০৯:১২ এম
ভৈরব রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির ঘটনা দেখতে গিয়ে তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে আর্থিক প্রয়োজনে স্বর্ণ বন্ধক রাখার জন্য তাড়াইল থেকে ভৈরবে আসেন মরিয়ম। পরে তিনি তার বোনের বাড়িতে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় প্ল্যাটফর্মের একটি দোকানের সামনে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মানুষের ভিড় দেখতে পান মরিয়ম। ঘটনাটি দেখতে তিনিও সেখানে এগিয়ে যান। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের ওপর পড়ে যান। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পায়েও গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মমিনুর রহমান রবিন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পায়ে গুরুতর জখম দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে ঢাকায় নেওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।
একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্ল্যাটফর্মে মানুষের ভিড়ের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন