০৮:৩০ পি.এম
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশের প্রশস্তকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির জুবলি স্কুল সংলগ্ন এলাকায় আকস্মিক পরিদর্শনকালে তিনি বালির পরিবর্তে মাটিমিশ্রিত বালি ব্যবহারের বিষয়টি হাতেনাতে দেখতে পান। এমপি পরে কাজ বন্ধ করে নিম্নমানের সামগ্রী তুলে নির্ধারিত মানের বালি দিয়ে পুনরায় কাজ করার নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির একটি কর্মসূচিতে যাওয়ার পথে সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জুবলি স্কুল সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে চলমান প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি গাড়ি থামিয়ে ঘটনাস্থলে নেমে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: মোংলা বন্দরে জাহাজ আসা ৪২ শতাংশ কমেছে
এ সময় সড়কের ভিত্তি তৈরির কাজে নির্ধারিত মানের বালির পরিবর্তে মাটিমিশ্রিত বালি ব্যবহারের বিষয়টি তার নজরে আসে। সরকারি অর্থে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারকে কঠোরভাবে সতর্ক করে মাটিমিশ্রিত বালি সম্পূর্ণভাবে তুলে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত মানের বালি ব্যবহার করে কাজ করার নির্দেশনা দেন তিনি।
এ সময় সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, "জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কাজ যদি টেকসই না হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তারা কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি দাবি করেন।
আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন