সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২৩ পি.এম
নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে প্রতারক চক্রের সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করে কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রের মূল হোতারা উধাও হয়ে গেছেন। প্রতারক চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে, যিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিল। সেই আস্থাকে পুঁজি করে পরবর্তীতে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩০ লাখ টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি। তবে মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা ঘটনার একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার রাতে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে প্রতারক চক্রের তিন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন আসপদ্দি গ্রামের একই পরিবারের সদস্য আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা।
ঘটনা জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী কাউখালী থানায় ভিড় জমান। এ সময় প্রায় অর্ধশতাধিক নারী থানায় এসে অভিযোগ জানান এবং প্রতারিত হয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের অধিকাংশই দিনমজুর হলেও তালিকায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। থানায় অভিযোগ জানাতে আসা উপস্থিত ভুক্তভোগীদের ভাষ্যমতে, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, এই চক্রকে ধাওয়া করে ধরা হয়েছে, তবে মূল হোতা পালিয়েছে। দ্রুত মূল হোতাকে আইনের আওতায় আনার দাবি জানাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার থানায় উপস্থিত হন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দের হাতে আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে ৭ জনকে নামীয় এবং আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, সোমবার (২৩ নভেম্বর) আটক তিন আসামিকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মূল হোতা শাকিল আহমেদ ও প্রধান সহযোগী ফাহিমা-সহ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী খাবিরুন নেছাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. নুরুল আবসারের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছে।
আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পূর্বে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা জারি করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রায় ১৭ বছর আগে আসামি নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী মোছা. খবিরুন নেছার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। প্রতিবাদ জানালে তিনি হাত-পা বেঁধে মারধর করতেন।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর, খবিরুন নেছা তার স্বামীর বাসায় ফিরে আসেন। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যান। ওইদিন দুপুরে ভাড়াটিয়ারা খবিরুনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. জুব্বার ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে, ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম।
একই বছরের ৮ অক্টোবর, আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটির বিচারকালে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর নিউ মার্কেট থানার টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন। তিনি উল্লেখ করেন, আসলামকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, টিটন হত্যা মামলায় আসলামের সম্পৃক্ততার প্রমাণ পুলিশের হাতে এসেছে। শীর্ষ সন্ত্রাসীদের প্রতি নজরদারির কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় সুইডেন আসলামকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত এক মাস ধরে তার গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ প্রতিরোধে তার পাসপোর্ট ব্লক করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে লক্ষ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দেওয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতাউস সামাদ চৈতন্যপুর গ্রামের আ. রউফের সন্তান।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
স্ট্যাটাসে আতাউস সামাদ উল্লেখ করেন, দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।
তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও দাবি করেন আতাউস সামাদ।
তবে ফেসবুক স্ট্যাটাসে নিজের নামে করা ওই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই। উল্লেখ্য, দেলোয়ার হোসেন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছেন। এই আবেদনটি হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে করা হয়েছে।
অভিনেত্রী তানজিন তিশা আদালতে হাজির হননি ওই মামলায়। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনটি করা হয়।
তবে এদিন আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামী ১৪ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। যদিও বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা হাজির হননি। এই কারণে বাদী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
গ্রেফতারি পরোয়ানার আবেদনে বাদীপক্ষের যুক্তি হলো, মামলার নির্ধারিত তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এছাড়া, মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণে বাদী তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
সানায়া আনামের দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। এরপর মামলা প্রত্যাহার করতে বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে বাদীর অভিযোগ। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ