০৬:০০ এম
রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ভাটারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য এবং মিরপুর ১১ নম্বর এলাকায় নাভানা টাওয়ারের সামনে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় এসআরবির এক সদস্য আহত হন।
আরও পড়ুন: মিরপুরে বসুমতি পরিবহনের বাসে রাতে আগুন লাগলো
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, "আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
একই সময় মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানান পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ।
তিনি বলেন, "সিআইডি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হননি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপের পর তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টি, শীত নামছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।"
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবন-সংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন জানান, ক্যাম্পাসে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণ হয়েছে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে আরও একজনকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, "টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে।"
আরও পড়ুন: স্পিকার জানালেন, সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম কারাগারে
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।"
রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আরও পড়ুন: আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
রোববার রাতে পান্থপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই রাতে মিরপুর ১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন। এছাড়া যাত্রাবাড়ীর কাজলা স্টেশন এলাকায় (ডেমরা রোড) ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, "বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন: আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন