ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ


ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তাদের মতে, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা ঘটবে। ওই সময় চাঁদের আলো প্রায় থাকবে না, যা সামরিক অভিযান পরিচালনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে বলে মনে করছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা এবং ভবিষ্যতে যাতে এটি পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করার জন্য আরও হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমনের অবিশ্বাস্য জয়

ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি চূড়ান্ত করছে। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: ফক্স নিউজ

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে চিফ অব স্টাফ গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগার ঘটনা

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

তবে বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী নিয়োগ: অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী নিয়োগ: অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র

রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’-এর (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দক্ষ পুরুষ কর্মীদের জন্য দুটি পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়া গমনের জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করতে হবে না।

পদের নাম, সংখ্যা ও বেতন কাঠামো

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি দুটি ভিন্ন পদে দক্ষ কর্মী নিয়োগ দেবে :

১. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (Operations Assistant)

২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স (Technical Skill Workers)

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পদ মিলিয়ে মোট ১১২ জন দক্ষ কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

মাসিক মূল বেতন : উভয় পদের জন্যই মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (আরএম), যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ৫২ হাজার টাকার বেশি।

আবেদনকারীদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

অপারেশনস অ্যাসিস্ট্যান্ট

প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক, উচ্চতর ডিগ্রিধারী বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর অবশ্যই ইংরেজিতে লেখা, পড়া ও যোগাযোগের দক্ষতা, মাইক্রোসফ্ট এক্সেলসহ বেসিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।

এছাড়া ওয়্যারহাউস সংক্রান্ত কাজের ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা, ফর্কলিফ্ট (Forklift) ও রিচ ট্রাক (Reach truck) পরিচালনায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স

ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।

ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ওয়্যারহাউসার নেটওয়ার্ক ক্যাবলিং, আইটি ইকুইপমেন্ট, মাইক্রোসফ্ট এক্সেল পরিচালনায় পারদর্শিতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) পড়ার ক্ষমতা থাকতে হবে।

চাকরির মূল শর্তাবলি

বয়সসীমা : আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মঘণ্টা ও চুক্তি : দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। চাকরির প্রাথমিক চুক্তি ৩ (তিন) বছরের জন্য, যা পরবর্তীতে নবায়নযোগ্য।

অন্যান্য সুবিধা : কম্পানি ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা বহন করবে।

পাসপোর্টের মেয়াদ : প্রার্থীর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি দিয়ে বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন লিংক ব্যবহার করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর সময় : ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

অনলাইন আবেদনের ভিত্তিতে প্রাথমিক বাছাই হিসেবে ৩০০ (তিনশ) জন প্রার্থীকে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। পরবর্তীতে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধির প্রত্যক্ষ ইন্টারভিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন প্রার্থীকে চূড়ান্ত নির্বাচন করা হবে।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র

ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলে প্রার্থীর সাথে রাখতে হবে—

১. সাদা ব্যাকগ্রাউন্ডের ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

২. মূল পাসপোর্ট এবং সকল পাসপোর্টের এক সেট রঙিন ফটোকপি।

৩. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র।

৪. জাতীয় পরিচয়পত্র (NID)।

৫. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।

বিশেষ সতর্কতা ও নির্দেশনা

বোয়েসেল কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছেন, এটি একটি সম্পূর্ণ স্বচ্ছ ও বিন খরচের নিয়োগ প্রক্রিয়া। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়েই কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তাই এ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার জন্য বোয়েসেল-এর পক্ষ থেকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাজন রেইনফরেস্টে প্রায় ১২ হাজার ৬০০ বছরের প্রাচীন শিলাচিত্র, আট মাইল বিস্তৃত ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


আমাজন রেইনফরেস্টে প্রায় ১২ হাজার ৬০০ বছরের প্রাচীন শিলাচিত্র, আট মাইল বিস্তৃত ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’

কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের সেরানিয়া দে লা লিন্ডোসা অঞ্চলে একটি প্রাগৈতিহাসিক যুগের চমকপ্রদ শিলাচিত্র ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। ব্রিটিশ ও কলম্বিয়ান প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল প্রায় আট মাইল (প্রায় ১৩ কিলোমিটার) দীর্ঘ বিশাল পাথরের দেওয়াল ও ক্যানভাস জুড়ে লাল গিরিমাটি দিয়ে আঁকা হাজার হাজার চিত্রকর্মের সন্ধান পেয়েছে। এ কারণে প্রত্নতত্ত্ববিদরা এটিকে ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’ হিসেবে অভিহিত করেছেন। আবিষ্কারের সময়কাল ও বয়স নির্ধারণে গবেষকরা জানিয়েছেন, এসব দেয়ালচিত্র আনুমানিক ১১ হাজার ৮০০ থেকে ১২ হাজার ৬০০ বছর আগে শেষ তুষারযুগের শেষভাগে অঙ্কিত হয়েছিল।

এ আবিষ্কারের অন্যতম আকর্ষণ হলো বিলুপ্ত মেগাফনার প্রাণীদের স্পষ্ট চিত্রায়ণ। চিত্রগুলোর মধ্যে মাস্টোডন (হাতির প্রাচীন প্রজাতি), প্যালিওলামা (বিলুপ্ত উটজাতীয় প্রাণী), জায়ান্ট গ্রাউন্ড স্লথ এবং প্রাগৈতিহাসিক ঘোড়ার অবয়ব দেখা গেছে। এটি নির্দেশ করে যে, আদিম মানুষেরা আমাজনে বসবাসকালে এ বরফ যুগের প্রাণীদের সঙ্গে সহাবস্থান করত।

চিত্রগুলোর মধ্যে মানুষের হাতের ছাপ, দলবদ্ধ নৃত্য, বিভিন্ন জ্যামিতিক নকশা, শিকারের দৃশ্য এবং গাছের গুঁড়ি ও কাঠের সিঁড়ি বেয়ে মানুষের ওপরে ওঠার বিভিন্ন চিত্রাঙ্কনও রয়েছে। পাথরের খাড়া দেওয়ালের মাটি থেকে ৫০ ফুট বা তারও বেশি উঁচুতে সূক্ষ্মভাবে ছবিগুলো আঁকা হয়েছে, যা নির্দেশ করে যে প্রাচীন শিল্পীরা সেই যুগে বাঁশ বা কাঠের তৈরি উঁচু ভারা ব্যবহার করতেন।

আমাজনের প্রতিকূল আর্দ্র আবহাওয়া সত্ত্বেও এসব চিত্রকর্ম পাথরের প্রাকৃতিক ছাউনি বা শেল্টারের নিচে থাকায় হাজার বছর ধরে রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষিত থেকেছে। কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্ক গেরিলাদের ঐতিহাসিক শান্তি চুক্তির পর এ অঞ্চলটি গবেষকদের জন্য নিরাপদ হওয়ায় যৌথ দল অভিযান পরিচালনা করে এ যুগান্তকারী আবিষ্কার জনসমক্ষে নিয়ে আসে। এটি আমাজন অববাহিকায় প্রথম মানব বসতি গড়ে ওঠার সময়কাল ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে।

এ প্রাগৈতিহাসিক আবিষ্কার ও বরফ যুগের চিত্রকর্মগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেখতে পারেন 8-Mile-Long Canvas of 12600-Year-Old Rock Art Discovered in Amazon Rainforest ভিডিওটিতে। আমাজনের দুর্গম গিরি প্রাচীরে আবিষ্কৃত ১২ হাজার ৬০০ বছরের পুরনো এসব চিত্রকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বৈজ্ঞানিক তাৎপর্য সহজে বোঝার জন্য এ ভিডিওটি অত্যন্ত প্রাসঙ্গিক। সূত্র : ইন্ডি ১০০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি, এ কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন যে, পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের উদ্দেশ্যে সরকার ইতোমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করেছে।

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘মজুরি এখনো ঠিক হয় নাই। নতুনভাবে মজুরি নির্ধারণ করার জন্য একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।’

বোর্ডের কর্মপরিকল্পনা ও কার্যপরিধি তুলে ধরে তিনি আরো বলেন, ‘তাদের সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেন তারা অর্পিত দায়িত্বটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারে। আমাদের মূল লক্ষ্য হলো—আগামী জানুয়ারি থেকেই যাতে শ্রমিকদের নতুন হারে নির্ধারিত মজুরি পরিশোধ করা সম্ভব হয়।’

তিনি পুনর্ব্যক্ত করেন যে, মজুরি এখনো চূড়ান্ত হয়নি; বিষয়টি পর্যালোচনা করে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণের জন্যই বোর্ড কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%