প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়া এলাকায় সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি ঢুকে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজের সময় হঠাৎ সাতটি হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। বিষয়টি জানার পর থাইংখালী বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মী এবং ইআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা হাতির পালটির গতিবিধি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং লোকালয়ের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পাশাপাশি হাতিগুলোকে বনের দিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতির পালটি পুনরায় বনে ফিরে যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বন সৃজন ও বনায়ন কার্যক্রমের ফলে বন্যপ্রাণীর বিচরণ বৃদ্ধি পেয়েছে। ফলে লোকালয়ের কাছাকাছি হাতির আনাগোনাও বেড়ে যাচ্ছে। এতে যেকোনো সময় মানুষ ও হাতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় চলাচলকারী মানুষ, কৃষক এবং বনসংলগ্ন বসতবাড়ির বাসিন্দারা ঝুঁকিতে রয়েছেন বলে জানান তাঁরা।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং খাদ্য ও পানির সন্ধানে বনের বাইরে চলে আসার মতো কারণে মানুষ ও হাতির সংঘাত বৃদ্ধি পেতে পারে। হাতির চলাচলের পথ সংরক্ষণ, বনভূমি দখল ও অবক্ষয় রোধ এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে এ ধরনের সংঘাত কমানো সম্ভব।
এ অবস্থায় হাতির চলাচলের করিডর ও প্রাকৃতিক আবাসস্থল নিরাপদ রাখা এবং লোকালয়ে হাতি প্রবেশ করলে আতঙ্কিত হয়ে কাছে না যাওয়া, ঢিল ছোড়া বা তাড়া না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে তাঁদের প্রত্যাশা—বনের জায়গা বনে থাকুক, নিরাপদ থাকুক মানুষও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন