০৯:৩৩ পি.এম
ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকয়েল রেলওয়ে ইয়ার্ডে একটি অব্যবহৃত ট্রেনের কোচের ভেতর ৫৪ বছর বয়সী এক নারীর ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে রেলওয়ে পুলিশ একটি সোনার আংটির সূত্র ব্যবহার করে। পরে সিসিটিভির সাহায্যে অভিযুক্ত জে. আইয়াপ্পানকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ নভেম্বর মধ্যরাতে রেলওয়ে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি কোচের ভেতরে এই নৃশংস ঘটনা ঘটে। ১৮ নভেম্বর সকালে অন্য একটি ট্রেনে যুক্ত করার আগে কোচটি পরিষ্কার করার সময় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করার জন্য তাৎক্ষণিক কোনো প্রমাণ না থাকার কারণে রেলওয়ে পুলিশ সাপের নকশা করা একটি সোনার আংটির ওপর নির্ভর করে।
রেলওয়ে পুলিশ সুপার আদর্শ পাচেরা জানান, আংটিতে থাকা হলমার্কের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন এটি গুজরাটে তৈরি। সেখানকার বিক্রেতা নিশ্চিত করেন যে আংটিটি ছত্তিশগড়ের রায়পুরের এক খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করা হয়েছিল। এই সূত্র ধরে পুলিশ গয়না কেনার সময় ওই নারীর দেওয়া প্যান কার্ডের তথ্য এবং মধ্যপ্রদেশের ঠিকানা উদ্ধার করতে সক্ষম হয়। এর মাধ্যমে পুলিশ তার পরিবারের সন্ধান পায়। জানা গেছে, ওই নারী গত তিন মাস ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী ও সন্তানরা বর্তমানে কন্যাকুমারীর উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন: চাঁদের মাটিতে আলু ফলিয়ে মহাকাশে খাদ্য জোগানোর নতুন আশা
ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা একটি বড় সাফল্য ছিল। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উন্মোচন করে, তদন্ত শুরুর মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা প্রাথমিকভাবে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন। রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ অপরাধীকে খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটেজে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে একটি কোচ থেকে বের হয়ে আসতে দেখা যায়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। শুক্রবার অভিযুক্ত জে আইয়াপ্পানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার চেনবাগারমনপুথুর এলাকার ৩১ বছর বয়সী জে আইয়াপ্পান গত চার মাস ধরে ভবঘুরে অবস্থায় রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, আইয়াপ্পানের সাথে এর আগেও কয়েকবার ওই নারীর দেখা হয়েছিল।
তদন্তকারীরা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে অব্যবহৃত কামরায় নিয়ে যান এবং বলপ্রয়োগ করে ধর্ষণের পর তাকে হত্যা করেন। পুলিশ অভিযুক্তের পরা একটি রক্তমাখা শার্টও উদ্ধার করেছে, যা তিনি একটি নর্দমায় ফেলে দিয়েছিলেন।
তামিলনাড়ু রেলওয়ে পুলিশের মহাপরিচালক কে ভান্নিয়া পেরুমল এই তদন্তের, বিশেষ করে রেলওয়ে পুলিশ সুপারের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের এসপি আদর্শ পাচেরা নাগেরকয়েলে অবস্থান করে চমৎকার তদন্ত করেছেন। মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
আরও পড়ুন: ইরান দাবি করেছে, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা
মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ এবং যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করতে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় তার পাঁজরের হাড় ভাঙার চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীরা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধর্ষণের পর কোনো অস্ত্র ব্যবহার না করেই হাত দিয়ে আঘাত করে এবং বুকে লাথি মেরে হত্যা করার কথা স্বীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন