সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৫ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬( বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন যে, বিশ্বব্যাংক উপকূলীয় অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, এই অর্থ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতি টেকসই (সাসটেইনেবল) করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপদ থেকে তাদের রক্ষা করার লক্ষ্যে ব্যয় করা হবে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রম বিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল।
এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের পর মন্ত্রী জানান, ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে একটি মডেল প্রকল্প হিসেবে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি বা দুটি বস্তিকে— যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি এলাকাকে— মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক আমাদের দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ সহায়তা দেওয়ার কারণে বিশ্বব্যাংককে বরাবরই প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে জানান, ঢাকাকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে তিনি জানান। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কথা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজ শুরু করে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দল হিসেবে আজ তারা সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন। তাদের পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর সংলাপে বসার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। আগামী সপ্তাহের শুরুতে স্বল্পমেয়াদি স্থিতিশীলতার পর আবারও মূল্যবান এই ধাতুর দাম কমে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ফেডারেল রিজার্ভের সুদের নীতির ওপর নির্ভর করবে সোনার পরবর্তী গতিপথ।
বাজার বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান লাইটফাইন্যান্সের ২০ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, নভেম্বরের বাকি সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৯২ থেকে ৪ হাজার ৩৭৩ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। মাস শেষে গড় দাম ৩ হাজার ৫৮২ ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর সোনার দাম কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। গড় দাম হতে পারে ৩ হাজার ৫৫৮ দশমিক ৬২ ডলার এবং সর্বোচ্চ দাম ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলার।
আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহজুড়েও সোনার বাজারে ওঠানামা থাকতে পারে। এ সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২৪৯ দশমিক ১৭ থেকে ৪ হাজার ৭ দশমিক ৮৩ ডলারের মধ্যে থাকতে পারে। সপ্তাহের গড় দাম ৩ হাজার ৬২৮ দশমিক ৫০ ডলার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
লাইটফাইন্যান্সের বিশ্লেষণে বলা হয়েছে, চার ঘণ্টার চার্টে সোনার দামে নিম্নমুখী প্রবণতার সংকেত পাওয়া যাচ্ছে। সেখানে ‘থ্রি ব্ল্যাক ক্রো’ নামে পরিচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যা সাধারণত দরপতনের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।
এ ছাড়া এমএসিডি সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। বাজারদরের ওপরে অবস্থান করছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস (ভিডব্লিউএপি) এবং ২০ দিনের সরল চলমান গড় (এসএমএ)। এসব সূচক বাজারে বিক্রির চাপ থাকার ইঙ্গিত দিচ্ছে।
তবে আপেক্ষিক শক্তি সূচক বা আরএসআই ১৬-তে অবস্থান করছে, যা অতিবিক্রীত পরিস্থিতি নির্দেশ করে। এ অবস্থায় স্বল্পমেয়াদে সোনার দামে সাময়িক ঊর্ধ্বমুখী সংশোধন দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থাৎ সামগ্রিক প্রবণতা নিম্নমুখী হলেও মাঝেমধ্যে দাম বাড়ার সুযোগ রয়েছে।
প্রতিবেদনে সোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সমর্থন ও প্রতিরোধমূলক মূল্যস্তরও উল্লেখ করা হয়েছে। সমর্থনমূলক স্তরগুলোর মধ্যে রয়েছে ৩ হাজার ৫১১ দশমিক ৭৯, ৩ হাজার ৪৪৮ দশমিক ৫৬ এবং ৩ হাজার ৩৮৭ দশমিক ৪৩ ডলার। অন্যদিকে প্রতিরোধমূলক স্তর হিসেবে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫, ৩ হাজার ৬৪৩ দশমিক ২৪ এবং ৩ হাজার ৭২৯ দশমিক ৮২ ডলারকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
বিশ্লেষকদের মূল পূর্বাভাস অনুযায়ী, উচ্চ লেনদেনের মধ্যে দাম ৩ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারের নিচে নেমে গেলে স্বর্ণের দর আরও কমতে পারে। বিপরীতে ৩ হাজার ৫৮০ দশমিক ৭৫ ডলারের ওপরে শক্ত অবস্থান তৈরি হলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক সপ্তাহে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য, ডলারের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ২৮ অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছিল। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানো হবে, নাকি বর্তমান অবস্থায় রাখা হবে— তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। লাইটফাইন্যান্সের প্রতিবেদনে সিএমই গ্রুপের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ডিসেম্বরে সুদের হার বাড়িয়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশ করার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বা বাড়ার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যেতে পারে। একই সঙ্গে ডলারের মূল্য এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। তবে সংঘাত বাড়লেই স্বর্ণের দাম বাড়বে— এমন নিশ্চয়তা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়তে পারে। এতে ডলার ও বন্ডের মুনাফা শক্তিশালী হয়ে স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারে দরপতনের মাত্রা সীমিত রাখতে পারে। সুকডেন ফাইন্যান্সিয়ালের তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না সেপ্টেম্বর মাসে তাদের স্বর্ণের মজুত ২৩ টন বাড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ২৩ মাস ধরে স্বর্ণ কেনার ধারাবাহিকতা বজায় রেখেছে দেশটি। স্বর্ণের দাম কমলেও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে বিনিয়োগের পরিমাণও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।
নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে। ২৩ নভেম্বর প্রকাশিত হবে উৎপাদন ও সেবা খাতের প্রাথমিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। পরদিন ২৪ নভেম্বর প্রকাশিত হবে ভোক্তা আস্থা সূচক।
২৫ নভেম্বর প্রকাশের কথা রয়েছে অক্টোবরের মূল ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচক, তৃতীয় প্রান্তিকের প্রাথমিক জিডিপি তথ্য এবং বেকারভাতার প্রাথমিক আবেদনসংক্রান্ত পরিসংখ্যান। একই সময়ে ফেডারেল রিজার্ভের বেইজ বুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এসব তথ্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের অবস্থা সম্পর্কে ধারণা দেবে। ফলে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ সুদের নীতি সম্পর্কে নতুন সংকেত পেতে পারেন। আর এসব সংকেতের ওপর নির্ভর করেই স্বর্ণের বাজারে নতুন করে কেনাবেচার প্রবণতা তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিকদের অসন্তোষের কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কর্তৃপক্ষ ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া, দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও বেশ কিছু কারখানায় তাঁরা কর্মবিরতি পালন করেন এবং কাজ করেননি। শ্রমিকদের অসন্তোষের আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হন।
এদিকে, সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি বাসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আশপাশের কয়েকটি কারখানায়ও হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চলমান আন্দোলনের কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া, নেক্সট কালেকশনসহ ২২টি কারখানা বন্ধ রয়েছে। দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন। তবে কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে থাকলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আশপাশের আরও কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তায় জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকেরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলা চালালে তাঁদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাঁদের অবস্থা ভালো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান জানিয়েছেন যে, বিশ্বব্যাংক রাজধানীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করবে।
সচিবালয়ে সোমবার (২৩ নভেম্বর) বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদানের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, যা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে কাজে লাগবে।
এদিকে, বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, ঢাকাকে আরও বসবাসযোগ্য করে তোলা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে আগ্রহী সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ