০৫:৪৮ পি.এম
দেশের অভিনয় অঙ্গনে তিন কিংবদন্তি শিল্পী, দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একত্রে আসতে চলেছেন। এবার তারা এক ফ্রেমে ধরা পড়বেন।
‘দাদি ভয়ংকর’ নামের নাটকে এই তিনজন একসঙ্গে অভিনয় করেছেন।
এই নাটকটিকে রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। নাটকের গল্প প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে। নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন রয়েছে, তেমনি খারাপ দিকগুলিও আছে। আমরা চাইলে ভালো দিকটি ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটিও ব্যবহার করা সম্ভব। নাটকটিতে ভালো ও খারাপ, দুই দিকই দেখানো হয়েছে। তবে গল্পে ভালো দিকের প্রতি উৎসাহ দেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত মন্তব্য করেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে একত্রে নিয়ে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটি করতে সক্ষম হয়েছেন।’
দিলারা জামান বলেন, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দতা দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই প্রসঙ্গে মূলত নাটকের মধ্য দিয়ে আমরা সবাইকে সাবধান করে দেয়ার চেষ্টা করেছি। একই নাটকে একসঙ্গে অভিনয় করে খুব ভালো লেগেছে। আমার মনে পড়ছে বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা।”
ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসাথে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালো লাগার বিষয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
আরও পড়ুন: জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা
এই নাটকে তিন কিংবদন্তির সঙ্গে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন