবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই সুবিধায় পর্বতারোহণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিকিৎসাসেবা নিতে যাওয়া বিদেশিদের জন্য আলাদা বিধান প্রবর্তন করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসায় এম-৩ ভিসা প্রদান করা হবে। উভয়টির স্বাভাবিক মেয়াদ এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসাতেও একই সুবিধা পাওয়া যাবে।
রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এটি চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পুনরায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নতুন করে আবেদন করার প্রয়োজনীয়তা কমাবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগ যুক্ত।
শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। প্রথমটির আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা গ্রহণ করা যাবে। দ্বিতীয় শ্রেণিতে থাকবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এর কার্যকারিতা নির্ধারিত হবে।
ব্যবসায়িক ভিসা বি-১ ও বি-২ শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি উদ্যোগ পরিচালনায় প্রথমটি ব্যবহার করা যাবে। দ্বিতীয়টির আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণ।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালু হচ্ছে। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ সুবিধা মিলবে। ই-ভিসা ব্যবস্থাতেও আবেদন করা যাবে।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম চালুর উপযোগী করতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।
সংশোধিত কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।
তথ্যসূত্র : এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরু হতে মাত্র এক সপ্তাহ বাকি ছিল। কিন্তু শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার) খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া খেলোয়াড়দের উদ্দেশ্যে ফেডারেশন একটি চিঠিতে লিখেছে, ‘আমরা বিশ্বকাপের আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ বাতিলের কঠিন সিদ্ধান্তের কথা জানাচ্ছি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’
চিঠিতে সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে আরো উল্লেখ করা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাতারবিষয়ক তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নির্দেশনাসহ বর্তমান পরিস্থিতিতে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তাই আমাদের কাছে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কতায় উল্লেখ করা হয়েছে।
৪৮ দলের এই বিশ্বকাপ ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৩ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচটি ছিল ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিরুদ্ধে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
গত আসরেও কাতারে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। সেবার যুক্তরাষ্ট্র শেষ ৩২ থেকে বিদায় নিয়েছিল। ২০২৪ সালে ফিফা ঘোষণা করেছে, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতার অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ