প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে প্রতারক চক্রের সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ধাওয়া করে চক্রটির তিন সহযোগীকে আটক করে কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রের মূল হোতারা উধাও হয়ে গেছেন। প্রতারক চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে, যিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তিনি অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিল। সেই আস্থাকে পুঁজি করে পরবর্তীতে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩০ লাখ টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি। তবে মূল হোতার প্রধান সহযোগী ফাহিমা ঘটনার একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার রাতে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধাওয়া করে প্রতারক চক্রের তিন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন আসপদ্দি গ্রামের একই পরিবারের সদস্য আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা।
ঘটনা জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী কাউখালী থানায় ভিড় জমান। এ সময় প্রায় অর্ধশতাধিক নারী থানায় এসে অভিযোগ জানান এবং প্রতারিত হয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের অধিকাংশই দিনমজুর হলেও তালিকায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন। থানায় অভিযোগ জানাতে আসা উপস্থিত ভুক্তভোগীদের ভাষ্যমতে, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন মালামালের জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, এই চক্রকে ধাওয়া করে ধরা হয়েছে, তবে মূল হোতা পালিয়েছে। দ্রুত মূল হোতাকে আইনের আওতায় আনার দাবি জানাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি প্রতারক চক্র সুকৌশলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার থানায় উপস্থিত হন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দের হাতে আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে ৭ জনকে নামীয় এবং আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, সোমবার (২৩ নভেম্বর) আটক তিন আসামিকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মূল হোতা শাকিল আহমেদ ও প্রধান সহযোগী ফাহিমা-সহ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন