ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৬ পি.এম
ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ত্রিশাল শাখা।
সংস্থাটির উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এবং চোখের চশমা বিতরণ করা হয়েছে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এই মহতী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা
অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খ্যাতনামা একদল চিকিৎসক। দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আনিসুর রহমান,ডা. মারিয়া তাসনিম,
ডা. শাকিলা জামান,ডা. মোঃ মনিরুজ্জামান,
ডা. মোঃ হোসেন আহমদ,ডা. রুহুল আমিন
ডা. আব্দুল্লাহ আল মামুন,ডা. বিপুল চন্দ্র দাস
মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ এই চিকিৎসকরা রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ দেন।
পিএমকে কর্তৃপক্ষের উপস্থিতি ও দিকনির্দেশনাঅনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম।
দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা
এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ নবাব আলী জানান, পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। কৃতজ্ঞতা প্রকাশ সেবাগ্রহীতাদের বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ওষুধ এবং চশমা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার অসহায় মানুষ। চিকিৎসা সেবা গ্রহণকারীরা পিএমকে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ফেনী শহরের ‘ফাইভ স্টার রেস্তোরাঁ’কে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে রেস্তোরাঁটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার দৃশ্য দেখতে পান মোবাইল কোর্টের টিম। এ ছাড়া বাসি-পচা খাবার সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ন্যূনতম মানদণ্ড বজায় না রাখার সত্যতা মেলে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের গুণগত মান ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।" একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত রান্নাঘরের পরিবেশ উন্নত ও স্বাস্থ্যসম্মত করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
জনস্বার্থ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুলশান থানার পুলিশ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্তও চলছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয়। এই মামলায় তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।
এছাড়া, সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো জানেন, গোল না করেও কিভাবে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যায়। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় হাতের ইশারা দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা। তাঁর সেই অঙ্গভঙ্গির অর্থ কী, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—এটি কি ক্যারিয়ারের ১০০০ গোলের লক্ষ্যের ইঙ্গিত?
গত ১৬ নভেম্বর, ৪১ বছর বয়সী রোনালদো নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সাদা পোলো শার্ট পরা অবস্থায় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুত একটি সংকেত তৈরি করেন আঙুল দিয়ে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার কি বুঝতে পেরেছ?’ সঙ্গে ছিল হাসির ইমোজি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, রোনালদোর আঙুলের ভঙ্গিটি ইংরেজি বর্ণমালা ‘এম’-এর মতো। রোমান সংখ্যায় ‘এম’ দিয়ে ১০০০ বোঝানো হয়। আবার পর্তুগিজ ভাষায় এক হাজারকে বলা হয় ‘মিল’ (Mil)। তাই অনেকেই মনে করছেন, তিনি নিজের ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যকেই ইঙ্গিত করছেন।
এই ধারণার পেছনে রয়েছে রোনালদোর সাম্প্রতিক গোলের হিসাবও। গত ২৯ অক্টোবর আল খালুদের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে।
তবে এই ইশারা নতুন নয়। এর আগে আল নাসরের হয়ে গোল উদ্যাপনের সময়ও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাঁকে। গত ২১ অক্টোবর আল নাসরের একটি ম্যাচের পরও এই ইশারা নিয়ে আলোচনা হয়েছিল। এবার রোনালদোর ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর রহস্য আরও বেড়েছে।
আল নাসরও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রহস্যকে উসকে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘এখনো বুঝতে পারোনি?’ তবে রোনালদো কিংবা ক্লাব—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই অঙ্গভঙ্গির অর্থ প্রকাশ করেনি। ফলে ১০০০ গোলের তত্ত্বটি এখনো ভক্তদের অনুমান হিসেবেই রয়ে গেছে।
রোনালদোর সামনে এখন লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক। ৯৮৫ গোল নিয়ে তিনি সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন। রহস্যময় ইশারাটি সত্যিই সেই স্বপ্নের বার্তা কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে রোনালদোর নিজের ব্যাখ্যার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া এলাকায় সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি ঢুকে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজের সময় হঠাৎ সাতটি হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। বিষয়টি জানার পর থাইংখালী বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মী এবং ইআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা হাতির পালটির গতিবিধি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং লোকালয়ের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পাশাপাশি হাতিগুলোকে বনের দিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতির পালটি পুনরায় বনে ফিরে যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বন সৃজন ও বনায়ন কার্যক্রমের ফলে বন্যপ্রাণীর বিচরণ বৃদ্ধি পেয়েছে। ফলে লোকালয়ের কাছাকাছি হাতির আনাগোনাও বেড়ে যাচ্ছে। এতে যেকোনো সময় মানুষ ও হাতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় চলাচলকারী মানুষ, কৃষক এবং বনসংলগ্ন বসতবাড়ির বাসিন্দারা ঝুঁকিতে রয়েছেন বলে জানান তাঁরা।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং খাদ্য ও পানির সন্ধানে বনের বাইরে চলে আসার মতো কারণে মানুষ ও হাতির সংঘাত বৃদ্ধি পেতে পারে। হাতির চলাচলের পথ সংরক্ষণ, বনভূমি দখল ও অবক্ষয় রোধ এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে এ ধরনের সংঘাত কমানো সম্ভব।
এ অবস্থায় হাতির চলাচলের করিডর ও প্রাকৃতিক আবাসস্থল নিরাপদ রাখা এবং লোকালয়ে হাতি প্রবেশ করলে আতঙ্কিত হয়ে কাছে না যাওয়া, ঢিল ছোড়া বা তাড়া না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে তাঁদের প্রত্যাশা—বনের জায়গা বনে থাকুক, নিরাপদ থাকুক মানুষও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ