ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

টেকনাফে ডাকাত সানাউল্লাহর ঘরে উদ্ধার হলো দুই পিস্তল ও চার রাউন্ড গুলি


টেকনাফে ডাকাত সানাউল্লাহর ঘরে উদ্ধার হলো দুই পিস্তল ও চার রাউন্ড গুলি

কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান চালানো হয়। পরে দিবাগত রাত ১২টার দিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, ১৬ এপিবিএন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি করে। এ সময় ঘর থেকে উদ্ধার হয় দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে তিনটি ৭.৬৫ বোরের পিস্তলের এবং একটি একনলা বন্দুকের গুলি। এছাড়া, ঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে উদ্ধার করা সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের অধিনায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের্মিনের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে মাদ্রিদকে পরাজিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ এম


ফের্মিনের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে মাদ্রিদকে পরাজিত করেছে

বার্সেলোনা শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। হ্যান্সি ফ্লিকের দলের ফের্মিন লোপেসের জোড়া গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-১ গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (৮ নভেম্বর) রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। সপ্তম মিনিটে অ্যাতলেটিকোর মার্ক পুবিলের হেড ক্রসবারে লাগে। পরবর্তী মিনিটেই পেদ্রির শটও ক্রসবারে বাধা পায়।

দশম মিনিটে জুলিয়ানো সিমেওনের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফের্মিন লোপেস সমতা ফেরান। পেদ্রির পাস থেকে পাওয়া বলটি দারুণ শটে জালে প্রবেশ করান তিনি।

বিরতির পর বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৬৫তম মিনিটে লামিন ইয়ামালের পাস ধরে ফের্মিন তার দ্বিতীয় গোলটি করেন। এরপর আর কোনো গোল না হওয়ায় কাতালানরা জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে বার্সেলোনা ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাপরিচালক আবদুল মোতালেবের উদ্বোধন, আনসার সদস্যদের নতুন ব্যারাক 'প্রত্যয়'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ এম


মহাপরিচালক আবদুল মোতালেবের উদ্বোধন, আনসার সদস্যদের নতুন ব্যারাক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আবাসন সুবিধার সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত আধুনিকায়নের ধারাবাহিকতায় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদরের দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’-এর উদ্বোধন করেছেন।

তিনি রবিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্যারাকটির উদ্বোধন করেন।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ব্যারাকটি প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। সদস্যদের স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন ও দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে আধুনিক ডাইনিংসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এর ফলে সদর দপ্তরে কর্মরত সদস্যদের জন্য উন্নত, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল আবাসন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা বাহিনীর জীবনমান উন্নয়নে আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, বাহিনীর সদর দপ্তরের সার্বিক উন্নয়নকে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কাঠামোর আওতায় আনতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রেক্ষাপটে ভূমির সীমাবদ্ধতা বিবেচনায় প্রতিটি স্থাপনা ও জায়গার সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের অপচয় কিংবা অপ্রয়োজনীয় বিলাসিতার সুযোগ নেই। সদরের সদস্যদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনের জন্য সম্প্রতি সম্প্রসারিত ভবনে আবাসন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি আবাসন সংকট নিরসনে বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় এক হাজার সদস্যের ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সৈনিক ব্যারাক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুততম সময়ে প্রণয়নের কার্যক্রম চলছে।

মহাপরিচালক আরও বলেন, বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার, আবাসন সুবিধা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের অন্যতম প্রধান অঙ্গীকার। অবকাঠামো ও সম্পদের সঠিক ব্যবহার ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে ব্যারাকসহ সদর দপ্তরের বিভিন্ন স্থাপনার প্লাম্বিং, বৈদ্যুতিক ব্যবস্থা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও সচেতন, আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সমন্বিত উদ্যোগ, নিয়মিত পরিচর্যা ও কার্যকর তদারকির মাধ্যমে স্থাপনাগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব বজায় রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পেশাদারিত্বের বিষয়ে মহাপরিচালক বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীতে ব্যক্তিস্বার্থ, দায়িত্বে অবহেলা কিংবা কোনো ধরনের অনৈতিক আচরণের সুযোগ নেই। তিনি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অবদান রাখা সদস্যদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। রাষ্ট্র ও বাহিনীর প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে নিজ নিজ দায়িত্ব শতভাগ সততা, নিষ্ঠা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। সর্বোচ্চ শৃঙ্খলা, ব্যক্তিগত কর্মনিষ্ঠা, জবাবদিহি ও পেশাদার আচরণের সমন্বয়ের মাধ্যমেই একটি আধুনিক, দক্ষ ও কার্যকর বাহিনী গড়ে তোলা সম্ভব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের কুর্দিস্তানে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ এম


ইরাকের কুর্দিস্তানে খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের বৃহত্তম জ্বালানি স্থাপনা খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ফলে গ্যাসক্ষেত্রের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটি একটি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এই ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটে এবং চারপাশে কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ও অনুসন্ধান সংস্থা সনদ ইরাকি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে যে, সুলাইমানিয়া প্রদেশের খোর মোর গ্যাসক্ষেত্রের অভ্যন্তরে তীব্র বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একটি অজ্ঞাত ড্রোন দ্বারা ক্ষেত্রটিতে সরাসরি আঘাত হানা হয়। হামলায় কোনো প্রাণহানি ঘটেছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ স্থানীয় সম্প্রচারমাধ্যম কুর্দিস্তান ২৪-কে জানিয়েছেন, হামলার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যাবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘পুরো অঞ্চল জুড়ে যাতে সম্পূর্ণ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, সেজন্য বিদ্যুৎ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ডোকান ও দারবান্দিখান বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালু করা হচ্ছে এবং বিকল্প জ্বালানিচালিত স্টেশনগুলোর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো অতি জরুরি ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’

খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় কার্যকর প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। সুলাইমানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত এই স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাস এবং ক্রিসেন্ট পেট্রোলিয়ামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম পার্ল পেট্রোলিয়াম দ্বারা পরিচালিত হয়। কুর্দিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রায় ৮০ শতাংশ কাঁচামাল গ্যাস এই একটি ক্ষেত্র থেকেই সরবরাহ করা হয়।

কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় খোর মোর গ্যাসক্ষেত্রটি দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৬ এপ্রিল একটি আত্মঘাতী ড্রোন হামলায় তরল গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কর্মরত চারজন ইয়েমেনি শ্রমিক নিহত হন। তখনও বিদ্যুৎ সরবরাহ ৮০ শতাংশ হ্রাস পেয়েছিল।

এছাড়া ২০২৪ সালের জানুয়ারি ও ২০২২ সালেও দফায় দফায় রকেট ও ড্রোন ছুড়ে গ্যাসক্ষেত্রটিতে দৈনিক ২৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির সম্প্রসারণ প্রকল্প ব্যাহত করা হয়।

এখন পর্যন্ত কোনো পক্ষ এই ড্রোন হামলার আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি। তবে অতীতে ইরাকের কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বিশ্লেষকরা প্রতিবেশী কিরকুক ও সালাহউদ্দিন করিডরে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।

বাগদাদ ও এরবিলের মধ্যে তেল-গ্যাস রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, নিজস্ব জ্বালানি রফতানির চেষ্টা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ছায়াযুদ্ধের কারণে এই স্থাপনা বারবার রাজনৈতিক ও সামরিক ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ এম


মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ সোমবার জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) কার্যক্রম শুরু হচ্ছে। এই সম্মেলনটি তুরস্কের আনতালিয়ায় অবস্থিত এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কে যাচ্ছেন, যা তুরস্ক সরকারের আমন্ত্রণে হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ নভেম্বর এবং ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং সম্মেলনে দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। প্রধানমন্ত্রীর অন্যান্য বৈঠকগুলো সাইডলাইনে অনুষ্ঠিত হবে, যা আজ আলোচনা করে চূড়ান্ত করা হতে পারে। এ তথ্য সরকারী সূত্র এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে।

বাংলাদেশ এবারের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) উন্নত বিশ্বের কাছে কার্যকর এবং সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে, যা অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা জরুরি।" তিনি উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে।

মিন্টু উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে বলেন, "এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।" তিনি কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।" বাংলাদেশ এ সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দেবে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান এবারের সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ আনতালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে এবং এটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এবারের সম্মেলনের লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা এবং ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো।

জানা গেছে, প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করবেন। তিনি সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা হবেন। বিকেলে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থাকবেন এবং পরে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশ্যে রওয়ানা করবেন। প্রধানমন্ত্রীকে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু কালের কণ্ঠকে জানান, "তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক যাবেন। আগামীকাল তাঁরা তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।"

জানা গেছে, ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত পরিস্থিতি বা এল-নিনোর প্রভাবে প্রকৃতির রুক্ষ ও অশান্ত রূপ দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, যখন বছর ঘুরে তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় কপের ৩১তম আসর শুরু হচ্ছে। এবারের সম্মেলনকে পরিবেশ ও জলবায়ুবিদরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিশেষ করে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীতকরণ, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস এবং ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশে কমানোর মতো এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হবে।

প্যারিস চুক্তির ধারাবাহিকতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি অর্জনে বর্তমান বৈশ্বিক প্রচেষ্টা পর্যালোচনার দাবি রাখে। বিগত কপ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নির্গমন হ্রাস এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের গতি ছিল ধীর। ফলে এবারের কপ-৩১ ঘিরে বিশ্ববাসীর প্রধান দাবি হলো—আলোচনা যেন মুখের আশ্বাসে আটকে না থেকে কার্যকর সিদ্ধান্তে রূপ নেয়।

বাংলাদেশের প্রত্যাশা এবারের কপ-৩১ সম্মেলনে অনেক। কারণ, ভৌগোলিক ও পরিবেশগত কারণে বাংলাদেশের মতো নিচু ও উপকূলীয় দেশগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। তাই এই সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি ও প্রত্যাশার মধ্যে রয়েছে- লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকরকরণ, খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অপূরণীয় ক্ষতির ক্ষতিপূরণ পেতে ‘লস অ্যান্ড ড্যামেজ’ ফান্ড দ্রুত চালুর জোর দাবি। সহজলভ্য জলবায়ু অর্থায়ন তথা উন্নয়নশীল দেশগুলোর পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা। অভিযোজন তহবিল বৃদ্ধি তথা জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বৈশ্বিক অভিযোজন ফান্ডের বরাদ্দ দ্বিগুণ করার দাবি জানানো।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল এলডিসি, জি-৭৭ এবং সমমনা দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে।

তিনি জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং আলাদা একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে, যা বাংলাদেশের অভিযোজন অভিজ্ঞতা ও জলবায়ু সংক্রান্ত উদ্যোগ আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%