০৫:১৯ পি.এম
কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু ঘটেছে। এই নারীর নাম লিমা আক্তার (৩০)। এই ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ জসিম (৩৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড় ছড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। লিমা ও জসিম ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং তারা পেশায় সমুদ্রসৈকতের ফিশ ফ্রাই বিক্রেতা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা ভারী বর্ষণ চলছে। এই পরিস্থিতিতে, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছিল এই দম্পতি ও তাদের দুই সন্তান। ঘটনার সময় সন্তানরা ঘরের বাইরে থাকলেও স্বামী এবং স্ত্রী দুজনেই ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকেল ৩টার দিকে চারটি বড় আকৃতির গাছসহ পাহাড়ের একাংশ তাঁদের ঘরের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মাটির নিচে চাপা পড়ে তারা দুজনেই।
আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
এর পর স্থানীয়রা দ্রুত মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। তবে, এর আগেই লিমা আক্তারের মৃত্যু হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জসিমকে তড়িঘড়ি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশের টিম। পরবর্তী দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে এবং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষদের সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে, সোমাবর (৬ জুলাই) টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে কক্সবাজারে ১০ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আটজন মারা যান।
আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন