০৮:৫৬ পি.এম
জার্মান কাপের একটি বহুল আলোচিত ডার্বি ম্যাচে ফুটবলের উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে। ভালসহফ ম্যানহাইম এবং কাইজারস্লাউটার্নের ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩৫ জন নিরাপত্তাকর্মীসহ মোট ৮৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি আগেই উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দু'টি শহরের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার হওয়ায় দীর্ঘদিনের বৈরিতার ফলে দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা ছিল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানায়, কাইজারস্লাউটার্নের সমর্থকেরা মূল স্ট্যান্ডের দিকে ফ্লেয়ার ছুড়লে ম্যানহাইমের সমর্থকেরা উত্তেজিত হয়ে মাঠে ঢুকে পড়েন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার ৪০০ দাঙ্গা পুলিশ মাঠে নামানো হয়। তারা সমর্থকদের গ্যালারিতে ফেরত পাঠানোর চেষ্টা করে। সংঘর্ষের কারণে ম্যাচ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর খেলা পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১২০তম মিনিটে গোল করে কাইজারস্লাউটার্ন জয় নিশ্চিত করে।
ম্যানহাইম পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় ফেডারেল পুলিশের ৩৩ জন এবং রাজ্য পুলিশের দুজন সদস্য সামান্য আহত হয়েছেন। সব মিলিয়ে ৮৫ জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত আটজনকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। পুলিশের ওপর হামলা, স্টেডিয়ামের সম্পদ ক্ষতিগ্রস্ত করা, জনশৃঙ্খলা ভঙ্গ এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
আরও পড়ুন: এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
সূত্র: গোল ডটকম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন