০৫:২৪ পি.এম
চলমান ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে। এরপর বাংলাদেশ দলের সদস্যরা জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরটি একমাত্র একটি টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উক্ত দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
জাতীয় দলের জন্য প্রথমবার ডাক পেয়েছেন রবিউল হক। রংপুর বিভাগের এই পেসার জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের অংশ হিসেবে যোগ দেবেন। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে তাঁর অসাধারণ পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ায়। রংপুরের হয়ে শিরোপা জয়ের মৌসুমে মাত্র ৫ ম্যাচে তিনি ২২ উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের একটি ম্যাচে তিনি ৬ উইকেট নেন। ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে একুশের কম গড়েই তার শিকার ১০৭।
রবিউল নতুন হলেও তাওহীদ হৃদয় একটি পরিচিত নাম। তিনি জাতীয় দলের হয়ে ৫১টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এবার তিনি টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ছেলেটির ১৬ ম্যাচে ৯৮৩ রান আছে।
আরও পড়ুন: কালকিনিতে রান্নার পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
এছাড়াও, দলে ফিরেছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তবে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা থাকছেন না। নাহিদ রানা টেস্ট দলের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে জায়গা পেয়েছেন। তিনি এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র একটি টি-২০ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন। তিনি সম্প্রতি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
টি-২০ দল থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও সাইফউদ্দিন। তবে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। আর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি হবে ২৮ জুন।
টি-২০ স্কোয়াডে রয়েছেন: লিটন কুমার (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফ্ফার সাকলাইন।
আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু
টেস্ট স্কোয়াডে রয়েছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন