মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৯ পি.এম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদরাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া কমপ্লেক্সের উদ্যোগে বরকতময় ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর শুক্রবার বরিশালের ইউরো কনভেনশন হলে দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাদরাসার চলমান কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার লক্ষ্যে আজীবন সদস্য ও দাতা সদস্যপদ গ্রহণ করেন ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং তরুণ সমাজসেবক মো. জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, দাতা সদস্য ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার এবং একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় মাদরাসার উন্নয়নে মো. জিয়াউল মোর্শেদ সাদ্দামের এগিয়ে আসার উদ্যোগকে স্বাগত জানানো হয়।
সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং তালগাছিয়া মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কিছু মার্কিন সামরিক বিমানকে দ্রুত সরানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা খতিয়ে দেখছেন, ইরানের পক্ষ থেকে আসা হুমকি সাধারণ ধরনের, নাকি নির্দিষ্ট কোনো স্থাপনা বা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে স্থানান্তর করা হয়। এরপর দিনব্যাপী আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য সামরিক ঘাঁটিতে সরানো হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, পরিচালনাগত প্রয়োজনের অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন ঘাঁটির মধ্যে সামরিক বিমান স্থানান্তর করা হয়ে থাকে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাজ্য সাধারণত কোনো বক্তব্য দেয় না। তবে পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়।
গত মাসে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও মার্কিন বিমানবাহিনী নিয়েছিল। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি ব্যবহার করেছিল।
এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর সংখ্যা আরো বাড়তে পারে বলেও দেশটির কর্মকর্তারা আগে সতর্ক করেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর এবং শীর্ষ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে ঢাকা–আঙ্কারা সম্পর্কের যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, এই বৈঠক তারই ধারাবাহিকতা।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে আন্তালিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন এবং দেশজুড়ে মুসলিমবিরোধী ও বর্ণবাদী দাঙ্গার প্রাক্কালে একটি বড় ধরনের মুসলিমবিরোধী ইনফ্লুয়েন্স বা প্রোপাগাণ্ডা অভিযানে ইসরায়েলের সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকদের একটি নতুন অনুসন্ধানে দেখা গেছে, এই গোপন অপপ্রচারের উৎস হিসেবে ইসরায়েলকে শনাক্ত করা হয়েছে।
মর্ক ওয়েন জোন্স (Marc Owen Jones) এবং সোহান ডি’সুজা (Sohan Dsouza) নামে দুই খ্যাতনামা গবেষক ও শিক্ষাবিদ এই তদন্তটি পরিচালনা করেন। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবং পরবর্তীতে সাউথপোর্ট হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া মুসলিমবিরোধী দাঙ্গার পূর্ববর্তী মাসগুলোতে এই প্রোপাগাণ্ডা কার্যক্রম চরম পর্যায়ে পৌঁছায়।
প্রোপাগাণ্ডার মূল কৌশল ও বিস্তার
অভিযানটিতে কাতারকে জড়িয়ে ব্রিটেন দখল করার একটি কাল্পনিক ও ভীতিপ্রদ ইসলামীকরণ এজেন্ডা প্রচার করা হয়। এর অংশ হিসেবে বড় অংকের অর্থে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন প্রচার করা হতো। গবেষকদের তথ্যমতে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যের টার্গেটকৃত এই প্রোপাগাণ্ডামূলক উপাদানগুলোর প্রদর্শন বা রিচ ১৫ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
তদন্তে আরও জানা যায়, এই প্রচারাভিযানের ডিজিটাল এডিটিং ট্রেইল, মেটাডেটা এবং ফিক্সড আইপি অ্যাড্রেস বা ফোল্ডারের নাম বিশ্লেষণ করে দেখা গেছে যে এর কার্যক্রমের উৎপত্তিস্থল ইসরায়েল। যদিও অভিযানের পেছনে ঠিক কারা অর্থায়ন করেছে বা চূড়ান্ত নির্দেশদাতা কে—তা সরাসরি নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে ইসরায়েলভিত্তিক শক্তিশালী ডিজিটাল ফুটপ্রিন্ট স্পষ্ট হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ধরনের রাজনৈতিক অপপ্রচার ও বিদেশি অর্থায়নে পরিচালিত হেট স্পিচ বা ঘৃণা ছড়ানোর নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোর্স: আইকিউএনএ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ