০৫:২৬ পি.এম
সরকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ বিষয়টি জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা অনুপ্রবেশ, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: ছাত্রদল রাজপথে পাহারা দিচ্ছে, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই: রাশেদ খান
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, ২০২৬–২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা, ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা এবং বসতবাড়ি বনায়নের আওতায় ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, বর্জ্য ব্যবস্থাপনায় ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়ন করা হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণের পাশাপাশি যানবাহনের দূষণ কমানোর জন্য বিআরটিএর মাধ্যমে ১০টি আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। এছাড়া, ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরের পর বাংলাদেশে সহযোগিতা বৃদ্ধি করছে টোকিও
এছাড়া, ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন ও হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন