মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৩৫ পি.এম
বর্তমানে শিক্ষায় বাজেটের বরাদ্দ ৩ দশমিক ৪ শতাংশ রয়েছে। প্রধানমন্ত্রী এই বরাদ্দকে ৫ শতাংশে উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উৎসাহিত করার জন্য একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবসের-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
এসময় এহসানুল হক মিলন বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। তিনি তখন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তার মতে, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই ওই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করার জন্য তাদের সাইকেল দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
শিক্ষক নিয়োগে বিলম্বের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি জটিলতায় আটকে আছে। দ্রুত এসব জটিলতা দূর করে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।
বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর কাঠামো নিয়েও শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংসহ একাধিক বিভাগ খোলার যৌক্তিকতা পর্যালোচনা করা প্রয়োজন। লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা ও দেশে বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানও বিবেচনায় নেওয়া উচিত।
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহনের যুগে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স থাকা জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালু করা প্রয়োজন। এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দুই বছর ধরে আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধুমাত্র সুন্দর অবকাঠামো তৈরি করলেই হবে না; এ বিনিয়োগের যথাযথ ফলও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন, তাদের কর্মজীবনের অবস্থান কী- অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণ করা জরুরি।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের কৃতিত্বের অংশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরও প্রাপ্য।
তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতে হবে।
কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
এর আগে ক্যাম্পাসে অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ র্যালি, স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন ঐতিহ্য ও ভবিষ্যৎ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা, প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন আয়োজন ও কর্মসূচি ঘিরে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইউজিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন বলতে কেবল নতুন ভবন বা অবকাঠামো নির্মাণকে বোঝায় না। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও সামগ্রিক অগ্রগতির একটি অপরিহার্য অংশ।’
রুয়েটের বিদ্যমান শান্ত ও সবুজ পরিবেশের প্রশংসা করে তিনি ক্যাম্পাসের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সেটিকে আরো সুপরিকল্পিত ও সবুজ হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।
শিক্ষার গুণগত মান ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান হতে পারে না। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানের পাশাপাশি উচ্চ নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে প্রথমবারের মতো জব ফেয়ার আয়োজন করা হয়েছে জেলায়।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
জব ফেয়ার অনুষ্ঠানে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের শীর্ষস্থানীয় মোট ৫১ টি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি নিচ্ছেন। একই সঙ্গে মেলায় চাকরিপ্রত্যাশী প্রার্থীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময়ে এসে তাদের আগ্রহ প্রকাশ করেন। এই বিষয়গুলো মাথায় রেখেই আজকের জব ফেয়ার আয়োজন করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, এ জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে সক্ষম হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। তিনি আরও জানান, পরবর্তীতেও এ ধরনের জব ফেয়ার আয়োজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা বাজার অংশের রাস্তাটির দীর্ঘদিনের বেহাল দশা এখন চরম ভোগান্তিতে রূপ নিয়েছে। ব্যস্ততম এই সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় সড়কের দুই পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানি ও ভারী যানবাহনের চাপে সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তেঁতুলতলা বাজার এলাকার প্রধান সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে। অনেক স্থানে এমন বড় বড় গর্ত তৈরি হয়েছে যে, সেখান দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাচালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার পানি নামার কোনো জায়গা নেই। বৃষ্টি হলে বা রাস্তার ধারের দোকানপাট থেকে ব্যবহৃত পানি সরাসরি রাস্তায় এসে জমা হয়। ফলে রাস্তাটি পচে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এই জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসাতেও মারাত্মক প্রভাব পড়ছে, গ্রাহকরা দোকানে আসতে চাচ্ছেন না।
ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও, কাদা-পানি ছিটকে পথচারীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সড়কটি সংস্কার এবং সড়কের দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে শুধু যান চলাচলই সহজ হবে না, বরং ভবিষ্যতের বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেও সবাই রক্ষা পাবে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ