০৮:১৬ পি.এম
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোঠা এলাকায় জেলে মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গ্রামবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জয়মনি ঠোঠা এলাকায় নিখোঁজ মিরাজ শেখের বিষয়ে জানার জন্য স্থানীয়রা কোস্ট গার্ড ক্যাম্পের দিকে এগোলে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিখোঁজ মিরাজ শেখের খোঁজ নিতে আসার সময় গ্রামবাসীর সঙ্গে কোস্ট গার্ডের সংঘর্ষ সংঘটিত হয়। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার জন্য কোস্ট গার্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়।
ঘটনার পর নিখোঁজ মিরাজ শেখের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম এবং বোন লিজা ইসলামকে কোস্ট গার্ড হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে বলে স্থানীয়দের দাবি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোংলা থানা পুলিশের, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে জয়মনি ঠোঠা এলাকায় পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানা যাচ্ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
উল্লেখযোগ্য যে, জেলে মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরা ছাড়াও ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পরিবারের সদস্যদের দাবি, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জয়মনি ঠোঠা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সাদা পোশাক পরা দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। খবর পেয়ে মিরাজের স্ত্রী মুক্তা বেগম সেখানে গিয়ে দেখেন, কোস্ট গার্ডের একটি স্পিডবোটে করে মিরাজকে মোংলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এরপর থেকেই মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন। এরপর মিরাজের সন্ধানে তার পরিবার মোংলা ও বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে দীর্ঘ দুই মাস অতিবাহিত হওয়ার পরও তার কোন সন্ধান মেলেনি।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন